দুই সহস্র কোটি টাকা ব্যয়ে ইকোপার্ক নির্মাণের খবর পাঠ করিয়া আমরা ভাবিয়াছি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ নামক সরকারি প্রতিষ্ঠানটির দায়িত্ব পর্যটন সেবা প্রদান। এতদিন জানিতাম, তাহাদের দায়িত্ব নদীর নাব্য রক্ষা করিয়া নদীকে আপন গতিতে প্রত্যাবর্তন ঘটানো। ২২ অক্টোবর সমকালে প্রকাশিত এক সংবাদের মাধ্যমে জানিতেছি, কক্সবাজারের বাঁকখালী নদীপার্শ্বে উদ্ধার হওয়া জমিতে তাহারা দুই সহস্র কোটি টাকা ব্যয় সাপেক্ষে রিসোর্ট, রেস্তোরাঁ, ইকোপার্ক ও এশিয়ার বৃহত্তম সুইমিংপুল নির্মাণে আগ্রহী হইয়াছেন। অথচ এই নদী প্রাকৃতিকরূপেই ফিরিয়া পাইতে কক্সবাজারের সহস্র মানুষ কত দিবস-রজনী প্রত্যাশার প্রহর গণনা করিতেছেন। অবৈধ স্থাপনা অপসারণ করিয়া গত বৎসর নদীপার্শ্ব হইতে ৬৩ একর জমি উদ্ধার হইয়াছিল। উক্ত উদ্ধার অভিযানে পুলিশের মস্তকও বিদীর্ণ হইয়াছিল। অভিযানে বিআইডব্লিউটিএ অংশগ্রহণ করিয়াছিল। এখন উক্ত সংস্থা স্বয়ং তথায় নদী রক্ষাকল্পে ব্যাপক নির্মাণযজ্ঞে প্রবৃত্ত হইতে অভিলাষ প্রকাশ করিতেছে। নদীর নাব্য রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নিশ্চয় বিস্মৃত হয় নাই, নদী শুধু পানিপ্রবাহ নহে; নদীর তীর, প্লাবনভূমি, জলাভূমি ও সংলগ্ন প্রাকৃতিক পরিসর সমভিব্যাহারে গড়িয়া উঠে নদীর বাস্তুতন্ত্র। আর প্রকল্পের নামের সহিত ‘ইকো’ যুক্ত থাকিলেই তাহা পরিবেশবান্ধব হইয়া যায় না। প্রকৃত ইকোপার্কের লক্ষ্য হইবে প্রকৃতিকে অক্ষুণ্ন রাখিয়া পরিবেশসম্মত অবকাশ তৈয়ার করা। নদীর স্বাভাবিক প্রবাহের পরিসর সংকুচিত করিয়া স্থাপনা নির্মাণের পরিকল্পনা থাকিলে উহাকে ‘পরিবেশবান্ধব’ বা ‘ইকো’– এবম্বিধ গালভরা নামে সম্বোধনের সুযোগ নাই। পার্শ্বে যে সকল রেস্তোরাঁ, রিসোর্টের প্রস্তাব করা হইয়াছে, সমুদয় সৃষ্ট বর্জ্য কোথায় রাখিবে বিআইডব্লিউটিএ?
তবে বিআইডব্লিউটিএর এহেন অভিলাষ নূতন নহে। ২০২৫ সালে শীতলক্ষ্যা এবং বালু নদীর মধ্যভাগে জাগিয়া উঠা স্থানে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা করিয়াছিল এবং সেই পরিকল্পনা জায়েজ করিতে তাহারা জনবসতিহীন চরকে নদীর তীরভূমি হিসাবে দাবি করিয়াছে। বিআইডব্লিউটিএর দায়িত্বের সহিত নদী ও নৌপথের স্বার্থ সরাসরি যুক্ত। অথচ নদী রক্ষার নামে লওয়া কোনো উদ্যোগই যদি নদীর স্বাভাবিক প্রবাহ, তীরভূমি কিংবা পরিবেশগত ভারসাম্যকে ঝুঁকিতে পতিত করে, তবে তাহা উপহাস। উক্ত কার্যই করিয়া চলিতেছে বিআইডব্লিউটিএ। অথচ কক্সবাজার শহরের উপর দিয়া প্রবাহিত ৮০ কিলোমিটার দীর্ঘ বাঁকখালী নদীর সীমানা নির্ধারণ অসম্পূর্ণ।
বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্তকরণে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণার নির্দেশ দিয়াছেন হাইকোর্ট। অধিকন্তু ২০২৫ সালের আগস্টে প্রদত্ত হাইকোর্টের নির্দেশে বলা হইয়াছে, নদীর সীমানা নির্ধারণ, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং পূর্বে দেওয়া ইজারা বাতিল করিতে হইবে।
পর্যটনশিল্পের বিকাশের প্রয়োজন অনস্বীকার্য। তজ্জন্য নদীর জায়গাতেই কেন দৃষ্টি নিক্ষেপ করিতে হইবে? এবং যাহাদের দায়িত্ব নদীর নাব্য রক্ষা করা, তাহারা দুই সহস্র কোটি টাকা ব্যয় সাপেক্ষে কীভাবে অধিক বর্জ্রের ব্যবস্থা করিয়া নদীর আরও ক্ষতিসাধনের কথা ভাবিতে পারে– তাহাই সর্বাগ্রে জবাবদিহির আওতায় আনয়ন জরুরি। নদীকে বাঁচাইয়া উন্নয়ন করিতে হইবে। উন্নয়নের নামে নদীকে সংকুচিত করা চলিবে না। দুই সহস্র কোটি টাকার প্রকল্পের সাফল্য শুধু রিসোর্টের উপার্জন বা দর্শনার্থীর সংখ্যা দিয়া বিচার করা চলিবে না। ভাবিতে হইবে জনস্বার্থ, পরিবেশগত স্থায়িত্ব এবং নদীর দীর্ঘমেয়াদি সুরক্ষার মানদণ্ডে। নদী রক্ষার দায়িত্বে থাকা সংস্থার কাছে নদীর স্বার্থই সর্বাগ্রে; রিসোর্ট নির্মাণের পরিকল্পনা নহে। অথচ বিআইডব্লিউটিএর এইরূপ প্রস্তাবনা রক্ষক হইয়া ভক্ষক হইবার লোভ ব্যতীত অন্য কিছু নহে।
