ভূমধ্যসাগরের লবণাক্ত জলে বারংবার বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি কেবল লবণাক্ত অশ্রুই ঝরায় না, অসন্তোষও ফেনাইয়া তোলে। তাহাদের স্বজনদের আহাজারিও যেন আকাশ বিদীর্ণ করিয়া দেয়। সর্বশেষ বিয়োগান্ত ঘটনায় যেই অন্তত ১৮ বাংলাদেশি প্রাণ হারাইয়াছেন, তাহাদের রাবারের নৌকায় করিয়া অন্য অনেকের সহিত লিবিয়া হইতে গ্রিসের দিকে লওয়া হইতেছিল। দিগ্‌ভ্রান্ত হইলে দিনের পর দিন সাগরেই ভাসিতে হইতেছিল; এক পর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে যাত্রীরা একে একে প্রাণ হারাইতে থাকেন; যাহাদের মরদেহ সাগরে ফেলিয়া দেওয়া হয়। গত শুক্রবার উক্ত নৌকা হইতে জীবিত উদ্ধার ২১ বাংলাদেশিকে অন্যদের সহিত গ্রিসের একটি আশ্রয় শিবিরে রাখা হইলেও অনেকেই গুরুতর অসুস্থ। আমাদের বেদনা ও বিক্ষোভের বিষয়, এত আলোচনা ও প্রচারণা সত্ত্বেও মানব পাচারকারীদের ফাঁদে পড়িয়া ভূমধ্যসাগর দিয়া ইউরোপ গমনের হার কমিতেছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়া অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে বিপদগ্রস্ত বাংলাদেশিদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় প্রতি মাসেই ফেরত আনা হইতেছে; গত ১৫ বৎসরে এই সংখ্যা ৪৮ সহস্রাধিক। অন্যদিকে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলিতেছে, গত পাঁচ বৎসরে ভূমধ্যসাগরে প্রাণহানির শিকার ১৮৭ বাংলাদেশির লাশ সরকারি ব্যয়ে দেশে আনা হইয়াছে। জানা যায়, ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখাইয়া নিরীহ মানুষকে প্রথমে লিবিয়ায় লইয়া যায় পাচারকারী চক্র। তথা হইতে ভূমধ্যসাগর পাড়ি দিয়া ইউরোপে প্রবেশের চেষ্টা করে যেই সকল দেশের অধিবাসী, বাংলাদেশ সেই তালিকায় প্রথম। এই বাবদ জনপ্রতি ১২ হইতে ৩০ লক্ষ টাকা দিতে হয় অভিবাসনপ্রত্যাশীদের। অনেকে লিবিয়ায় গিয়া অপহরণের শিকারও হন। যুদ্ধবিধ্বস্ত দেশটির নানা প্রকার বেসরকারি মিলিশিয়া-নিয়ন্ত্রিত বন্দিশালায় ভুক্তভোগীদের আটকাইয়া নির্যাতনের ভিডিও দেখাইয়া দেশে থাকা স্বজনদের নিকট হইতে আদায় করা হয় মুক্তিপণ। ২০২০ সালের মে মাসে লিবিয়ার মিজদা শহরের এক বন্দিশিবিরে ২৬ জন বাংলাদেশিকে গুলিতে হত্যা করা হইয়াছিল।

দুর্ভাগ্যবশত, এই সকল নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পরও অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিবার ক্ষেত্রে জনসচেতনতা পরিলক্ষিত হইতেছে না। সরকারও এহেন অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ লইতেছে না। বিষয়টি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণকারী ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসানের এই বক্তব্য প্রণিধানযোগ্য, ভূমধ্যসাগর পাড়ি দিয়া ইউরোপে যাইবার পথে প্রাণহানি বা আটকের ঘটনা নিয়মিত ঘটিলেও একসঙ্গে অধিক সংখ্যক প্রাণহানি ঘটিলেই কেবল রাষ্ট্রের সামান্য তৎপরতা দৃশ্যমান। কিছুদিন পর পরিস্থিতি পুনরায় তথৈবচ। বস্তুত দেশে উপযুক্ত কর্মসংস্থান না থাকায় অসচেতন নিম্নবিত্ত যখন প্রতিবেশী বা পরিচিতদের ইউরোপ গিয়া সচ্ছলতা ফিরাইতে দেখেন, তখন ঝুঁকির বিষয়টি গৌণ হইয়া যায়। উহার সহিত যুক্ত হয় দেশীয় ও আন্তর্জাতিক দালালচক্রের লোভনীয় প্রচারণা। ব্র্যাকের এক গবেষণায় উঠিয়া আসিয়াছে, ভূমধ্যসাগরের অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন সাধারণত মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মানুষ। এই জেলাগুলি ঘিরিয়া উপযুক্ত পদক্ষেপ গৃহীত হইলেই সমস্যাটি অনেকাংশে সমাধান করা যায়। উপরন্তু জরিপে অংশগ্রহণকারী যেই ৬০ শতাংশের পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখাইয়াছিল, তাহাদের ৮৯ শতাংশেরই স্বপ্নের দেশে কর্মসংস্থান হয় নাই। তাহারা বিবিধ ঝুঁকিরও সম্মুখীন। সংকট সমাধানে সাধারণ মানুষ ও বিদেশগামীদের এই সকল তথ্যও জানাইতে হইবে। স্থানীয় দালাল ও মানব পাচার চক্রের বিরুদ্ধে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনাও জরুরি। তৎসহিত লিবিয়া বা অন্য দেশের আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধেও সোচ্চার হইতে হইবে আন্তর্জাতিকভাবে।