আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পূর্ববর্তী ২৩ বৎসরের প্রায়-ঔপনিবেশিক শাসন-শোষণবিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ সূচিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র জনযুদ্ধ। ঘোষিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা। ৯ মাসের মরণপণ যুদ্ধ শেষে, ৩০ লক্ষ মানুষের প্রাণ এবং অসংখ্য নারীর অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে একই বৎসরের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজিকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল বীর শহীদ, সম্ভ্রম হারানো মাতা-ভগ্নি, স্বজনহারা পরিবারদিগকে। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমসহ রণাঙ্গনের সেক্টর কমান্ডারগণ ও সামরিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠকবৃন্দকে; যাহারা সম্মিলিতভাবে ‘জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য’ করিয়া অসম যুদ্ধে বিজয় ছিনাইয়া আনিয়াছিলেন। আমরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই বাংলাদেশের সর্বস্তরের মানুষকে।
দুঃখজনক হইলেও সত্য, একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যেই স্বপ্ন লইয়া সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়িয়াছিল, তাহা অদ্যাবধি বহুলাংশেই অপূর্ণ রহিয়াছে। আমাদের সংবিধানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, সুবিচার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সকল প্রকার মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণের কথা বলা হইলেও বাস্তবতা অনেকাংশেই ভিন্ন। এই ক্ষেত্রে দীর্ঘ সময় পরিচালিত প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সামরিক শাসন, অনির্বাচিত সরকারের অবিমৃষ্যকারিতা দায়ী হইলেও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাও সামান্য নহে। নিঃসন্দেহে গত ৫৫ বৎসরে জনগণের বৃহত্তর অংশ দারিদ্র্যের অভিশাপ হইতে মুক্তি পাইয়াছে। অর্থনৈতিক ও বিভিন্ন মানব উন্নয়ন সূচকেও বেশ অগ্রগতি সাধিত হইয়াছে। কিন্তু ইহাও স্বীকার্য, বিশেষত গণতন্ত্র এবং বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ প্রশ্নে অগ্রগতি উল্লেখযোগ্য নহে। বরং স্বাধীনতার পর হইতে যেই সকল রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইয়াছে, তাহারা সকলেই এই সকল ক্ষেত্রে জনগণের নিকট প্রদত্ত অঙ্গীকার বিস্মৃত হইয়া কার্যত দলতন্ত্র ও আত্মীয়তন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগ দিয়াছে। এমনকি তাহাদের মধ্যে কেহ জনগণের ভোটাধিকার হরণ করিয়া ক্ষমতা প্রলম্বিত করিয়াছে; কেহ অনুরূপ প্রয়াস চালাইয়াছে। এই কারণে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশেও বিগত সময়ে ভোটাধিকার ও অন্যান্য রাজনৈতিক অধিকার চাহিয়া জনগণকে বারংবার রাজপথে রক্ত ঝরাইতে হইয়াছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছিল এই ধারায় সর্বশেষ গণঅভ্যুত্থান।
অধিকতর হতাশাজনক হইল, গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়া যেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসিয়াছিল, তাহারাও প্রায় সর্বাংশে লক্ষ্যচ্যুত হয়। তাহাদের অপরিণামদর্শিতায় একদিকে দেশের চিরাচরিত রাজনৈতিক বিভাজন গভীরতর হইয়াছে, অন্যদিকে অভূতপূর্ব মব সন্ত্রাসের কারণে স্বাধীন বাংলাদেশে নাগরিক স্বাধীনতাও বিপন্ন হইয়া পড়িয়াছিল। ঐ পরিস্থিতি হইতে মুক্তির আকাঙ্ক্ষাতেই দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি উঠে। নির্বাচনটি সর্বাংশে অন্তর্ভুক্তিমূলক না হইলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার তাগিদেই উহা দেশ-বিদেশে মোটাদাগে গ্রহণযোগ্যতা পাইয়াছে।
স্মরণে রাখিতে হইবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জাতীয় আকাঙ্ক্ষা প্রতিফলিত সেই নির্বাচনেরই ফল বর্তমান সরকার। তাই স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব তাহাদেরই লইতে হইবে। আমরা জানি, অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জের সহিত রাশিয়া-ইউক্রেন ও ইরান যুদ্ধ, তৎসহিত বিবিধ আন্তর্জাতিক বৈরী পরিস্থিতির কারণে সরকার এই মুহূর্তে কঠিন পরিস্থিতি মোকাবিলা করিতেছে। এতৎসত্ত্বেও সকল গণতান্ত্রিক দলের সমন্বয়ে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়িয়া তোলার কথা বিস্মৃত হওয়া যাইবে না। তজ্জন্য সংবিধানে বর্ণিত প্রত্যেক নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণের বিকল্প নাই, যথায় ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাইয়া আমরা সেই পুরাতন কথাই নূতন করিয়া স্মরণ করাইয়া দিতে চাহি।
