দেশে সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের নজিরবিহীন ঘটনা এবং অগ্নিদগ্ধ করিয়া জীবন্ত মানুষ হত্যার যেই ভয়ংকর প্রবণতা চালু হইয়াছে, একদিকে উহা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়; অন্যদিকে দেশের সামগ্রিক ভবিষ্যৎকেই শঙ্কার মধ্যে ফেলিয়া দেয়।
আমরা দেখিয়াছি, বৃহস্পতিবার রাত্রে রীতিমতো আয়োজন করিয়া রাজধানীতে দুইটি সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সহিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ভস্মীভূত করা হয় তোপখানা রোডস্থ আরেক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচীর কার্যালয়। অন্যদিকে, সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত্রেই ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক পোশাক কারখানায় কর্মরত ও ধর্মীয় পরিচয়ে হিন্দু শ্রমিককে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলিয়া পিটাইয়া ও পোড়াইয়া হত্যা করা হয়। শুক্রবার গভীর রাত্রে বাহির হইতে তালাবদ্ধ করিয়া লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে আগুন দিয়া শিশুকন্যাসহ দুইজনকে হত্যা করা হয়। প্রায় একই সময়ে একই নৃশংস প্রক্রিয়ায় চট্টগ্রামের রাউজানে তিন হিন্দু পরিবারকে পোড়াইয়া হত্যার চেষ্টা হয়।
ঘটনাগুলি পৃথক হইলেও এইগুলির উদ্দেশ্য যে রাষ্ট্র ও সমাজকে পশ্চাৎমুখী ও অস্থির করিয়া তোলা– সেই বিষয়ে সন্দেহের অবকাশ সামান্য। আসন্ন নির্বাচনকে বানচাল করিয়া রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করাও এই সকল গুরুতর অপরাধের উদ্দেশ্য বলিয়া মনে করা যায়। এইদিক হইতে এই ঘটনাগুলি সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতির সহিত সম্পর্কিত। বলা বাহুল্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর হইতে খুন, অপহরণ, চুরি, ডাকাতিসহ বিবিধ অপরাধ নিয়ন্ত্রণে যদ্রূপ ব্যর্থ হইয়াছে, তদ্রূপ বিশেষত ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ এবং স্বাধীন মতপ্রকাশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী মব সহিংসতা বন্ধেও প্রতিশ্রুত উদ্যোগ গ্রহণ করে নাই। এই কথা বলাই যায়, বৃহস্পতিবার রাতের ঘটনাবলি যদি সরকার শক্ত হস্তে প্রতিরোধ করিত, তাহা হইলে শুক্রবারের নাশকতাসমূহ ঘটাইতে দুর্বৃত্তরা হয়তো সাহস পাইত না।
অবশ্য, এই সকল বর্বরোচিত কর্মকাণ্ডের উৎস আরও গভীরে বলিয়া আমরা মনে করি। দেশে দীর্ঘদিন যাবৎ যেইভাবে উগ্রবাদী চিন্তা ও চর্চা চলিয়াছে এবং সকল সময়েই ক্ষমতাসীন সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই সকল উগ্রবাদকে প্রশ্রয় দিয়াছে, তাহাতে ভিন্ন ফল আশা করা যায় না। অস্বীকারের অবকাশ নাই, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এই দেশে দীর্ঘদিন যাবৎ বহুবিধ নির্যাতনের শিকার। কিন্তু কোনো সরকারই এই ক্ষেত্রে প্রতিরোধ তো দূরস্থান, প্রতিকারমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ফলে সংখ্যাগুরুবাদী মানুষদের দৌরাত্ম্য এখানে ক্রমবর্ধমান, যাহা কোনো কোনো মহল তাহাদের দুরভিসন্ধি কার্যকর করিবার হাতিয়াররূপে ব্যবহার করিয়াছে।
অনেকেরই আশা ছিল, গত বৎসরের গণঅভ্যুত্থানের পর এই সকল ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজ ঘুরিয়া দাঁড়াইবে; অন্তর্বর্তী সরকার ইহাতে নেতৃত্ব দিবে। বাস্তবে উল্টাটাই ঘটিয়াছে বলিয়া মনে হইতেছে। গত বৎসরের ৫ আগস্টের পর হইতে অদ্যাবধি যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটিয়াছে; দরগা-মাজার ইত্যাদি স্থাপনায় হামলা-ভাঙচুর হইয়াছে, সেইগুলির কোনোটারই বিচার এমনকি স্বচ্ছ তদন্ত অবধি হয় নাই। ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের যত মানুষকে হত্যা কিংবা গৃহছাড়া কিংবা কারাভ্যন্তরে নিক্ষেপ করা হইয়াছে, তাহার একটারও সুরাহা হয় নাই। এই প্রেক্ষাপটে মতপ্রকাশের অধিকারসহ সর্বজনীন মানবাধিকারগুলি লঙ্ঘিত হইতেছে এবং উগ্রবাদের প্রসার ঘটিয়াছে।
আমরা মনে করি, এহেন অরাজক পরিস্থিতি আর চলিতে দেওয়া যায় না। সরকারকে ইহার রাশ টানিয়া ধরিতেই হইবে। সেই ক্ষেত্রে উল্লিখিত সকল বর্বর ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনিতে হইবে। সচেতন মানুষদেরও এই বিষয়ে সোচ্চার থাকা জরুরি বলিয়া আমরা মনে করি।
