ঈদ উপলক্ষে বরাবরই অর্থনীতিতে একটা চাঙ্গাভাব পরিলক্ষিত হয়। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদ কেন্দ্র করে টাকার প্রবাহ শহর-গ্রামে সর্বত্র বৃদ্ধি পায়। প্রবাসীদের রেমিট্যান্স আসে, কর্মজীবী মানুষের হাতে আসে বোনাস, যাকাত, ফিতরা, দান-খয়রাতের একটা জোয়ারও তৈরি হয়। এ সব অর্থে দেদার কেনাকাটা হয়। সাধারণত ঈদুল ফিতরে পোশাক-আশাক, জুতা-স্যান্ডেল, তৈজসপত্র, প্রয়োজনীয় গৃহসামগ্রী, মিষ্টি-মিঠাই ইত্যাদি কেনার ধুম পড়ে যায়। ঈদুল আযহায় কেনাকাটা তুলনামূলকভাবে কম হয়। কোরবানীই সেখানে মূল লক্ষ্য। এবারের ঈদুল ফিতরে রাজধানীর বিপনি বিতান থেকে শুরু করে গ্রামের হাটবাজারে পর্যন্ত রাতদিন কেনাকাটা চলছে। ঈদ যত এগিয়ে আসছে কেনাকাটা তত বাড়ছে।
টাকার প্রবাহ যত বাড়ে কেনাকাটা ও লেনদেন যত বৃদ্ধি পায় অর্থনীতিতে ততই গতিশীলতা দেখা দেয়। অর্থনৈতিক কার্যক্রম বাড়লে অর্থনীতি তেজী হবে, এটাই সাধারণ নিয়ম ও স্বাভাবিক। সাধারণত রমজান মাসেই সবচেয়ে বেশি যাকাত দেয়া হয়। দান-খয়রাত করা হয়, সাদাকাহ ইত্যাদি দেয়া হয়। পর্যবেক্ষক মহলের মতে, এ সময় অন্তত ৫০ হাজার কোটি টাকার যাকাত আদায় হয়। দান-সাদাকাও দেয়া হয় প্রচুর। সামর্থ্যবান প্রতিটি মুসলমানকে ফিতরা দিতে হয়। পর্যবেক্ষকদের ধারণা, অন্তত ৫শ’ কোটি টাকার ফিতরা আদায় হয়। ঈদের সময় প্রবাসীরা বেশি বেশি করে রেমিট্যান্স পাঠায়। এর পরিমাণ দু’আড়াই হাজার কোটি ডলারের কম হবে না। বাংলাদেশ ব্যাংকের হাল তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছর জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে মোট ২ হাজার ৪ শ’ ৩৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছর একই সময়ের চেয়ে ২২ দশমিক ৯ শতাংশ বেশি। এই যে বিভিন্ন উৎস থেকে আসা অর্থ, তার সবচেয়ে বড় অংশটি যায় গ্রামে। সেখানে বসবাসকারী দরিদ্র-নিম্নবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষ সেই অর্থ লাভ করে। গ্রামের যেসব মানুষ বিভিন্ন কর্ম উপলক্ষে শহরে থাকে, তারাও প্রায় সবাই গ্রামে আত্মীয়-স্বজনের জন্য টাকায় পাঠায়। তাদের অনেকে ঈদ করার জন্য গ্রামে ছুটে যায়। তাদের যাতায়াতের কারণে পরিবহন খাত চাঙ্গা হয়ে ওঠে। অনুরূপভাবে গোটা পোশাক খাত, বস্ত্র খাত, জুতা শিল্প, মিষ্টি শিল্প ইত্যাদিতে গতিময়তা আসে, যা আর্থিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর থেকে গ্রামে টাকার প্রবাহ বাড়লে গ্রামীণ অর্থনীতিতে স্ফীতি ও গতিÑ দুইই আসে। গ্রামে অধিক সংখ্যায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের বসবাস। গ্রামীণ অর্থনীতিতে অর্থাগম বেশি হলে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও স্বাচ্ছন্দ্য আসে। এটাই ঈদ-অর্থনীতির সবচেয়ে বড় দিক।
দেশের সামষ্টিক অর্থনীতি ও ব্যক্তিক অর্থনীতিÑ কোনটাই ভালো নেই। বিগত অন্তর্বর্তী সরকার অর্থনীতি পুনরুদ্ধারে শোচনীয়ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পতিত স্বৈরাচার যে অবনত অর্থনীতি রেখে গিয়েছিল, তা থেকে অর্থনীতি উঠে দাঁড়াতে পারেনি। অন্তর্বর্তী সরকারের গোটা সময়কালে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে ছিল। এখন তা ৯-এর ওপরে। বেসরকারি মতে, মূল্যস্ফীতি বাস্তবের চেয়েও বেশি। মূল্যস্ফীতি বাড়ায় অর্থ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া। মূল্যস্ফীতি বাড়লেও মানুষের আয় বাড়েনি। ফলে নিত্যপ্রয়োজনীয়, বিশেষত খাদ্যপণ্য কিনতেই তাদের আয়ের একটা বড় অংশ বেরিয়ে যাচ্ছে। যারা ভাড়া বাসায় থাকে, তাদের অবস্থা আরো শোচনীয়। তাদের বাড়িভাড়া দিয়ে, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল দিয়ে প্রয়োজনীয় পণ্য কেনার অর্থ আর খুব বেশি অবশিষ্ট থাকে না।
