দেশে নারী ও শিশু ধর্ষণের নৃশংস ঘটনা ক্রমঘটমান। এহেন বর্বরতার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ মহলের শূন্য সহিষ্ণুতা প্রদর্শনের বারংবার প্রতিশ্রুতি সত্ত্বেও ভয়ংকর এই নারী ও শিশু নির্যাতন বন্ধ হইতেছে না। সর্বশেষ দুই ঘটনায় ইহার শিকার হইয়াছেন ফরিদপুরের এক কিশোরী এবং পাবনার জনৈক গৃহবধূ। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত্রে ফরিদপুরের ভাসানচরে অভিভাবকের অনুপস্থিতিতে ছোট ভাইবোনদের দেখাশোনা করিতেছিল এক কিশোরী। স্বজন ও প্রতিবেশীদের বাধা উপেক্ষা করিয়া জানালা ভাঙিয়া অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীকে ঘর হইতে টানিয়া বাহির করে এক দল দুর্বৃত্ত। সেই রাত্রেই মোটরসাইকেলে করিয়া কিশোরীকে অন্যত্র লইয়া গিয়া ধর্ষণ করা হয়।

একই প্রতিবেদন অনুসারে, সোমবার পাবনার এক এলাকায় তাঁহার মা ও শিশুসন্তানকে পৃথক কক্ষে আটকাইয়া গৃহবধূকে ধর্ষণ করা হয়। ঘটনা দুইটি কেবল ধর্ষণের নহে; বরং রাষ্ট্রের আইনশৃঙ্খলার অবনতি; নারী-শিশুর সামাজিক নিরাপত্তাহীনতা এবং স্থানীয় প্রতিরোধ ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হইয়া উঠিয়াছে। উল্লেখ্য, একই দিনে সমকালের আরেক প্রতিবেদনে একটি দেশীয় মানবাধিকার সংস্থার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়া বলা হইয়াছে, চলতি বছরের জুন মাসে সারাদেশে ৬৮টি ধর্ষণের ঘটনা প্রকাশিত হইলেও জুলাই মাসে সেই সংখ্যা বৃদ্ধি পাইয়া ৯০-এ উপনীত। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে দেশে ধর্ষণের ন্যায় ঘৃণ্য অপরাধের ঘটনা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাইয়াছে। অবশ্য এই পরিসংখ্যানকেও চূড়ান্ত বলা যাইতেছে না। কারণ, বাংলাদেশে ধর্ষণের বহু ঘটনাই সামাজিক লজ্জা, পারিবারিক চাপ ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ পায় না। অতএব ধর্ষণের প্রকৃত সংখ্যা আরও অধিক হইতে পারে।

বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এ ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের ন্যায় কঠোর শাস্তির বিধান রহিয়াছে। কিন্তু অপরাধবিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য হইল– অপরাধ হ্রাস করিতে শাস্তির কঠোরতা অপেক্ষা শাস্তির নিশ্চয়তা বিধান অধিক কার্যকর, যাহা প্রায় সর্বাংশে অনুপস্থিত এই দেশে। স্মরণ করা যাইতে পারে, প্রায় দুই বৎসর পূর্বে মাগুরায় সংঘটিত ৮ বৎসরের কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার বিচারকার্য মাত্র ১৪ কার্যদিবসে সমাপ্ত হইয়াছিল। এক বছরের অধিককাল পূর্বে নিম্ন আদালতে এই মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হইলেও উহা এখনও আপিলের পর্যায়ে। গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী এক শিশুকে ধর্ষণের পর গলা কাটিয়া হত্যার ঘটনায়ও অত্যন্ত দ্রুত বিচারে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হয়।

আপিলের কারণে উহাও অদ্যাবধি কার্যকর হয় নাই। উপরন্তু ধর্ষকের সহিত ভুক্তভোগীর আদালত প্রাঙ্গণেই বিবাহের ঘটনা ঘটিতেছে। এই সকল ঘটনা একটি বিপজ্জনক বার্তাই বহন করিতেছে– ধর্ষণের বিরুদ্ধে ক্ষেত্রবিশেষে রাষ্ট্রের অবস্থান যতই কঠোর হউক; বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা কার্যকর হইতে পারিতেছে না এবং পুরুষতন্ত্রের ভূত আদালতেও আছর করিয়া আছে। ইহাও সত্য, আইনের রন্ধ্র এবং নারীর প্রতি সংবেদনশীলতার ঘাটতির কারণে অধিকাংশ ধর্ষণ মামলায় অভিযুক্তরা খালাস পাইয়া থাকেন। এই অবস্থা অপরাধীদের অপরাধকর্ম চালাইয়া যাইতে কতটা উৎসাহ জোগায়, তাহা ব্যাখ্যার প্রয়োজন নাই। তাই বলিতে হয়, ধর্ষকের জন্য শুধু কঠোর শাস্তির বিধান যথেষ্ট নহে; উক্ত শাস্তি নিশ্চিতভাবে ও দ্রুত কার্যকর করা অধিকতর জরুরি। এই জন্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালায় উপযুক্ত সংশোধনের জনদাবিও দ্রুত পূরণ করিতে হইবে। সর্বোপরি ধর্ষণসহ যে কোনো নারী নির্যাতনের ঘটনায় সমাজের সচেতন অংশকেও ধারাবাহিকভাবে থাকিতে হইবে উচ্চকণ্ঠ।