দেশের অর্থনীতি যেকোনো সময়ের তুলনায় খারাপ অবস্থায় রয়েছে। অর্থপাচার, লুটপাট, লাগামহীন দুর্নীতি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতিকে যে শূন্য অবস্থায় রেখে গিয়েছিল, অবস্থায়ই রয়ে গেছে। কোনো উন্নতি হয়নি। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ধারণা করা হয়েছিল, অন্তর্বর্তী সরকার দ্রুতই তলানিতে চলে যাওয়া অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনতে পারবে। সরকার দায়িত্ব নেয়ার পর বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ ইত্যাদি সংস্থা ও ধনী রাষ্ট্রগুলো বিলিয়ন বিলিয়ন ডলার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিল। গত বছরের এপ্রিলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের ৫০টি দেশের বিনিয়োগকারিদের নিয়ে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ আয়োজন করে। বিডা থেকে দাবি করা হয়েছিল, বিনিয়োগকারিরা তাৎক্ষণিকভাবে ৩২ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বাস্তবতা হচ্ছে, এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। প্রতিশ্রুত অর্থ আসেনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বিভিন্ন দেশ সফর করে বিনিয়োগকারিদের আহ্বান জানালেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে হাসিনার রেখে যাওয়া খাদের কিনারের অর্থনীতি দিন দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে। অর্থনীতির উন্নয়নসূচক বলতে কিছু নেই। গত শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৫-২০২৬ নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরে বলেছে, অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। অর্থনীতি চাঙ্গা করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। বিনিয়োগ সর্বকালের সর্বনি¤œ অবস্থাসহ আগামীতে দেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে।

দেশের অর্থনীতি কতটা শোচনীয়, তা বোঝার জন্য এখন গবেষকের প্রয়োজন পড়েনা। একজন সাধারণ মানুষও তা বুঝতে পারে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, আয় কমে যাওয়াসহ তার জীবনযাপনের টানাপড়েন থেকেই বোঝা যায়। আমরা বহুদিন ধরেই সরকারকে বলে আসছি, দেশের অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে। দেখা যাচ্ছে, সরকার তা করতে টানা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। উন্নয়ন দূরে থাক, অর্থনীতির সূচকগুলো যাতে আরও নিচে চলে না যায়, সেটাও ঠেকাতে পারেনি। শত শত শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, বিদ্যমান শিল্পকারখানার উৎপাদন সংকুচিত হওয়া, হু হু করে বেকারত্ব বৃদ্ধি, মানুষের আয় কমে যাওয়া, বিনিয়োগ শূন্যতা, আমদানি-রফতানিতে স্থবিরতা, বৈদেশিক ঋণ ও সহযোগিতা কমে যাওয়াসহ সরকার চালানোর মতো অর্থ না থাকার পরিস্থিতি চলছে। গ্যাসের তীব্র সংকটে অর্থনীতির অগ্রভাগে থাকা গার্মেন্ট ও অন্যান্য শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অথচ গ্যাস সংকট থাকার কথা নয়। কারণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রগুলোতে যে গ্যাসের প্রয়োজন হয়, সেসব কেন্দ্রের প্রায় ৭৫ শতাংশই এখন বন্ধ রয়েছে। ফলে গ্যাসের সংকট এত তীব্র হওয়ার কথা নয়। সরকার এক্ষেত্রে গ্যাস ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারেনি। দেশের শেয়ারবাজারে এখন আওয়ামী লুটেরারা না থাকলেও তা সরকার চাঙা করতে পারেনি। শেয়ার বাজারের অর্থ কোথায় যাচ্ছে, এখন এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। দায়িত্ব নেয়ার পর সরকার বেশ হাকডাক দিয়ে আওয়ামী আমলে পাচারকৃত অর্থ ফেরত আনার ঘোষণা দিয়েছিল। এক টাকাও আনতে পারেনি। যদিও রেমিট্যান্স ও রিজার্ভ বেড়েছে, তবে এক্ষেত্রে সরকারের কোনো কৃতিত্ব নেই। দেশের বাইরে কর্মরত লাখ লাখ প্রবাসী তাদের ইচ্ছায় রেমিট্যান্স পাঠাচ্ছে।

যেকোনো সরকারের জন্য দেড় বছর কম সময় নয়। আমাদের মতো উন্নয়নশীল দেশে অর্থনীতিকে এগিয়ে নিতে সময়ক্ষেপণ করার সুযোগ নেই। দ্রুত অর্থনৈতিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হয়। অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভঙুর অর্থনীতি সহনীয় পর্যায়ে আনতে পারেনি। পর্যবেক্ষকদের মতে, সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে, সে যেন আগামী সরকারকে বিপাকে, বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীলতার মধ্যে রাখার জন্য অর্থনীতিকে শোচনীয় পর্যায়ে রেখে যেতে চাচ্ছে। বলা বাহুল্য, দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং মানুষের জীবনযাপনে স্বস্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রথম শর্ত। অর্থনৈতিক পরিস্থিতি শোচনীয় পর্যায়ে থাকলে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়, অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, দেশ অস্থিতিশীল হয়ে উঠে। ভেনেজুয়েলায় যা ঘটেছে এবং ইরানে যা ঘটছে, তার মূলে রয়েছে, দেশ দুটির অর্থনৈতিক দুর্বলতা ও মানুষের জীবনযাপনের অস্বস্তি। এতে দেশ দুটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শেখ হাসিনার পতনের পেছনেও লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ফোকলা করে দেয়া এবং জনগণের জীবন অতিষ্ঠ হয়ে যাওয়া অন্যতম কারণ বলে চিহ্নিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর এক মাস রয়েছে। সরকারের উচিত, এ সময়ের মধ্যে অন্তত অর্থনৈতিক উন্নয়নের একটি দিকনির্দেশনামূলক কাঠামো তৈরি করে যাওয়া, যাতে আগামী সরকার এ অনুযায়ী অর্থনীতি পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে পারে।