রবিবার সমাপ্ত হইয়াছে এই বৎসরের অমর একুশে গ্রন্থমেলা। রেওয়াজ মানিয়া ফেব্রুয়ারির প্রথম দিবসের পরিবর্তে শেষ সপ্তাহে সূচিত এইবারের মেলা লইয়া হট্টগোল যদ্রূপ অনেকের মনোপীড়ার কারণ হইয়াছিল, উহার সমাপনীও তদ্রূপ বিষণ্নতাবহুল। রবিবারই সমকালে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশক ঐক্যের সংবাদ সম্মেলনকে উদ্ধৃত করিয়া ৮০ শতাংশ বিক্রয় হ্রাসের খবর দেওয়া হইয়াছে। আরও তিনজন স্বনামধন্য প্রকাশকের সহিত যোগাযোগ করিয়া সমকালের সম্পাদকীয় বিভাগ অবগত, অধিকাংশেরই বিক্রয় গত বৎসরের তুলনায় অন্তত ৬০ শতাংশ হ্রাস পাইয়াছে। সমাপনীর দুই দিবস পূর্বের বৃষ্টি অনেক গ্রন্থ ভিজাইয়া আর্থসামাজিক সেই বিষণ্নতায় প্রাকৃতিক আর্দ্রতা যুক্ত করিয়াছে মাত্র।
সৃজনশীল পুস্তক প্রকাশকগণ প্রকাশনা শিল্প টিকাইয়া রাখিতে যেই সকল প্রস্তাবনা আনিয়াছেন; সরকারি অনুদানের প্রত্যাশা উহার অন্যতম। স্বীকার্য, উন্নত দেশসমূহ প্রকাশনা শিল্পকে টিকাইয়া রাখিতে সচেষ্ট। নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য প্রভৃতি দেশে উত্তম গ্রন্থ পাঠকের নিকট পৌঁছাইয়া দিতে কয়েক শত গ্রন্থও পাঠাগারের জন্য ক্রয় করিয়া থাকে। সাহিত্য প্রকল্প বাস্তবায়নে অনুদান ও ভর্তুকির ন্যায় উদ্যোগ তো রহিয়াছেই। বলা বাহুল্য, এইরূপ অনুদানের অর্থ আসিয়া থাকে জনগণের কর হইতে। আমাদিগের প্রকাশকদের নিকট জিজ্ঞাসা রহিয়া যায়, সেইরূপ বিষয়ে গুরুত্বপূর্ণ, তথ্যসমৃদ্ধ, প্রকাশে নির্ভুল সম্পাদিত এবং মানুষের হিতে প্রয়োজনীয় গ্রন্থ কি বাংলাদেশে প্রকাশিত হয়? প্রশ্নটি আরও প্রণিধানযোগ্য হইয়া উঠে সম্প্রতি সৃজনশীল গ্রন্থ লইয়া দুর্নীতির সূত্র ধরিয়া স্ত্রীর জন্মদিনে জনৈক আমলার ‘কাব্যগ্রন্থ’ সরকারিভাবে ক্রয়ের খবরে। যেই প্রকাশক এইরূপ গ্রন্থ প্রকাশের জন্যও অনুদান চাহিবেন, তাহাদের দাবি কি সমর্থনযোগ্য?
প্রসঙ্গত, প্রতি বৎসর মেলায় তিন সহস্রাধিক নূতন গ্রন্থ প্রকাশ হইয়া থাকে। অথচ মেলা সমাপ্ত হইলে বিদগ্ধ পাঠকগণ অঙ্গুলি গুনিয়া ৩০ খানা গ্রন্থের নামও বলিতে পারেন না। তাহা হইলে কাহারা কোন ‘রচনা’ করিয়া থাকেন শত সহস্র গ্রন্থে? সেই সকল গ্রন্থ পাঠক অর্থ ব্যয় করিয়া ক্রয় করিতে যাইবে কোন দুঃখে? যেই সকল প্রকাশনী মানসম্মত গ্রন্থ প্রকাশ করিয়া থাকেন, তাহারা নিশ্চয়ই সাধুবাদ প্রাপ্য। বস্তুত তাহারাই টিকাইয়া রাখিয়াছেন পাঠকের পাঠাভ্যাস এবং প্রকাশনা শিল্প। সংকট হইল, মানসম্মত গ্রন্থ নির্বাচন করিবার প্রয়াসে কাহারও এককভাবে ভূমিকা রাখিবার অবকাশ নাই। বাংলাদেশের ন্যায় তৃতীয় বিশ্বে অন্য অনেক কিছুর অনুরূপ প্রকাশনা শিল্পও রাজনৈতিক প্রভাবের বাহিরে যাইতে পারে না। সকল কিছু মিলাইয়াই মানসম্মত, কল্যাণকর, তথ্যনির্ভর, নির্ভুল গ্রন্থ প্রকাশকগণ ক্ষতির মুখে পড়িলে তাহাদের অনুদান দিয়া হইলেও টিকাইয়া রাখা কর্তব্য।
দেশের সৃজনশীল জ্ঞানচর্চা লইয়া গত কয়েক বৎসর হইতেই শঙ্কা জাগিতেছে ‘লিটল ম্যাগ’ চত্বরের দৃশ্যে। এইবারের মেলায় তাহা ষোলকলায় পূর্ণ। একদা অমর একুশে গ্রন্থমেলার এই চত্বরে কবি-লেখক-প্রকাশকদের জমজমাট আড্ডা বসিত। কয়েক বৎসর যাবৎ উহা জৌলুস হারাইয়া কার্যত ধুঁকিতেছে। এই আশঙ্কা অমূলক হইতে পারে না যে, ক্ষুদ্র পরিসরের কারণে লিটল ম্যাগ চত্বরের পরিস্থিতি যতখানি প্রতিভাত, মেলার অবশিষ্টাংশের ততখানি নহে; বাস্তবে সকল পরিসর ও প্রান্তই কার্যত ধুঁকিতেছে।
আমাদিগের প্রাণের গ্রন্থমেলাখানি পূর্বরূপে প্রত্যাবর্তন করুক– ইহাই কাম্য, বলা বাহুল্য নহে। কিন্তু কেবল হাহাকারে উহা সম্ভবপর হইবে না; রাষ্ট্রীয় সহায়তাও প্রয়োজন। সেই লক্ষ্যে সৃজনশীল প্রকাশনায় পেশা ও গুণগত দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ লইতে পারে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগারগুলি পুনরায় সচল হউক। সুষ্ঠু ব্যবস্থাপনা, সমন্বিত উদ্যোগ এবং পরিকল্পিত বিপণন ব্যবস্থার চিন্তা তৈয়ার হউক। একইরূপে প্রকাশকদিগেরও বই প্রকাশের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচক হইতে আহ্বান জানাই আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁহার ‘কড়ি ও কোমল’ কাব্যগ্রন্থে বঙ্গ কবিগণকে জাগিয়া উঠিয়া মুমূর্ষু মাতৃভাষাকে প্রাণ দিবার আহ্বান জানাইয়াছিলেন। অমর একুশে গ্রন্থমেলা প্রশ্নে আমরা কেবল কবি নহেন; লেখক, পাঠক, প্রকাশক, রাষ্ট্রীয় নীতিনির্ধারক– সকলকেই জাগিয়া উঠিয়া মুমূর্ষু গ্রন্থমেলাকে প্রাণ দিবার আকুতি জানাই।
