দেশের তৃণমূল গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, স্থানীয় উন্নয়ন, সামাজিক বিরোধ নিষ্পত্তি, নাগরিক সেবা এবং স্থানীয় নেতৃত্ব বিকাশে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচন কেবল স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি শক্তিশালী করারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্বাচন কমিশন প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে। নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা। অবশ্য এগুলো এখনো সম্ভাব্য তারিখ; আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরই তা চূড়ান্ত হবে।
সাত ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত যুক্তি থাকা স্বাভাবিক। সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে একসঙ্গে নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। ধাপে ধাপে নির্বাচন হলে জনবল, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ তুলনামূলকভাবে সহজ হতে পারে। কিন্তু ধাপ যতই করা হোক, মূল সাফল্য নির্ভর করবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনের ভূমিকা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর।
ইউনিয়ন পরিষদ নির্বাচন বিশেষভাবে সংবেদনশীল। জাতীয় নির্বাচনের মতো এখানে বড় রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় প্রচারণার পাশাপাশি স্থানীয় সম্পর্ক, পারিবারিক প্রভাব, সামাজিক বিভাজন এবং ব্যক্তিগত বিরোধও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলে। ফলে স্থানীয় পর্যায়ে নির্বাচনী সংঘাতের ঝুঁকিও কম নয়। অতীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, প্রভাব বিস্তার, ভোটকেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। এবার নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব হবে এসব ঝুঁকি আগেই চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। বিশেষ করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একজন ভোটার যেন কোনো প্রার্থী, দল, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর চাপ ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটিই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মৌলিক শর্ত। ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা, ভোট দিতে ভয় দেখানো কিংবা ভোট দেওয়ার পর প্রতিশোধের আশঙ্কা থাকলে কাগজে-কলমে নির্বাচন অনুষ্ঠিত হলেও তা প্রকৃত অর্থে গণতান্ত্রিক নির্বাচন হয়ে ওঠে না।
এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে শুরু থেকেই একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে নির্বাচনী অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। মনোনয়ন থেকে শুরু করে প্রচারণা, ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে কমিশনের নজরদারি থাকতে হবে। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগে থেকেই শনাক্ত করে সেখানে বিশেষ নজরদারি প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি শুধু ভোটের দিন বাড়ালেই হবে না, নির্বাচনের পুরো প্রক্রিয়ায় তাদের নিরপেক্ষতা দৃশ্যমান হতে হবে।
প্রশাসনের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ প্রশাসন যদি কোনো প্রার্থী বা রাজনৈতিকগোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখায়, তাহলে নির্বাচন কমিশনের সব প্রস্তুতিই প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করা দরকার। কোনো কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বা কোনো প্রার্থীর পক্ষে প্রশাসনিক সুবিধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী মাঠে প্রভাবশালীদের ক্ষমতা যাতে প্রশাসনের নিরপেক্ষতাকে ছাপিয়ে না যায়, সেটিও নিশ্চিত করতে হবে। ইউপি নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ। নির্বাচন নিয়ে মানুষের আস্থা না থাকলে ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহ হারাতে পারেন। বিশেষ করে অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর অভিজ্ঞতা যদি ভোটারদের মনে এই ধারণা তৈরি করে যে ভোট দিলেও ফলাফলে তার প্রভাব নেই, তাহলে গণতান্ত্রিক অংশগ্রহণ দুর্বল হয়ে পড়ে। তাই এবারের নির্বাচনকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। একটি সুষ্ঠু নির্বাচনই পারে ভোটারদের আস্থা পুনর্গঠন করতে।
এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদেরও দায়িত্ব রয়েছে। নির্বাচনকে প্রতিপক্ষকে পরাজিত করার যুদ্ধ হিসেবে না দেখে জনগণের রায় গ্রহণের গণতান্ত্রিক প্রতিযোগিতা হিসেবে দেখতে হবে। প্রচারণায় ব্যক্তিগত আক্রমণ, গুজব, উসকানি এবং সাম্প্রদায়িক বা বিভাজনমূলক বক্তব্য পরিহার করা জরুরি। একইভাবে পরাজিত প্রার্থীদেরও ফলাফল মেনে নেওয়ার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। নির্বাচনে জয়-পরাজয় থাকবে, কিন্তু তা যেন সামাজিক সম্পর্ক ও স্থানীয় শান্তি নষ্টের কারণ না হয়।
