রাজধানীতে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা ও যানজট দূর করা দীর্ঘ দিনের দাবি। এ জন্য ফুটপাত দখলমুক্ত করা নিঃসন্দেহে জরুরি। পথচারীদের চলাচলের জায়গা দখল করে দোকান বসানো, সড়কের ওপর পণ্য সাজিয়ে রাখা কিংবা বাসস্ট্যান্ড ও মোড়ের আশপাশে অনিয়ন্ত্রিত বেচাকেনা নগর ব্যবস্থাপনায় বড় সমস্যা তৈরি করে। কিন্তু হকার উচ্ছেদ করলেই তাদের চলাচল নিশ্চিত হবে ঢাকার যানজটের সমাধান হবে—এমন ধারণা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মিরপুর-১০-এর বুধবারের ঘটনা আবারও দেখিয়ে দিল, সমস্যাটিকে শুধু ‘দখলদার উচ্ছেদ’ হিসেবে দেখলে এর সামাজিক ও অর্থনৈতিক জটিলতা উপেক্ষিত থেকে যায়। দফায় দফায় সংঘর্ষ সংকট বাড়ায় মাত্র।

পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ দিন মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে হকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। অভিযানের সময় আগুনের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুরের ঘটনা ঘটে। সংবাদকর্মীরাও হামলা শিকার হয়েছেন। এসব অবশ্যই নিন্দনীয় এবং আইন ভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু একই সঙ্গে প্রশ্ন হলো—উচ্ছেদ অভিযানের পরদিনই কি সমস্যাটির স্থায়ী সমাধান হয়ে যাবে? অভিজ্ঞতা বলছে, হবে না। হকারি কেবল অবৈধ দখলের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বিপুলসংখ্যক মানুষের জীবিকা।

বাংলাদেশে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ব্যাপ্তি কতটা বড়, তার একটি ধারণা পাওয়া যায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য থেকে। শ্রমশক্তি জরিপ ২০২২-এর উদ্ধৃতি দিয়ে আইএলও জানিয়েছে, দেশের মোট কর্মজীবী মানুষের প্রায় ৮৪ দশমিক ৯ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করেন—সংখ্যায় প্রায় ৬ কোটি। হকাররা এই বৃহৎ অনানুষ্ঠানিক অর্থনীতিরই একটি অংশ। একজন হকারের কাছে ফুটপাতের কয়েক বর্গফুট জায়গা হয়তো নগর পরিকল্পনার দৃষ্টিতে ‘দখল করা স্থান’; কিন্তু তার কাছে সেটিই পরিবারের খাবার, বাড়িভাড়া, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচ জোগানোর অবলম্বন। মিরপুর অঞ্চলের হকার ব্যবস্থাপনা নিয়েও সাম্প্রতিক এক প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। ডিএনসিসির তথ্য অনুযায়ী, মিরপুর অঞ্চলে প্রায় ৮৫০ জন হকার রয়েছেন; মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকায় ইতোমধ্যে কয়েকজনকে হকার কার্ড দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু নিয়ম না মানার অভিযোগে সেই কার্যক্রম থেমে যায়। অর্থাৎ সমস্যার একটি প্রশাসনিক কাঠামো তৈরির চেষ্টা হয়েছে, কিন্তু তা কার্যকর ও টেকসই ব্যবস্থাপনায় রূপ নেয়নি। এ জন্য সমন্বিত ও টেকসই সমাধানের আহ্বান জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।

সুতরাং হকার ব্যবস্থাপনায় প্রয়োজন কেবল উচ্ছেদ নয়, শৃঙ্খলিত পুনর্বিন্যাস। যেসব ফুটপাত পথচারীদের চলাচলের জন্য অপরিহার্য, সেগুলো অবশ্যই সম্পূর্ণ দখলমুক্ত রাখতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে হকারদের জন্য ‘হকার জোন’ করা যেতে পারে। প্রয়োজনে সন্ধ্যার পর বা নির্দিষ্ট সময়ভিত্তিক বাজার ব্যবস্থাও চালু করা যেতে পারে। তবে এসব সিদ্ধান্ত নিতে হবে হকারদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে।

এ ক্ষেত্রে সিটি করপোরেশন, পুলিশ, ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক-শ্রমিক, স্থানীয় ব্যবসায়ী এবং হকার প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থায়ী ব্যবস্থাপনা কাঠামো প্রয়োজন। শুধু অভিযান পরিচালনা করে সমস্যার সমাধান হবে না। উচ্ছেদের পর জায়গাটি আবার দখল হচ্ছে কি না, অবৈধ পার্কিং বন্ধ হয়েছে কি না, পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেন কি না—এসব নিয়মিত নজরদারি করতে হবে। হকারদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে তাঁদের অনানুষ্ঠানিক শ্রমজীবী মানুষ হিসেবে দেখতে হবে। একই সঙ্গে তাঁদেরও বুঝতে হবে, নাগরিকের হাঁটার অধিকার, সড়কে নিরাপদ চলাচল এবং নগরশৃঙ্খলা নষ্ট করার অধিকার কারও নেই। গাড়িতে আগুন, ভাঙচুর, হামলা কিংবা সাংবাদিকদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা মনে করি মিরপুরের ঘটনাকে উচ্ছেদ অভিযান হিসেবে না দেখে ঢাকার নগর ব্যবস্থাপনার দীর্ঘদিনের সংকট হিসেবে দেখা প্রয়োজন। মানুষের চলাচলের অধিকার যেমন রক্ষা করতে হবে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও উপেক্ষা করা যাবে না। এ জন্য প্রয়োজন একটি সমন্বিত ব্যবস্থা।