কুষ্টিয়ার খোকসায় যেইভাবে সামাজিক বনায়নের বৃক্ষ উজাড় হইয়াছে, উহা উদ্বেগজনক। বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, সেইখানকার একটি প্রকল্প হইতে গত দুই বৎসরে সহস্রাধিক বৃক্ষ উজাড় হইয়াছে। আমরা বিস্মিত, গত বৎসর হইতে কাহারা এই বিপুল সংখ্যক বৃক্ষ কর্তন করিয়া লইয়াছে, উহা কেহই বলিতে পারিতেছে না। গত দুই মাসে ত্রিশোর্ধ্ব বৃক্ষ কর্তনের ঘটনায় বন বিভাগ থানায় সাধারণ ডায়েরি করিয়াছে। তাহারা স্বীয় দপ্তরের বিধি অনুযায়ী মামলার প্রস্তুতি লইতেছে বলিয়া সমকালের প্রতিবেদনে আসিয়াছে। বন বিভাগই যদি বৃক্ষ কর্তনের খবর না জানে, তবে কে জানিবে!

আমরা জানি, গ্রামের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সুবিধা ও পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণে স্থানীয়দের সম্পৃক্ত করিয়া সামাজিক বনায়ন কর্মসূচি পরিচালিত হইয়া থাকে। ২০১০-১১ অর্থবৎসরে সামাজিক বন বিভাগ সমিতি খোকসায় সড়কের দুই পার্শ্বে প্রায় ১০ সহস্র বনজ বৃক্ষের চারা রোপণ করিয়াছিল। সেইগুলি এখন মহিরুহে পরিণত। কিন্তু বৃহৎ বৃক্ষগুলির নিশ্চয়ই শিকড় ব্যতীত পদ সৃজন হয় নাই। তথাপি কী প্রকারে উধাও হইয়া গেল? স্থানীয়রা বলিয়াছেন, দিবালোকেই এই সকল বৃক্ষ কর্তিত হইয়াছে। বন বিভাগের অগোচরে যে এতগুলি বৃক্ষ কর্তন সম্ভব নহে– উহা উপলব্ধি করিতে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। আর সরিষার অভ্যন্তরেই যদি ভূত আশ্রয় লইয়া থাকে, তাহা হইলে ভূত বিতাড়নের সকল দাওয়াই বৃথা।

পরিবেশের ভারসাম্য রক্ষায় যেইখানে ২৫ শতাংশ বনাঞ্চল থাকা দরকার, সেইখানে আমাদের রহিয়াছে সাড়ে ১৫ শতাংশ। ইহার পরও প্রায়শ প্রয়োজনে-অপ্রয়োজনে বৃক্ষনিধন চলিতেছে। উহার কারণে তাপপ্রবাহের তীব্রতাসহ পরিবেশের বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করিতেছি। আমরা দেখিয়াছি, গত বৎসর দেশে তাপপ্রবাহে মানুষ কতটা অতিষ্ঠ হইয়াছে। প্রচণ্ড গরমে কয়েক সপ্তাহ ধরিয়া বিভিন্ন এলাকায় মানুষসহ প্রাণিকুলের জীবনের হাঁসফাঁস সংবাদমাধ্যমের কল্যাণে আমরা দেখিয়াছি। এতৎসত্ত্বেও যেইভাবে বৃক্ষনিধন প্রত্যক্ষ করিয়াও প্রশাসন চক্ষু মুদিয়া থাকিতেছে, উহা ক্ষমার অযোগ্য।

সামাজিক বনায়নের বৃক্ষ বিধায় উহার সহিত স্থানীয়দের অর্থনৈতিক স্বার্থও যুক্ত। স্থানীয় কমিটির সভাপতি সমকালকে বলিয়াছেন, আলোচ্য প্রকল্প সমাপ্ত করিতে পারিলে বৃক্ষ বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ৩১ জন প্রবীণের প্রাপ্য ছিল। গত সরকার আমলে যদ্রূপ বৃক্ষ কর্তন করা হইয়াছে, তদ্রূপ জুলাই অভ্যুত্থানের পর খোলস পাল্টাইয়া একটি দলের প্রভাবশালী নেতাদের আশ্রয় লইয়া একই অপরাধের পুনরাবৃত্তি হইতেছে। স্থানীয় কমিটি প্রকল্পের বৃক্ষ রক্ষায় অন্যূন পাঁচবার উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের সহিত সাক্ষাৎ করিয়াও কোনো সুফল পায় নাই।

আমরা মনে করি, প্রকাশ্যে এহেন দুর্বত্তপনা চলিতে পারে না। আমরা হতাশ এই কারণে, দুই বৎসর ধরিয়া এহেন অপরাধ চলিলেও প্রশাসন নাসিকারন্ধ্রে কাঠি দিয়া একটা হাঁচিও দিল না! কেবল বন বিভাগ নহে, উপজেলা প্রশাসন ও জেলা কর্তৃপক্ষও উহার দায় উপেক্ষা করিতে পারে না। স্মরণে রাখিতে হইবে, সামাজিক বনায়নের বৃক্ষ কেবল সরকারি সম্পদই নহে; তথাকার স্থানীয় দরিদ্র মানুষের শ্রম, ঘাম ও অধিকার যুক্ত। এই সম্পত্তি রক্ষা করিতে যেইভাবে খোকসা প্রশাসন ব্যর্থ হইয়াছে, তাহার জবাবদিহি জরুরি। সর্বাগ্রে প্রয়োজন বন বিভাগের নিদ্রাভঙ্গ। দীর্ঘদিন ধরিয়া বৃক্ষনিধন চলিলেও স্থানীয় কর্মকর্তারা কেন ‘শিকারিব মৎস্য না স্পর্শিব জল’নীতি অবলম্বন করিয়াছিল, উহা খতাইয়া দেখা জরুরি। আমরা প্রত্যাশা করি, বন বিভাগসহ কুষ্টিয়ার জেলা প্রশাসন কেবল বৃক্ষসম্পদ রক্ষাই করিবে না; নিধনকারীদেরও সন্ধান করিয়া আইনি বেষ্টনীতে আনিবে। এই ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচ্য হইতে পারে না।