নাগরিক সমাজের অব্যাহত উদ্বেগ ও অন্তর্বর্তী সরকারের পুনঃপুন প্রতিশ্রুতি সত্ত্বেও দেশে মাজার-দরগাহ-আখড়া ভাঙচুর থামিতেছে না। সর্বশেষ ভাঙচুরের শিকার হইয়াছে ঠাকুরগাঁও পৌর শহরের শতবর্ষপ্রাচীন সত্যপীরের মাজার। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মাজারে ঢুকিয়া ভাঙচুর চালায়। বৃহস্পতিবার রাত্রে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শাহজাহান উদ্দিন আউলিয়ার (রহ.) মাজার ভাঙচুর করিয়া মল-মূত্র ছিটানো হইয়াছে। ইহার পূর্বে ঠাকুরগাঁওয়েরই বিবি সখিনার মাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক মাজার তছনছ করা হইয়াছে। অনেক মাজারে ভাঙচুর শুধু নহে, অগ্নিসংযোগও করা হয়। এমনকি রাজবাড়ীতে মাজার ভাঙিয়া নুরাল পাগলার মরদেহ তুলিয়া জনসমক্ষে পোড়াইয়া দেওয়া হয়। প্রতিটি ঘটনার পর সমাজের বিভিন্ন মহল হইতে সকল ধর্মীয় স্থান, মাজার-দরগাহের সুরক্ষা এবং অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। কিছু ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ হইতে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মাজার-সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতকরণের অঙ্গীকারও ব্যক্ত করা হয়। কিন্তু বাস্তবতা হইল, অদ্যাবধি কোনো ঘটনার তদন্ত সম্পন্ন হয় নাই; অপরাধীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ সুদূর পরাহত। ইহারই ফলস্বরূপ মাজার-দরগাহে হামলা-ভাঙচুর অব্যাহত রহিয়াছে, তাহা বুঝিতে বিশেষজ্ঞ হইতে হয় না।

আমরা জানি, যে কোনো ধর্মীয় স্থাপনায় হামলা প্রচলিত আইনে গুরুতর অপরাধ। অপরের ধর্মীয় বিশ্বাসে যে কোনো প্রকার আঘাত করাও শাস্তিযোগ্য। তথাপি এহেন অপরাধ দিনের পর দিন এক প্রকার বিনা বাধায় সংঘটিত হইতেছে। উপরন্তু এই সকল অপকর্ম এমন এক সরকারের সময়ে ঘটিতেছে যাহার অন্যতম ঘোষিত লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা এবং সকল মতপথের মানুষের সমন্বয়ে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের পরিবেশ নিশ্চিতকরণ।

অনস্বীকার্য, মাজার-খানকা সংস্কৃতি লইয়া ইসলামী পণ্ডিতদের মধ্যে বিতর্ক রহিয়াছে। অনুরূপ বিতর্ক তো সুন্নি, শিয়াসহ ইসলামের বিভিন্ন ধারা ও উপধারা লইয়াও বিদ্যমান। ইহার সমাধান কি একে অপরের উপর ঝাঁপাইয়া পড়া? সাধারণত বিভিন্ন সময়ে পশ্চিম এশিয়া হইতে যেই সকল ইসলাম ধর্ম প্রচারক এই ভূখণ্ডে আসিয়াছেন, মূলত তাহাদের খানকা বা কবর ঘিরিয়াই এখানে মাজার-সংস্কৃতির সৃষ্টি। তাহাদের শিষ্য পরম্পরায় এই সংস্কৃতি শত শত বৎসর ধরিয়া চর্চিত হইতেছে। এই সকল মাজারকে স্থানীয়, তৎসহিত বহু দূরবর্তী অঞ্চলের মানুষও আধ্যাত্মিক আশ্রয়স্থল জ্ঞান করিয়া থাকেন। বস্তুত সমগ্র দক্ষিণ ও মধ্য এশিয়াব্যাপী ইসলামের এই ধারা বিস্তৃত। এই কথাও গুরুত্বপূর্ণ, শত-সহস্র বৎসর ধরিয়া এই দেশে সমন্বিত ধারার যেই সংস্কৃতি গড়িয়া উঠিয়াছে, উহাতে সুফিবাদী ধারার ইসলামের অবদান প্রণিধানযোগ্য। ফলে খানকা ও মাজারকেন্দ্রিক ইসলামের ধারাকে খারিজ করিবার চেষ্টায় এখানকার সামাজিক বুননও ক্ষতিগ্রস্ত হইবে; তখন সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা হইবে দুরূহ। স্মর্তব্য, এই সমাজ ইতোমধ্যে নানা অনাকাঙ্ক্ষিত বিভাজনের শিকার। যেই কারণে স্বাধীনতার ৫৪ বৎসরেও এইখানে টেকসই রাজনৈতিক ব্যবস্থা গড়িয়া তোলা যায় নাই। ইহার অনিবার্য প্রভাবে উপযুক্ত আর্থসামাজিক উন্নয়নও নিশ্চিত করা যায় নাই। ইসলামের বিভিন্ন ধারার মধ্যে সঠিকতা-বেঠিকতা লইয়া সংঘাত-সংঘর্ষ চলিলে পরিস্থিতি যে আরও গুরুতর রূপ ধারণ করিবে– এই বিষয়ে সন্দেহ পোষণের অবকাশ নাই।

আলোচ্য ঘটনার পর ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সমকালকে বলিয়াছেন, অপরাধীদের ধরিতে পুলিশি তদন্ত চলমান। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে। ইতোপূর্বে সংঘটিত প্রায় প্রতিটি ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের নিকট হইতে আমরা অনুরূপ বাণী শুনিয়াছি, বাস্তবে যাহা প্রতিফলিত হয় নাই। তাই মনে করি, যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিতকরণে সরকারকে সক্রিয় অগ্রসর হইতে হইবে।