সরকার পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমসহ দেশের কয়েকটি এলাকায় মৎস্য আহরণে পহেলা মার্চ হইতে দুই মাসের যেই নিষেধাজ্ঞা জারি করিয়াছে, উহা যথাযথ হইলেও এই সময়ে মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য ক্ষতিপূরণের যথার্থতা লইয়া প্রশ্ন রহিয়াছে। প্রতি বৎসর সাধারণত মার্চ-এপ্রিল মাসে জাটকা এবং সেপ্টেম্বর-অক্টোবরে মা ইলিশ রক্ষায় সরকার নদনদী ও সমুদ্রে সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রদান করিয়া থাকে। তবে নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য সরকার যেই ত্রাণ সহায়তা প্রদান করিয়া থাকে, উহা যথাযথরূপে বিতরণ করা হয় না বলিয়াও অভিযোগ বিস্তর। বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, ইলিশ শিকার হইতে বিরত থাকা প্রত্যেক জেলের ৮০ কেজি চাউল পাইবার কথা থাকিলেও শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলেদের আট-দশ কেজি চাউল কম দেওয়া হইয়াছে। মাঠ পর্যায়ে জেলেদের সরকারি সহায়তা সম্পূর্ণ না পাইবার বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক। কারণ জেলে পরিবারগুলি শুধু মৎস্য আহরণ করিয়াই জীবিকা নির্বাহ করিয়া থাকে। ইলিশ আহরণে নিষেধাজ্ঞাকালে সকল ধরনের মৎস্য শিকারে বাধা থাকায় তাহারা নিরুপায় হইয়া পড়েন। এই সময়ে তাহাদের খাদ্য সহায়তারূপে শুধু চাউল প্রদান করা কেন? উপরন্তু সেই চাউলও যদি তাহারা নির্দিষ্ট পরিমাণ না পাইয়া থাকেন, তবে জেলেদের অন্ন সংস্থান হইবে কী প্রকারে?

ইলিশ আমাদের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য এবং বিশ্বে উৎপাদিত বিপুল অধিকাংশ ইলিশ বাংলাদেশেই উৎপাদন হইয়া থাকে। নিষেধাজ্ঞার দুই মৌসুমে ইলিশ আহরণ স্থগিত রাখিতে পারিলে উৎপাদন বৃদ্ধি সম্ভব। এক যুগ পূর্বে যেই ইলিশ আহরণ ছিল প্রায় তিন লক্ষ টন; মধ্যখানে উহা বৃদ্ধি পাইয়া পাঁচ লক্ষ টন অতিক্রম করিলেও সাম্প্রতিক প্রবণতা নিম্নমুখী। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং গবেষণা এই ক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা পালন করিতে পারে। বিশেষ করিয়া নিষেধাজ্ঞাকালীন যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে উহা অসম্ভব নহে। কিন্তু যদি জেলেদের চাহিদা যথাযথ পূরণ না করা হয়, তবে উভয় দিক হইতেই শঙ্কা থাকিয়া যায়। জেলেদের পেশা যথা মৎস্য আহরণ, তথায় দীর্ঘ দুই মাস মৎস্য শিকারে বিরত থাকিয়া বাঁচিতে হইলে প্রত্যাশিত চাহিদা পূরণ করিতে হইবে। বিপরীতে যখন তাহারা বরাদ্দকৃত খাদ্য চাহিদা না পাইয়া থাকেন, উহা দুঃখজনক।

ইতোপূর্বে আমরা দেখিয়াছি, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রভাবশালীরা প্রশাসনের যোগসাজশে মৎস্য আহরণ করিয়া থাকে। বিপরীতে এই সময়ে ইলিশ সুরক্ষা অভিযানের নামে জেলেদের উপর নিপীড়ন চালানো হইয়া থাকে। একান্তই জীবিকার তাগিদে যেই সকল জেলে এই সময় মৎস্য শিকার করিয়া থাকেন, তাহাদের বিষয়ে কঠোরতর মনোভাব প্রত্যাশিত নহে। তাহাদের কারাগারে না পুরিয়া কিংবা জাল-নৌকা ধ্বংস না করিয়া লঘুদণ্ডের বিষয়টি সংবেদনশীলতার সহিত বিবেচনা করা আবশ্যক। সমকালের প্রতিবেদনে শরীয়তপুরের জেলেদের আট-দশ কেজি চাউল কম দিবার বিষয়টি আসিলেও সমগ্র দেশেই এহেন প্রবণতা অস্বীকার করা যাইবে না। ইহার সহিত প্রকৃত জেলেরাই খাদ্য সহায়তা পাইতেছে কিনা, উহা প্রশ্নসাপেক্ষ। তজ্জন্য প্রকৃত জেলেদের তালিকা করিয়া পর্যাপ্ত সরকারি সহায়তা প্রদান করিতে হইবে। শরীয়তপুরের ঘটনায় ট্যাগ অফিসার অভিযোগ করিয়াছেন, বস্তায় কিছু চাউল কম থাকায় জেলেরা কম পাইতেছে। আমরা মনে করি, এইভাবে চাউল সহায়তা না দিয়া আর্থিক সহায়তা আরও ফলপ্রসূ হইতে পারে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি বৎসর নিষেধাজ্ঞার সময়ে আর্থিক সহায়তা পাইলে তাহারা সকল প্রকার চাহিদা মিটাইতে পারিবেন। ইহাতে চাউল বহন, বিতরণ ইত্যাদি ঝামেলাও চুকিয়া যাইবে। তবে শরীয়তপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের আলোচ্য চাউল বিতরণে অনিয়ম খতাইয়া দেখিয়া যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। জেলেদের কোনোভাবেই বঞ্চিত করা যাইবে না।