গত ১৫ ও ১৬ জুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসাবে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিকবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) ডা. জাহেদ উর রহমানের। এ উদ্দেশ্যে তিনি গত ১৪ জুন বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছেন বলে গতকাল প্রকাশিত পত্রপত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে এক ধরনের অস্বস্তি ও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। পত্রপত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, উল্লেখিত সম্মেলনের অতিথি হিসাবে ভারতে প্রবেশের জন্য ডা. জাহেদ উর রহমানের রাষ্ট্রীয়, কূটনৈতিক ও প্রশাসনিক সব ধাপ স¤পন্ন হয়েছিল।
তারপরও দিল্লি বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। কূটনৈতিক সূত্রে জানা যায়, সম্মেলনে ডা. জাহেদ উর রহমানের অংশগ্রহণের বিষয়টি ১২ জুন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের মাধ্যমে অবহিত করেছিল। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পরও দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা, সে বিষয়ে কোনো ¯পষ্ট ব্যাখ্যাও দেয়া হয়নি। ঘটনাটিকে আত্মসম্মানের প্রশ্ন হিসাবে বিবেচনা ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট ফেরত নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বিবেচনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তখন তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। দিল্লি থেকে ঢাকায় ফেরার সরাসরি কোনো ফ্লাইট না থাকায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি কলম্বো হয়ে সোমবার বেলা পৌনে ১২টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন। দিল্লি ইমিগ্রেশন কর্তৃপক্ষের এহেন আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ ঘটনাকে ‘অনাকাক্সিক্ষত’ বলে মন্তব্য করেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এমন ঘটনায় ভারত-বাংলাদেশের স¤পর্ক আরেক দফা অস্বস্তির মধ্যে পড়ল। তাদের মতে, ডা. জাহেদ উর রহমানের সঙ্গে যা ঘটেছে, তা অসৌজন্যমূলক এবং শিষ্টাচারবহির্ভূত। এমন পরিস্থিতি কেন হলো, দিল্লিকে তার সঠিক ব্যাখ্যা দেয়া উচিৎ।
ভারতীয় একটি সংবাদ পোর্টাল সিএনএন-নিউজ ১৮ জানিয়েছে, নিরাপত্তাসংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার কারণে দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডা. জাহেদ উর রহমানকে কিছুক্ষণ আটকে রাখে। রুটিন তল্লাশির সময় তার নামটি ইমিগ্রেশন কর্মকর্তাদের নজরে আসে এবং পরে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাকে থামানো হয়। এদিকে জানা যায়, আইওআরএ সম্মেলনে অংশগ্রহণের জন্য ডা. জাহেদ উর রহমানের কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। তার সঙ্গে সার্কের স্টিকারযুক্ত (সার্ক ভিসা হিসেবে পরিচিত) সাধারণ সবুজ পাসপোর্ট ছিল। তবে ডা. জাহেদ উর রহমানের সফরের বিষয়টি বাংলাদেশ হাই কমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) মাধ্যমে জানিয়েছে।
গত রোববার বিকালে তাকে অভ্যর্থনা জানাতে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন বলেও জানা যায়। সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরও দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সাথে যা ঘটেছে, তা নিঃসন্দেহে নিন্দনীয়। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে লাল পাসপোর্ট ব্যবহারের পরিবর্তে কেন তিনি সবুজ বা ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করলেন? কেন তাকে আগে থেকে নেয়া সার্ক স্টিকার ভিসা ব্যবহার করে ভারত যেতে হবে? লাল পাসপোর্টের ভিসা নিয়ে যাওয়াই তো ছিল কূটনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া। বলার অপেক্ষা রাখে না, পুশ ইন, সীমান্ত হত্যা ইত্যাদি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের অস্বস্তিকর সম্পর্ক বিরাজ করছে।