এর ওপর আছে অসুখ-বিসুখে চিকিৎসা এবং সন্তান-সন্ততির লেখাপড়ার খরচ। খাদ্যখাত ছাড়া আর কোনো খাতেই খরচ কমানোর কোনো উপায় তাদের থাকে না। কম খাদ্য কেনা ও কম খাওয়ার নিশ্চিত পরিণতি পুষ্টিহীনতা ও নানা রোগ-ব্যাধির শিকার হওয়া। এ বাস্তবতা অত্যন্ত নিষ্ঠুর এবং উদ্বেগজনক। দৈশিক ও বৈশ্বিক নানা কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে। এর মোকাবিলার সহজ পথ হলো, মানুষের আয় বা ক্রয় ক্ষমতা বাড়ানো ও বেকারত্ব দূর করা। বিদ্যমান বাস্তবতা হলো, মানুষের আয় বাড়ানোর সুযোগ নেই। বরং অনেকের আয় কমছে বা কমানো হচ্ছে। বেকারের লাইন প্রতিদিনই লম্বা হচ্ছে। কলকারখানা বন্ধ হয়ে অনেকেই বেকারের খাতায় নাম লিখাতে বাধ্য হচ্ছে। জানা গেছে সাম্প্রতিক মাসগুলোতে কয়েক লাখ কর্মজীবী বেকার হয়েছে কর্ম হারিয়ে।
ইউক্রেন যুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির মত আমাদের দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলে, যা কয়েক বছর যাবৎ অব্যাহত আছে। এ প্রভাব বহাল থাকতে থাকতেই নতুন করে ইরান যুদ্ধ শুরু হয়েছে, যা ইতোমধ্যে তিন সপ্তাহে পড়েছে। এই ক’দিনের যুদ্ধে বিশ্বব্যাপী জ্বালানির সংকট ও মূল্য বৃদ্ধি পেয়েছে। খাদ্যপণ্যের মূল্যও বেড়েছে। যুদ্ধ প্রলম্বিত হলে জ্বালানি ও খাদ্য নিয়ে সংকট আরো গভীর হবে বলে পর্যবেক্ষকরা আশংকা করছেন। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, জ্বালানি নিরাপত্তা তো আমরা নিশ্চিত করতেই পারিনি, বড় ধরনের একটা মজুদও গড়ে তুলতে পারিনি। অতীতের সরকারগুলো এদিকে মোটেই নজর দেয়নি। ফলে এখন দুঃসময়ে তার খেসারত আমাদের দিতে হচ্ছে। উৎপাদন, আমদানি, রফতানিÑ সকল ক্ষেত্রেই সংকট দেখা দিয়েছে। জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারলে কৃষি ও শিল্পের উৎপাদন ও রফতানি ব্যাহত হতে বাধ্য। তেমন আশংকা এখন প্রবল। জ্বালানি আমদানির বর্তমান পরিস্থিতি যদি আরো কিছুদিন চলতে থাকে, তবে আমাদের চরম মূল্য দিতে হবে।
ঈদের অর্থনীতি আমাদের অর্থনীতিতে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে যে সুবাতাস সঞ্চারিত করেছে, যে স্বস্তির পরিবেশ প্রসারিত করেছে, তা ধরে রাখা কতদূর সম্ভব হবে, সেটাই প্রশ্ন। কীভাবে এর ধারাবাহিকতা বজায় রাখা যায়, তা নিয়ে সরকারের নীতি-নির্ধারকদের গভীরভাবে ভাবতে হবে। উপযুক্ত সিদ্ধান্ত ও কর্মপন্থা নির্ণয় করতে হবে। স্বাভাবিক কারণেই ঈদের পরে রেমিট্যান্স প্রবাহ কমবে, রফতানি আয় কমার লক্ষণও স্পষ্ট। ইতোমধ্যে রফতানি আয়ের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। যাকাত-সদকা, দান-খয়রাতও কমবে বা বন্ধ হয়ে যাবে। ফলে গ্রামীণ অর্থনীতিসহ দেশের সামগ্রিক অর্থনীতির রমরমা ভাব আর থাকবে না। তা এক গভীর খাদের কিনারে গিয়ে উপস্থিত হবে। সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে, সেটা এখনই ভাবতে হবে। বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও রফতানি বাড়ানোর মাধ্যমে এ পরিস্থিতির উত্তরণ সম্ভব হতে পারে। সরকারি দল নির্বাচনের আগে অনেক অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছে। সেই অঙ্গীকার ও প্রতিশ্রুতি প্রতিপালনে সরকারের উদ্যোগ-পদক্ষেপ প্রশংসিত হলেও অর্থনীতির আশংকিত সংকট যদি সরকার মোকাবিলা করতে না পারে, তবে সেটা হবে তার চরম ব্যর্থতা। এই ব্যর্থতার দায় এড়াতে হলে সরকারকে অনতিবিলম্বে অর্থনীতি গতিশীল ও শক্তিশালী করতে উপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করতে হবে।
