মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) নামের একটি সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, গত জানুয়ারি মাসে মবসন্ত্রাসে ২১ জন নিহত হয়েছে। ঘটনার সংখ্যা ২৮। ডিসেম্বর মাসে ২৪ ঘটনায় নিহত হয় ১০ জন। দেখা যাচ্ছে, এক মাসের ব্যবধান মবসন্ত্রাসে নিহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। এর আগের একটি পরিসংখ্যান মতে, ১৪ মাসে মবসন্ত্রাসে নিহত হয়েছে ১১৬ জন। সাম্প্রতিক সময়ে মবসন্ত্রাসের ঘটনা ও হতাহতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগের কারণে পরিণত হয়েছে। সাধারণত চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মাদককারবার, চাঁদাবাজি ইত্যাদির অভিযোগে মব সৃষ্টি করে হত্যাকা- ঘটানো হয়ে থাকে। ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করতে কখনো কখনো পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হত্যাকা-ের ঘটনা ঘটানো হয়।
রাজনৈতিক দলগুলোর তরফেও মবসন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে। আইনের শাসনের অভাব, আইনের শাসনের প্রতি অজ্ঞতা বা আস্থাহীনতা মবসন্ত্রাসের কারণ বলে পর্যবেক্ষকরা মনে করেন। তাদের মতে, বিচার ব্যবস্থার দুর্বলতা এ জন্য বিশেষভাবে দায়ী। আমাদের দেশ ও সমাজে মবসন্ত্রাস মবকালচারে পরিণত হয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এটা মারাত্মক অশনি সংকেত শান্তি, স্থিতি ও নিরাপত্তার জন্য। মানুষের মধ্যে এই আতংক ক্রমাগত বিস্তারিত ও প্রসারিত হচ্ছে যে, মবসন্ত্রাসের শিকার হতে পারে। দেশের সচেতন নাগরিক সমাজ মবসন্ত্রাস বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে আসছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক অংগনের, বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে উদ্বেগ জানানো হচ্ছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের; অথচ অন্তর্বর্তী সরকারের সেদিকে খেয়াল নেই। সরকার মব সন্ত্রাসীদের সহযোগিতা দিচ্ছে, দেখেও না দেখার ভান করছে বলে নাগরিক মহলে অভিযোগ রয়েছে। এমএসএফ’র প্রতিবেদন মতে, জানুয়ারি মাসে ৫৭টি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতপরিচয় লাশের এই সংখ্যা প্রমাণ করে সমাজে সহিংসতা, গুম, গুপ্ত ও বিচারবহির্ভূত হত্যাকা-ের অস্তিত্ব এখনো বিচলনযোগ্য অবস্থানে বিদ্যমান রয়েছে। এছাড়া রাজনৈতিক সহিংসতার ঘটনাও বাড়ছে। সংস্থাটির প্রতিবেদন বলছে, জানুয়ারি মাসে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে ৬৪টি, যাতে নিহত হয়েছে ৪ জন, আহত ৫৩২ জন। বলা বাহুল্য, মবসন্ত্রাস, অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার, রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনা ইত্যাদি আইন-শৃংখলার এক নাজুক চিত্রই তুলে ধরে। সরকার আইন-শৃংখলা সুরক্ষা ও আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।
মবসন্ত্রাস আগে ছিল না, এমন দাবি করা যায় না। ফ্যাসিস্ট সরকারের আমলে মবসন্ত্রাস, গুম, খুন, অপহরণ ইত্যাদি অপকর্ম ও অপরাধ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। সরকার যখন ফ্যাসিস্ট হয়, সন্ত্রাসী হয়, তখন অপরাধের চাষাবাদ সীমা অতিক্রম করে যায়। আইনের শাসন ও সুবিচার বলতে যা বুঝায়, তার অস্তিত্ব লুপ্ত হওয়াই স্বাভাবিক। এমন একটি দীর্ঘ সময় দেশের মানুষের দেখতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাশীন হওয়া সরকারের সময় মবসন্ত্রাস, বেওয়ারিশ লাশের মিছিল, রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনক পর্যায়ে কেন থাকবে, সেটাই প্রশ্ন। জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। জীবনের নিরাপত্তা, মালামালের নিরাপত্তা, ইজ্জত-সম্মানের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই রাষ্ট্র-সরকার-প্রতিষ্ঠান ইত্যাদির জন্ম।