এর মধ্যে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিকে দেশটিতে সফরে যাওয়ার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা উচিৎ ছিল। এখানে ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে সফর করা কোনোভাবেই উচিৎ হয়নি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাল পাসপোর্টে সফরে যাবেন, এটাই স্বাভাবিক। তা তিনি কেন ব্যবহার করলেন না, এটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এখানে ব্যক্তি ডা. জাহেদ উর রহমান কোনো ব্যাপার ছিল না, সরকারের উপদেষ্টা হিসেবে প্রতিনিধিত্ব করতে তিনি সফরে যাচ্ছিলেন। এর সাথে রাষ্ট্রের ভাবমর্যাদা জিড়েয়ে আছে। ফলে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে রাষ্ট্রীয় সফর হয় কিনা, এ বিষয়টি তার খেয়াল করা উচিৎ ছিল। তিনি ব্যক্তিগত পাসপোর্ট নাকি লাল পাসপোর্ট ব্যবহার করে সেখানে যাচ্ছেন কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও এ বিষয়টি খেয়াল করা উচিৎ ছিল। বোঝা যাচ্ছে, এখানে বড় ধরনের গ্যাপ ছিল। ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করার কারণে এটা মনে করা অসঙ্গত নয় যে, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে একজন ইউটিউবার হিসেবে গণ্য করে হেনস্থা করার সুযোগ নিয়েছে।
মন্ত্রী, উপদেষ্টা কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাদের রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সফরের ক্ষেত্রে প্রকাশ্য ঘোষণা থাকতে হয়। এটা কোনো গোপনীয় বিষয় নয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে কে কোথায় যাচ্ছেন, তা জনগণকে জানানো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দায়িত্ব। এখানে রাখঢাক করার সুযোগ নেই। উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দিল্লির সম্মেলনে অংশগ্রহণ করবেন বা করতে যাচ্ছেন, এ ধরনের ঘোষণা আগে থেকে কেউ জানতে পারেনি। মিডিয়ায়ও কোনো সংবাদ প্রকাশিত হয়নি। দিল্লি বিমানবন্দরে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যাওয়ার পরই তা সবাই জেনেছে। সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বিদেশ সফর যাবেন, তা কেউ জানবে না, এটা কাম্য ছিল না। এর আগেও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ব্যক্তিগত সফরে লন্ডনে গিয়েছিলেন।
তার এই সফর নিয়েও কিছু জানানো হয়নি। ফলে তার এই সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। মন্ত্রী-উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিদেশ সফরের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা কাম্য হতে পারে না। সরকারের গুরুত্বপূর্ণ পদ-পদবীতে যারা দায়িত্ব পালন করেন, তারা তখন শুধু ব্যক্তি পর্যায়ে থাকেন না, সরকারের অংশ হয়ে থাকেন। তিনি যেখানেই যান, ওই পরিচয়ও তার সাথে থাকে। তিনি যা করবেন বা বলবেন, তা সরকারেরই বক্তব্য হয়ে উঠে। এখানে ব্যক্তিগত বলে কিছু নেই। প্রযুক্তির এ যুগে কোনো কিছুই গোপন থাকে না। কে, কখন, কোথায় যান, কী কথা বলেন, তা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার বা রাষ্ট্রের মন্ত্রী, উপদেষ্টা, আমলা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে তো কথাই নেই। তাদের কথাবার্তা, চলাফেরার দিকে সকলেরই মনোযোগ থাকে। প্রযুক্তির চোখ তাদের সবসময় অনুসরণ করে। এমতাবস্থায়, তারা যদি কথাবার্তা বা চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করেন, তাহলে তা সরকার ও রাষ্ট্রের জন্য বিব্রতকর ও মর্যাদাহানি হয়ে থাকে। ডা. জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে সফরে গিয়ে যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি ও হেনস্থার শিকার হয়েছেন, তা তার ব্যক্তিগত বিষয়ের সাথে সম্পর্কিত নয়, এর সাথে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি জড়িয়ে আছে। এর দায় সরকারকে কেন নিতে হবে? এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে সরকারের মন্ত্রী, এমপিসহ দায়িত্বরত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অধিক সতর্ক থাকা বাঞ্ছনীয়। সরকারি বা ব্যক্তিগত সফর, যেটাই হোক না কেন, আগে থেকে তা ঘোষণা দিতে হবে এবং সঠিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।
