লুটপাট, অর্থপাচার, বেসুমার দুর্নীতির মাধ্যমে দীর্ঘ দেড় দশকের শাসনামলে স্বৈরাচার হাসিনা সরকার দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গিয়েছিল। গণঅভ্যুত্থানে তার পতনের পর আশা করা হয়েছিল, অন্তর্বর্তী সরকার সুবিবেচিত ও সুপরিকল্পনার মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে। দুঃখজনক বিষয় হচ্ছে, সরকার তা করতে পারেনি। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ব্যাংক ও রফতানিখাতসহ অন্যান্য ক্ষেত্রে সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত এবং নীতি-সহায়তা না থাকার কারণে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শত শত শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। হাজার হাজার কর্মজীবী চাকরি হারিয়েছে। কর্মসংস্থানের পরিবর্তে বেকারত্বের হার বেড়ে রেকর্ড করেছে। বিদ্যমান শিল্পকারখানার উৎপাদন ও রফতানি কমে সর্বকালের সর্বনি¤œ পর্যায়ে রয়েছে।

উৎপাদনমুখী অসংখ্য কারখানা স্থবির ও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপর বৃহৎ বেশ কয়েকটি শিল্পগ্রুপের মালিক বিভিন্ন অপরাধে গ্রেফতার হওয়ায় সেগুলোর অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়ার পর এই গ্রুপের প্রায় ৪০টির মতো গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে। এতে প্রায় পঞ্চাশ হাজারের মতো কর্মজীবী বেকার হয়েছে। এর মধ্যে সরকার আরেক বৃহৎ শিল্প গ্রুপ নাসা গ্রুপের সম্পদ বিক্রি করে ব্যাংক ঋণ ও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে। গত রবিবার অ্যাডভাইসরি কাউন্সিল কমিটির এক বৈঠকে এই পরিকল্পনা নেয়া হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এ পরিকল্পনা নেয়া হয়েছে। নাসা গ্রুপের নির্দিষ্ট করা সম্পদ খোলা দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতামূলক দামে বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে বলে পরিকল্পনা নেয়া হয়েছে। উল্লেখ্য, নাসা গ্রুপের টেক্সটাইল ও গার্মেন্ট কারখানায় ৩০ হাজারের বেশি শ্রমিক কাজ করে। শেখ হাসিনার পতনের পর নাসা গ্রুপের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মজুমদার হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে এখন জেলে আছেন। তার অপরাধের বিচার হবে এবং হতে হবে। তবে তার জন্য শিল্পকারখানা বন্ধ হয়ে যাবে, তা গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা বহুবার বলেছি, ব্যক্তির অপরাধ বা দায়ের জন্য প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। প্রতিষ্ঠান চলবে তার নিজস্ব কাঠামো ও স্বাভাবিক প্রক্রিয়ায়। ব্যক্তির পরিবর্তন বা মৃত্যু হলে যে ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান চলে সেভাবে চলবে। এজন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া যাবে না। প্রতিষ্ঠান বা শিল্প গ্রুপ শুধু দেশের অর্থনীতির উন্নয়নের অংশীদারই নয়, কর্মসংস্থানের একটি বিশাল ক্ষেত্র। একটি বড় শিল্প গ্রুপকে কেন্দ্র করে ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠে। সেখানেও অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান হয়ে থাকে। শিল্প গ্রুপ বন্ধ হয়ে যাওয়া শুধু তার ক্ষতি নয়, এটি দেশের ও মানুষের বিপুল ক্ষতি বয়ে আনে।

দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বেক্সিমকোর ভাইস চেয়ারম্যানকে গ্রেফতারের পর এতে যে অচলাবস্থা এবং কারখানা বন্ধ হয়ে বেকারত্বের সৃষ্টি হয়েছে, তা সচলে সরকার ব্যর্থ হয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, ব্যক্তির জন্য প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি বা বন্ধ হতে পারে না। এই প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি উক্ত পরিবারে রয়েছে। কীভাবে এই প্রতিষ্ঠান চালাতে হবে, তাদের চেয়ে ভাল আর কেউ বুঝবে না। সালমান এফ রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার আগ্রহ থাকলেও সরকার তাতে কর্ণপাত করেনি। এতে যা হওয়ার তাই হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা এবং ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা না থাকায় সরকার নিয়োগকৃত কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি স্থবির হয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোও সরকার চালু করতে পারেনি। এতে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একই ঘটনা ঘটেছে নাসা গ্রুপের ক্ষেত্রে। সরকার এর সম্পদ বিক্রি করে বকেয়া বেতন ও ব্যাংক ঋণ পরিশোধের পরিকল্পনা নিয়েছে। অর্থনীতিবিদদের মতে, অ্যাডভাইসরি কমিটির কিছু লোক যে মাহাউৎসাহে প্রতিষ্ঠানের সম্পদ বিক্রির প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা নিয়েছে, তাতে হয়ত তাদের কমিশন বাবদ কিছু লাভ হবে, তবে সামগ্রিকভাবে অর্থনীতি ও কর্মসংস্থানের বড় ক্ষতি হবে। সরকারের উচিৎ, এ পরিকল্পনা না করে প্রতিষ্ঠান চালু রেখে কীভাবে বেতন ও ব্যাংক ঋণ পরিশোধ করা যায়, সে পরিকল্পণা করা। এতে উৎপাদন ও কর্মসংস্থান দুটোই হবে।

প্রতিষ্ঠানের যেসব সম্পদ বা ব্যবহৃত পুরনো মেশিনারিজ বিক্রি করা হবে, সঙ্গতকারণেই সেগুলোর সেল ভেল্যু ক্রয়মূল্যের চেয়ে বেশি হবে না। এগুলোর মূল্য কমে গেছে। ফলে এগুলোর বিক্রির অর্থ দিয়ে বকেয়া বেতন ও ব্যাংকের টাকা পরিশোধ হবে না। সরকারের পরিকল্পনা দেখে মনে হচ্ছে, সে গড়ার চেয়ে ধ্বংস করার দিকে মনোযোগ বেশি। প্রতিষ্ঠান টিকিয়ে রাখার চেয়ে বন্ধ করার পক্ষে। ‘ভাত দেয়ার মুরোদ নেই, কিল দেয়ার গোসাই’-এর মতো আচরণ করছে। আমরা দেখেছি, শেখ মুজিব শিল্পকারখানা জাতীয়করণের মাধ্যমে কীভাবে অর্থনীতিকে তলানিতে নিয়ে গিয়েছিল। দেশকে তলাবিহীন ঝুরিতে পরিণত করেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সে নীতি থেকে সরে এসে বেসরকারি খাতকে সম্প্রসারণের সুযোগ করে দিয়েছিলেন। এতে দেশের অর্থনীতি গতিশীল হয়ে উন্নয়নের পথে ধাবিত হয়। অন্তর্বর্তী সরকার যেন শিল্পখাত সম্প্রসারণের পরিবর্তে সংকোচন নীতি নিয়ে চলছে। প্রতিষ্ঠিত শত শত কারখানা বন্ধ হয়ে গেলেও নতুন কারখানা খুলতে পারেনি। দেশের এক নম্বর রফতানি খাত পোশাকশিল্পে এখন হাহাকার চলছে। এ খাতের সংগঠন বিকেএমইএ বলেছে, দেশের পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে আছে। এ খাতে নীতি-সহায়তা দেয়া সরকারের দায়িত্ব। সরকার তা দিচ্ছে না। উল্টো অগ্রহণযোগ্য নীতি প্রণয়ন করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।

অন্তর্বর্তী সরকার এখন নির্বাচনকালীন সরকারে পরিণত হয়েছে। রেগুলার কাজ ছাড়া সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়ার কথা নয়। অথচ সরকার এমনসব নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে, যা তার কর্মকা-কে প্রশ্নবিদ্ধ করছে। নানা বিতর্কিত সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে। অর্থনীতির পথ সহজ করার পরিবর্তে কঠিন করে দিয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা আগে থেকেই বলে আসছেন, সরকার ইচ্ছাকৃতভাবে অর্থনীতিকে খাদের কিনারে রেখে যাচ্ছে, যাতে পরবর্তী নির্বাচিত সরকার বিপাকে পড়ে। তা নাহলে, দেড় বছরেও কেন অর্থনীতিকে একটি স্থিতিশীল জায়গায় আনতে পারেনি? বরং মানুষ সরকারের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনছে। মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হয়েছে, সরকার দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অর্থনীতির উন্নতির পরিবর্তে অবনতির দিকে ঠেলে দিয়েছে। অপরিনামদর্শী ও অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার পরিবর্তে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না, সরকারের যারা নিজের আখের গোছানোর স্বার্থে এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তাদেরকে পরবর্তীতে জবাবদিহি ও বিচারের মুখোমুখি হতে হবে।