মানুষের সঙ্গে রাষ্ট্র-সরকার-প্রতিষ্ঠানের যে চুক্তি, তার ভিত্তিতে রাষ্ট্র-সরকার-প্রতিষ্ঠান সব ধরনের নিরাপত্তা দিতে বাধ্য। একই সঙ্গে আইনের শাসন ও সুবিচার নিশ্চিত করার দায়িত্বও তাদের। মবসন্ত্রাস ও বিনাবিচারে হত্যা বিশ্বের সব দেশে, সব সমাজেই নিষিদ্ধ। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করাই নিয়ম। বিচারের মাধ্যমে তার অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি এমনকি মৃত্যুদ-ও হতে পারে। আমাদের দেশে ও সমাজে যারা মবসন্ত্রাস করছে, তারা একই সঙ্গে আইনের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে এবং বিচারকে অবজ্ঞা করছে। আইন ও বিচার নিজেদের হাতে তুলে নেয়ার কোনো ক্ষমতা ও এখতিয়ার তাদের নেই। তারা সংঘবদ্ধঅপরাধ করছে। এ জন্য তাদের উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। লক্ষ করার বিষয়, মব সৃষ্টি করে কেবল হত্যাকা-ই ঘটানো হচ্ছে না, মাজার-খানকা ইত্যাদি ভাংচুর এবং বাড়িঘরে হামলা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে অন্তত ১১৩টি মাজারে ও বিভিন্ন খানকায় হামলার ঘটনা ঘটেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠানে মব সৃষ্টি করে বাধা দান বা হামলা করার ঘটনাও ঘটেছে। কারো জীবন, স্বাধীনতা ও অধিকারে হস্তক্ষেপ করার প্রবণতা বরদাশত করা হলে দেশ ও সমাজে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কোনক্রমেই আসতে পারে না। দেশের আন্তর্জাতিক পর্যায়ে ভাবমর্যাদাও অবশিষ্ট থাকে না।
আইনের শাসন আছে, ন্যায়বিচারের নিশ্চয়তা আছে, নাগরিক নিরাপত্তা আছে, আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত আছে, শান্তি ও স্থিতিশীলতা আছেÑ এমন দেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের একটা বিশেষ মর্যাদা ও সম্মানের সম্পর্ক বিদ্যমান থাকার কথা। আমাদের কি আছে? আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়। কর্মসংস্থানের সংকট ও বেকারত্ব এতটাই প্রকট যে, উল্লেখের অবস্থা রাখে না। দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার অনেক কম। মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ, বিদেশি বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাসও মিলছে না। আন্তর্জাতিক মহল নির্বাচিত সরকারের অপেক্ষা করছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে তাকে রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন-শৃংখলাকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
আইএমএফ ইতোমধ্যে নির্বাচিত আগামী সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে। দুর্বল অর্থনীতি ও আর্থিক খাতে স্থিতিশীলতার অভাব, বিনিয়োগ ও কর্মসংস্থানের সমস্যা, উচ্চ মূল্যস্ফীতি ইত্যাদি নতুন সরকারকে ফেস করতে হবে। অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে হতাশ ছাড়া কিছুই পারেনি। সুশাসন ও ন্যায়বিচারের ক্ষেত্রেও তাই। মবসন্ত্রাস একটা গুরুতর সমস্যা হিসেবে আবির্ভূত হলেও সরকারের তরফে তা রুখতে কোনো উপযুক্ত ও কার্যকর উদ্যোগ-পদক্ষেপ নিতে দেখা যায়নি। মবসন্ত্রাসের ঘটনায় এখনো কতটি মামলা হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে, মামলার তদন্ত ও বিচার কতদূর কী হয়েছে, দেশের মানুষের তা জানা নেই। দ্রুত মামলা, তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত হলে মবসন্ত্রাস এত বাড়তে পারতো না। বিচারহীনতাই এ অপরাধের সংখ্যা বাড়ার মূল কারণ। যেকোনো মূল্যে মবসন্ত্রাস রোখার বিকল্প নেই। সরকারকে মবসন্ত্রাস বন্ধে কঠোর অবস্থান ও পদক্ষেপ নিতে হবে। মবসন্ত্রাস বন্ধে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মবসন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
