এইবারের নির্বাচনী প্রচার ঘিরিয়া যেই ইতিবাচক পরিবর্তন দেখা যাইতেছে, উহা সাধুবাদযোগ্য। এই সংক্রান্ত এক প্রতিবেদনে শুক্রবার সমকাল লিখিয়াছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার একেবারেই নিষিদ্ধ। কিছু এলাকায় পোস্টারের অস্তিত্ব থাকিলেও তাহা বাড়াবাড়ি পর্যায়ে যায় নাই। মাইকে প্রচারের সহনীয় মাত্রার সহিত শব্দদূষণরোধে হ্যান্ডমাইকের ব্যবহারও আশাব্যঞ্জক। প্রতিবেদনে প্রশংসনীয় আরও যেই বিষয়টি উঠিয়া আসিয়াছে তাহা হইল–প্রার্থীরা এইবার পূর্বাপেক্ষা অধিক পরিমাণে ভোটারের দ্বারে দ্বারে যাইতেছেন। ডিজিটাল মাধ্যমে প্রচারের আধিক্যও সময়ের সহিত তাল মিলাইবার লক্ষণ।

একসময় রঙিন পোস্টার ব্যতীত কোনো নির্বাচনের কথা ভাবা যাইত না বাংলাদেশে। বেশ কয়েক বৎসর পূর্বে রঙিন পোস্টারের স্থলে সাদাকালা পোস্টার ব্যবহারের অনুমতি দেয় ইসি। এইবার শুধু পোস্টার ব্যবহারই বন্ধ করে নাই ইসি, এই আদেশ কার্যকর করিতে সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেস বা ছাপাখানাসমূহকেও বিশেষ নির্দেশনা প্রদানের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়াছে। প্রচারে সংগত কারণেই তাহার প্রতিফলন দেখা গিয়াছে। প্রার্থীরা অন্যভাবে লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ডের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাইতেছেন এবং এই সকল ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়মাবলি ভঙ্গ করিলে জরিমানার বিধান রাখা হইয়াছে। স্মরণ করা যাইতে পারে, পোস্টারের কারণে দীর্ঘদিন বৃক্ষ কর্তনই বৃদ্ধি পায় নাই, শহর-গ্রামে উহা জলাবদ্ধতারও কারণ ঘটাইয়াছে। মাথার উপর অসংখ্য পোস্টার ঝুলিবার কারণে দৃশ্যদূষণের সহিত ক্ষেত্রবিশেষ সড়ক-মহাসড়কে অকাঙ্ক্ষিত দুর্ঘটনাও ঘটিয়া থাকিত। ফলে পোস্টার নিষিদ্ধ হইবার কারণে কেবল প্রার্থীদের নির্বাচনী ব্যয়ই হ্রাস পায় নাই, পরিবেশেরও উন্নতি হইবার সম্ভাবনা দেখা দিয়াছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হইল, এইবার বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকিলেও প্রার্থীরা সেইদিকে খুব একটা ঝোঁকেন নাই। ইহার ফলেও দৃশ্যদূষণের সহিত অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা হ্রাস পাইয়াছে। যত্রতত্র মাইক বাঁধিয়া বক্তৃতাবাজি না করিয়া হ্যান্ডমাইক ব্যবহারের কারণে নির্বাচনকালীন চিরাচরিত শব্দদূষণের যন্ত্রণা হইতেও এইবার অনেকাংশে মুক্তি মিলিয়াছে।

অফলাইনে প্রচারের বাহিরে অনলাইনে প্রচার বাড়িবার কারণে কিছু উদ্বেগের ঘটনা ঘটিয়াছে সামাজিক মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহার করিয়া ভুয়া ভিডিও তৈরির পাশাপাশি গুজব ও বিদ্বেষমূলক কনটেন্ট প্রচারের বিষয়টা হতাশাজনক মাত্রায় দেখা যাইতেছে। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা এআই নীতিমালা প্রণয়ন করিয়াছে বটে, তবে এই ক্ষেত্রে যথেষ্ট বিলম্ব ঘটিয়াছে, অস্বীকার করা যাইবে না। এইবারের নির্বাচনের যথেষ্ট পূর্বে যথাযথ প্রস্তুতি লইয়া নির্বাচন কমিশন কাজ করিলে হয়তো অধিকতর সুফল পাওয়া যাইত। আমরা জানি, বিগত তিনটা সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেন নাই; বিশেষত তরুণ প্রজন্মের ভোটারদের জন্য ত্রয়োদশ নির্বাচনটি প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ করিয়া দিয়াছে। অতএব, প্রচারে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে যোগাযোগে স্বতঃস্ফূর্ততা বিঘ্ন হয় এমন কিছু করা যাইবে না। তথাপি এইবার ভোটের প্রচার অনেকাংশেই পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব হইতেছে, ইহার জন্য সংশ্লিষ্ট সকলেই প্রশংসার্হ। তবে পরিবেশ দূষণ, শব্দদূষণ ও নাগরিকের জন্য ক্ষতিকারক বিষয় সর্বদাই পরিত্যাজ্য। সেই বিবেচনায় এইবারের নির্বাচনী প্রচারে যেই ইতিবাচক ধারা সৃষ্টি হইয়াছে, উহার ধারাবাহিকতা বজায় রাখিতে হইবে। প্রার্থীরা নির্বাচনে পূর্বে যেইভাবে ভোটারের দ্বারে দ্বারে যাইতেছেন, নির্বাচিত হইবার পরও এই প্রবণতা অব্যাহত রাখা জরুরি।

প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রশাসনকেও আচরণবিধির প্রতিফলনে কঠোর হইতে হইবে। কোথাও ইহার ব্যত্যয় ঘটিলে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করিতে হইবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচার চলিবে ১০ তারিখ পর্যন্ত, এই সময়সীমার বাস্তবায়ন ও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি ও প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে বলিয়া আমাদের বিশ্বাস।