স্বৈরাচার সাড়ে ১৫ বছরে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও পাচারে ব্যাংক খাতসহ অর্থনীতির সকল খাত চরম বিপর্যয়ের শিকার হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সৃষ্ট অলিগার্করা দেশের অর্থ-সম্পদ নির্বিচারে লুণ্ঠন করে আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। দেশের সব মানুষের কল্যাণদায়ী অর্থনীতির বদলে লুণ্ঠনকামী, শোষণমুখী এমন এক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা সমাজে বৈষম্য ও ভারসাম্যহীনতা বাড়িয়েছে। বিনিয়োগ হয়নি। নতুন শিল্পকারখানা গড়ে ওঠেনি। কর্মসংস্থান বাড়েনি। উচ্চ মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে ফেলেছে। এমন নাজুক অবস্থা অব্যাহত থাকাকালেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। স্বৈরাচার সদলবলে পালিয়ে যায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতাশীন হয়।
অন্তর্বর্তী সরকারের কাছে গণমানুষের প্রত্যাশা ছিল অনেক। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের আকাক্সক্ষাও ছিল প্রবল। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে কিছু উদ্যোগ ও পদক্ষেপ নিয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপই দেড় বছরে ফলপ্রসূ হয়নি। সব ক্ষেত্রেই ব্যর্থতার নজির স্থাপিত হয়েছে। বিনিয়োগ হয়নি। শিল্পকারাখানা হয়নি। কর্মসংস্থান বাড়েনি। বরং কমেছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে প্রায় ৪০০ শিল্পকারখানা বন্ধ হয়েছে এবং অন্তত ১৫ লাখ শ্রমিক-কর্মী বেকার হয়েছে। বেকারের সংখ্যা বেড়েছে। দারিদ্র্য বেড়েছে। দরিদ্রজনের সংখ্যা হয়েছে ৩ কোটি ৬০ লাখের মতো। বিশ্বব্যাংক দরিদ্রজনের এই সংখ্যা জানিয়ে বলেছে, দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে রয়েছে ৬ কোটি ২০ লাখ লোক। খেলাপী ঋণে ব্যাংকের অস্তিত্ব সংকটের শেষ পর্যায়ে উপনীত হয়েছে। এখন খেলাপী ঋণ সাকুল্যে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকায়। উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির অত্যন্ত গুরুত্বর সমস্যা হিসেবে চিহ্নিত হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে মূল্যস্ফীতি এতটুকু কমেনি। কখনো কখনো বরং বেড়েছে। বিরাজমান পরিস্থিতি যে খুবই উদ্বেগজনক তাতে সন্দেহ নেই। বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির দৈন্যদশায় আগামীতে রাজনৈতিক, সামাজিক ভূমিকম্পের আশংকা ব্যক্ত করেছেন।
অর্থনীতির দৈন্যদশা ঘুচানোর বিকল্প নেই। যত দ্রুত সম্ভব এটা না করতে পারলে দেশ ও জনগণকে কড়ায়-গ-ায় তার খেসারত দিতে হবে। পর্যবেক্ষকদের মতে, অর্থনীতির ওপর জনগণসহ সংশ্লিষ্ট সকল মহলের আস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এর পুনরুদ্ধার হবে না। এজন্য প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও অর্থনৈতিক পরিকল্পনা দেশের অর্থনীতিকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দিতে পারে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে নির্বাচনের তফশিল ঘোষিত হবে বলে জানিয়েছেন সিইসি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ওপর গণতন্ত্রায়ন, সুশাসন, ন্যায়বিচার, অর্থনৈতিক পুনরুদ্ধার ও অগ্রগতি, সামাজিক শান্তি ও স্থিতিশীলতা অনেক কিছুই নির্ভর করছে।
গত শনিবার রাজধানীতে একটি জাতীয় দৈনিকের আয়োজনে ‘চতুর্থ অর্থনৈতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ অর্থনীতির বিকাশে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তারা দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিএনপির তরফে বলা হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিত করবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, দলটি অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠা করবে। পাচারকৃত অর্থ ফেরত আনা ও পাচারকারীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি। অন্যান্য দলের তরফেও অর্থনীতিতে ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠার ওপর জোর দেয়া হয়েছে। উল্লেখ্য, অর্থনীতি দেউলিয়া, অচল ও রক্তশূন্য হওয়ার কারণ অনিয়ম ও দুর্নীতি। যখন রাষ্ট্রীয় পোষকতায় অনিয়ম-দুর্নীতি হয় তখন অর্থনীতি বলে কিছু থাকে না। দেশ এখন ‘নেই অর্থনীতির’ দেশে পরিণত হয়েছে। এই অর্থনীতিকে সচল-গতিশীল ও গণমুখী করতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচিত রাজনৈতিক সরকার নয়। তার অর্থনৈতিক মিশন-ভিশন থাকার কথা নয়। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে যারা ক্ষমতায় আসবেন, তাদের দলের অবশ্যই অর্র্থনৈতিক লক্ষ্য ও পরিকল্পনা থাকবে, দলের নির্বাচনী ইশতেহারেও তা বর্ণিত হবে। কাজেই অর্থনীতি একটা সুপথ পাবে, এটা স্বভাবতই আশা করা যায়।
অর্থনীতিবিদদের মতে, অর্থনীতির নাজুক অবস্থার জন্য বিনিয়োগ না হওয়া এবং উচ্চ মূল্যস্ফীতিও কম দায়ী নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাইলে সততা-সচ্ছতার যেমন দরকার, তেমনি দরকার দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। অন্তর্বর্তী সরকার বিনিয়োগ আনতে ব্যর্থ হয়েছে। বিনিয়োগ সম্মেলন করেও সুফল পাওয়া যায়নি। একইভাবে সরকার মূল্যস্ফীতি রোধেও ব্যর্থ হয়েছে। খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। সিন্ডিকেটের কাছে হার মেনেছে। উল্লেখের অপেক্ষা রাখে না, দেশি-বিদেশি বিনিয়োগ আসলে শিল্পায়ন, উৎপাদন, কর্মসংস্থানÑ সবই বাড়বে। নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহী হন না। দেশীয় বিনিয়োগকারীরাও একই পথের পথিক। তাদের অনেকে পতিত স্বৈরাচারের দোসর হিসাবে নানা সংকটে রয়েছেন। তাদের শিল্পকরাখানা ভালোভাবে চলছে না। বন্ধও হয়ে গেছে কোনো কোনো শিল্পকারখানা। আমরা অন্তর্বর্তী সরকারকে বহুবার বলেছি, স্বৈরাচারের দোসর ব্যবসায়ীদের শিল্পকারখানা চালু রেখে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা যা হয়, তা নেয়া হোক। এরপরও সরকার শিল্প-কারখানা বন্ধ রোধ করতে পারেনি। এর প্রতিক্রিয়া উৎপাদন, পণ্যমূল্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে পড়েছে এবং পড়ছে। সরকারকে এদিকে বিশেষভাবে নজর দিতে হবে। যে কোনোমূল্যে কারখানা ও উৎপাদন চালু রাখতে হবে।
