হাম কোনো প্রাণঘাতী রোগ নয়। অথচ, এই হামেই চলতি বছরে প্রায় ৫০ শিশুর মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে হামের প্রাদুর্ভাব শুরু হয়, যা চলতি মাসে ব্যাপক আকার ধারণ করেছে। অধিকাংশ মৃত্যু এ মাসেই হয়েছে। এ পর্যন্ত অন্তত এক হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হাম ছড়িয়ে পড়েছে। এই শিশুমৃত্যু ও রোগের অপ্রতিরোধ্য বিস্তার চরম উদ্বেগের কারণে পরিণত হয়েছে। আর এটা হতাশারও কারণ হয়েছে এ জন্য যে, এর চিকিৎসার ব্যবস্থা পর্যাপ্ত নয়। এক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব প্রকট। দীর্ঘদিন হামের টিকা সংকটও চলছে। প্রসঙ্গত উল্লেখ করা আবশ্যক যে, বাংলাদেশ টিকা কর্মসূচিতে সফল দেশ হিসাবে বিবেচিত। বিভিন্ন ধরনের টিকা কর্মসূচি দেশে চালু আছে।
টিকা কর্মসূচির কারণে বাংলাদেশ পোলিও ও ধনুষ্টংকার রোগ নির্মূল সফল হয়েছে। হেপাটাইটিস নিয়ন্ত্রণে রেখেছে। হামও এতদিন নিয়ন্ত্রণে ছিল। হামের টিকা কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শূন্যের কোঠায় নামিয়ে আনা। পরিহাস এই যে, ওই ডিসেম্বর থেকেই হামের নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গত পরশু রাজধানীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছেন, আট বছর আগে হামের টিকা দেয়া হয়েছিল। এরপর আর দেয়া হয়নি। তার এ বক্তব্য থেকে স্পষ্ট, হামের টিকা কর্মসূচি গত আট বছর চালু ছিল না। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মারাত্মক অবহেলার পরিচায়ক। টিকার সংগ্রহ ও বিতরণের আন্তর্জাতিক উদ্যোগ গ্যাভি বাংলাদেশকে টিকা কেনার আর্থিক সহায়তা দিয়ে থাকে। গ্যাভির স্টিয়ারিং কমিটির চেয়ার নিজাম উদ্দীন আহমদ পত্রিকান্তরে টিকার সরবরাহ ও লজিস্টিক সংকটের পাশাপাশি জনবল সংকটের কথা উল্লেখ করে বলেছেন, কোভিড-পরবর্তী সময়ে ড্রপ আউটের কারণে অনেক শিশু টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ পায়নি। সে কারণে টিকা না পাওয়া শিশু সংখ্যায় অনেক হয়েছে। এরাই মূলত হামে আক্রান্ত হচ্ছে। বলা বহুল্য, টিকা কর্মসূচি চালু রাখার জন্য টিকার সংগ্রহ যেমন নিয়মিত হওয়া দরকার, তেমনি মাঠ পর্যায়ে কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়াও চালু থাকা দরকার। এই উভয় ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। ফান্ড ও অন্যান্য কারণে টিকা সংগ্রহ সম্ভব হয়নি। আর টিকার অভাবে কর্মসূচি চালু রাখা অপ্রয়োজনীয় বিবেচিত হয়েছে। বলা যায়, কর্তৃপক্ষীয় অবহেলা ও অপরিণামদর্শিতার কারণেই বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে।
