একদিকে বঞ্চনা, অন্যদিকে বহুমাত্রিক দারিদ্র্য। ভালো নেই নানা জনগোষ্ঠীর এবং বিভিন্ন শহরের ভাসমান ও বস্তিবাসী মানুষ। এ যেন তাদের নিয়তির অমোঘ লিখন! সার্বিক বিচারে দারিদ্র্য কমলেও তার সুফল দেশের সব জনগোষ্ঠীর কাছে সমানভাবে পৌঁছেনি। বিভিন্ন শহর-বন্দরের ভাসমান এবং হাওড়াঞ্চলের নিম্ন আয়ের মানুষ, চা-শ্রমিক, দলিত স্যানিটেশনকর্মী, নারী কৃষিশ্রমিকসহ জনগোষ্ঠীর একটা বড় অংশই দারিদ্র্য ও নানা বঞ্চনার মধ্যে রয়েছে। সিপিডির এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তাতে উল্লেখ্য করা হয়, জাতীয় পর্যায়ে চরম দারিদ্র্যের হার যেখানে ৫ দশমিক ৬ শতাংশ, সেখানে চা-শ্রমিকদের মধ্যে এই হার সর্বোচ্চ ২২ দশমিক ৮ শতাংশ। কী বৈপরীত্য! জাতীয় গড়ের তুলনায় সাধারণ দারিদ্র্যের হারও এসব জনগোষ্ঠীর মধ্যে অনেক বেশি।
নানা ক্ষেত্রেই রয়েছে বিরাট বৈষম্য। বিশেষজ্ঞদের মতে, শুধু আয় বাড়ানোর উদ্যোগ নিয়ে এসব মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তাদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। একেক জনগোষ্ঠীর সমস্যা ও প্রয়োজন অনুযায়ী পৃথকভাবে কার্যকর ও লাগসই কর্মসূচি নিতে হবে। অন্যদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে অসংখ্য বস্তির ঘিঞ্জি ও চরম অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ। তারা মূলত প্রতিদিন ভোগ করে দিনযাপনের গ্লানি। দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত এদের দৈনন্দিন জীবনাচার। এ নিয়ে ভিন্ন দুই সংস্থার এক যৌথ গবেষণা প্রতিবেদনে বাস্তবতার করুণ চিত্র উঠে এসেছে। তাতে দেখা যায়, ঢাকার বড় বস্তির তুলনায় ছোট বস্তিতে বহুমাত্রিক দারিদ্র্যের হার বেশি। বড় বস্তিতে এ হার যেখানে ৩৮ শতাংশ, ছোট বস্তিতে ৬১ শতাংশ পর্যন্ত। আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক বঞ্চনা, মৌলিক সেবার ঘাটতিসহ নানা সংকটে রয়েছে এসব বস্তির বাসিন্দারা। প্রতিবেদনে দ্রুত নগরায়ণ, দুর্বল নগর পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও কাঠামোগত বৈষম্যের কারণে বস্তিবাসীদের দারিদ্র্য ও জীবনযাপনের সংকট কীভাবে বাড়ছে, তা বিশ্লেষণ করা হয়েছে। সমাধানসূত্র হিসেবে বলা হয়, বস্তির সংকট নিরসনে শুধু শহরকেন্দ্রিক উদ্যোগ যথেষ্ট নয়; গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। যাতে কাজের সন্ধানে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমে। এজন্য সরকারে সঙ্গে বেসরকারি উদ্যোক্তা, প্রতিষ্ঠানসহ সব অংশীজনের সমন্বিত উদ্যোগ ও পদক্ষেপ প্রয়োজন।
