মব সন্ত্রাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার উদ্বেগজনক ঘটনা এখনও বন্ধ হইল না। এইবার এই নিন্দনীয় প্রক্রিয়ার শিকার হইলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান।

সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানাইয়াছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল হইতে নির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ তথা চাকসু প্রতিনিধির কয়েকজন উক্ত শিক্ষকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগ আনেন। এক পর্যায়ে শিক্ষককে ধাওয়া এবং আটকাইয়া প্রক্টর দপ্তরে সোপর্দ করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়াইয়া পড়িয়াছে; সেইখানে দেখা গিয়াছে, শিক্ষক হাসান মোহাম্মদকে কয়েকজন ছাত্র টানিয়া হেঁচড়াইয়া লইয়া যাইতেছেন। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে এই দৃশ্য কেবল নিন্দনীয় নহে, অভাবনীয়ও বটে। প্রাচ্যভূমিতে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে গুরু-শিষ্যের যেই সাংস্কৃতিক ঐতিহ্য সহস্র বৎসর ধরিয়া প্রবহমান, বিশ্ববিদ্যালয়গুলিতে সেই পরিবেশ বিপন্ন হইতেছে মব সন্ত্রাসে।

কোনো শিক্ষকের বিরুদ্ধে এক বা একাধিক শিক্ষার্থীর অভিযোগ থাকিতেই পারে। তাহার প্রতিকারের ব্যবস্থাও যদ্রূপ রাষ্ট্রীয় আইনে, তদ্রূপ বিশ্ববিদ্যালয় যেই আইনে চলে তাহাতেও রহিয়াছে। কিন্তু আলোচ্য ঘটনায় স্পষ্ট বোঝা যায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কোনো আইনকানুনের তোয়াক্কা করিতে ইচ্ছুক নহে। লক্ষণীয়, মব সহিংসতাকারীরা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত চাকসুর প্রতিনিধি, যাহাদের দায়িত্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সমুন্নত রাখিতে কর্তৃপক্ষকে সহযোগিতা। কিন্তু ইহার পরিবর্তে তাহারা নিজেরাই পুলিশ সাজিয়া গিয়াছেন, যাহা বেআইনি তো বটেই, সমাজের অপরাধপ্রবণ অংশকেও অপরাধকর্মে উৎসাহ প্রদান করে। উপরন্তু ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুরূপভাবে শিক্ষার্থী সংসদে নির্বাচিত হইয়া সাম্প্রতিক সময়ে শিক্ষক হেনস্তায় লিপ্ত হইয়াছে। শুধু উহাই নহে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই গত কয়েক মাস পূর্বে একদল শিক্ষার্থীকে আঙুল উঁচাইয়া খোদ উপাচার্যকে শাসাইতে দেখা গিয়াছে। দুর্ভাগ্যবশত, এই সকল মববাজিতে যুক্ত কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ-প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শক্ত পদক্ষেপ গ্রহণ করে নাই। এই প্রেক্ষাপটে আলোচ্য ঘটনাটি জনমনে যতই ক্ষোভ-বিক্ষোভ সৃষ্টি করুক, উহাতে বিস্মিত হইবার কোনো কারণ থাকিতে পারে না।

আমরা দেখিয়াছি, ২০২৪ সালের ৫ আগস্টের পর হইতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতা ছড়াইয়া পড়িয়াছে। একদিকে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষক ইহার শিকার হইয়া প্রতিষ্ঠান ত্যাগ করিতে বাধ্য হন, অন্যদিকে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এমনকি সংখ্যাগুরু ধর্মভুক্ত সুফিবাদী ও মাজারপন্থিরাও এহেন সহিংসতায় আক্রান্ত হইতে থাকেন। সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি নারীরাও অনুরূপ আক্রমণের শিকার হন। একটা পর্যায়ে নাগরিক সমাজের প্রতিবাদে সোচ্চার হইলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহিত অন্য উপদেষ্টারাও মব সহিংসতার বিরুদ্ধে শূন্য-সহিষ্ণুতা প্রদর্শনের ঘোষণা দেন। কিন্তু অচিরেই দেখা গেল, সরকারের উচ্চ মহলের ওই সকল বক্তব্য বাগাড়ম্বর মাত্র। এমনকি বিভিন্ন মব সহিংসতার ঘটনাকে তাদের কেহ কেহ লজ্জাজনকভাবে ‘প্রেশার গ্রুপ’র তৎপরতা বা জনরোষ হিসেবেও তুলিয়া ধরেন। ইহাতে এই ধারণাই পোক্ত হয় যে, বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সমালোচনা ও ক্ষোভ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে মবতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হইতেছে। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মববাজির নেপথ্যেও শিক্ষক রাজনীতি ও ভিন্নমতের শিক্ষকদের খেদাইয়া পদগুলিতে স্বীয়মতের মানুষদের বসাইবার চক্রান্ত থাকিতে পারে।

আমরা মনে করি, সরকারকে যদ্রূপ বুঝিতে হইবে যে, মববাজি রাষ্ট্র ও সমাজকে আইনহীনতার মধ্যে ডুবাইয়া দিতে পারে, তদ্রূপ বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষকেও বিশেষত শিক্ষার পরিবেশবিনাশী এই সকল বেআইনি তৎপরতার পরিণতি সম্পর্কে সচেতন হইতে হইবে। সর্বোপরি, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী সমাজের সচেতন অংশকেও এহেন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখিতে হইবে।