হামের দ্রুত বিস্তারে উদ্বেগ ও বিচলনের এই সময়ে স্বাস্থ্যমন্ত্রী আশার বাণী শুনিয়েছেন। বলেছেন, ‘আমরা ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। যথাসময়ে টিকা সংগ্রহ করে তা দেয়া শুরু করাবো।’ তিনি এও জানিয়েছেন, হামের চিকিৎসার জন্য সংক্রামক ব্যাধি হাসপাতালে ভ্যান্টিলেশনসহ আইসিইউ প্রস্তুত করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, মানিকগঞ্জ ও উত্তরাঞ্চলে শিশুদের হাম চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। সত্য বটে, রোগ-ব্যাধির উপশম ও নিরাময় প্রয়োজনীয় ওষুধপত্র চিকিৎসা সরঞ্জাম, ডাক্তার ও প্রশিক্ষিত জনবলের ওপর নির্ভর করে। সুতরাং, এ সবের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পত্রিকান্তরে প্রকাশিত এক খবরে জানা গেছে, ওষুধের কেন্দ্রীয় গুদামে হামসহ ১০টি রোগের টিকার মজুদ শূন্যে নেমেছে। সাধারণ সম্প্রসারিত টিকা দান কর্মসূচির (ইপিআই) আওতায় ১২টি রোগ প্রতিরোধে টিকা দেয়া হয়। এর মধ্যে বিভিন্ন বয়সী শিশুদের দেয়া হয় সাতটি টিকা, আর নারীদের দুটি টিকা দেয়া হয়। শিশুদের সাতটি টিকার মধ্যে বিসিজি দেয়া হয় যক্ষ্মা প্রতিরোধে, পেন্টা দেয়া হয় ডিপথেরিয়া, পাটুসিস, ধনুষ্টংকার, হেমাফিলাস, ইনফ্লুয়েঞ্জা-বি ও হেপাটাইটিস-বি প্রতিরোধে, ওপিডি দেয়া হয় পোলিও প্রতিরোধে, পিসিভি দেয়া হয় নিউমোনিয়া প্রতিরোধে, এমআর দেয়া হয় হাম ও রুবেলা প্রতিরোধে এবং টাইফয়েড প্রতিরোধে টিসিভি দেয়া হয়। জানা গেছে, টিকাগুলোর মধ্যে বেশিরভাগের মজুদ শূন্য। শিশুদের নিরাপত্তায় এই টিকাশূন্য অবস্থা কতটা মারাত্মক তা সহজেই অনুমেয়। আমরা আশা করবো, সরকার অবিলম্বে সকল টিকা সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করবে। টিকাশূন্যতা সৃষ্টির কারণ কী, কারা এজন্য দায়ী, সেটাও খুঁজে দেখতে হবে। এ ব্যাপারে একটি তদন্তও হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ-পদক্ষেপ নেবে বলে আশা করি।
যেহেতু হাম কোনো প্রাণঘাতী রোগ নয়; তার প্রচলিত চিকিৎসাও আছে; যতদিন টিকার সংস্থান না হচ্ছে, ততদিন এই চিকিৎসা চালাতে হবে। ছোঁয়াচে বলে এ রোগের বিস্তার দ্রুত ঘটে। সেক্ষেত্রে রোগ শনাক্ত হলে রোগীকে পৃথক করে রাখতে হবে। তার খাওয়া-দাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ওষুধপত্রের ব্যাপারে নজরদারি জোরদার করতে হবে। এ মুহূর্তে এ রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। এ বিষয়ে পত্রপত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানো আবশ্যক। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া ইত্যাদি হামের লক্ষণ। লক্ষণগুলো দেখা গেলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে যেতে হবে হাসপাতালে। এ ক্ষেত্রে অবহেলা করা যাবে না। এক খবরে জানা গেছে, হামে আক্রান্ত রোগীদের ৯০ শতাংশই নিউমোনিয়ায় ভুগছে। নিউমোনিয়া মারাত্মক রোগ, বিশেষত শিশুর জন্য। নিউমোনিয়ায় প্রতিবছর বিপুল সংখ্যক শিশু মৃত্যুবরণ করে। হামে ইতোমধ্যে যেসব শিশু মারা গেছে, তাদের মৃত্যুতে নিউমোনিয়ার প্রভাব বা ভূমিকা কতটা ছিল, তা এখন আর জানার উপায় নেই। তবে চিকিৎসকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে পারেন। হামের চিকিৎসায় নিউমোনিয়াকে মোটেও উপেক্ষা করা যাবে না।
