সদস্যদের দলীয় আনুগত্য অনুযায়ী বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) দ্বিধাবিভক্ত হইবার ঘটনা অনাকাঙ্ক্ষিত তো বটেই, উদ্বেগজনকও। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই প্রক্রিয়ায় গঠিত সংগঠনটির দুই কমিটি সোমবার পাল্টাপাল্টি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়াছে। ইহার মধ্যে একটা বিএনপির অনুসারী, অপরটি জামায়াতে ইসলামীর অনুসারী। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কারণ ১৭ মাস পূর্বে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করিবার কথা বলিয়া শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়াছিল। উপরন্তু অন্যান্য বিষয়ের সহিত এই লক্ষ্য অর্জনে একাধিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নাধীন বলিয়া সরকারের তরফ হইতে ইতোপূর্বে বলা হইয়াছে। যাহারা এই সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করিবেন তাহারাই দলীয় স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকিলে সকলই গরল ভেল!
প্রসঙ্গত, সংশ্লিষ্ট সূত্র হইতে তথ্য লইয়া প্রতিবেদনে বলা হইয়াছে, গত ২০ জানুয়ারি দেশের আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাত্র দুই দিনের মধ্যে ইহা বাতিলপূর্বক আরেক প্রজ্ঞাপন জারি হয় একই মন্ত্রণালয় হইতে। অন্যদিকে এই বদলির সহিত বিএনপি-জামায়াতের শীর্ষ নেতারাও সংশ্লিষ্ট হন, যাহার প্রভাব পড়ে প্রশাসনে দল দুইটির অনুসারী কর্মকর্তাদের উপর। উক্ত বদলি মঞ্জুর ও বাতিলের আদেশ বিষয়ে দুই পক্ষের পরস্পরকে সন্দেহ করিবার সহিত তাহাদের সংগঠনটি দ্বিধাবিভক্ত হইবার সম্পর্ক রহিয়াছে বলিয়া প্রতিবেদনে বলা হইয়াছে।
জনপ্রশাসনে দলীয়করণের এহেন উৎকট প্রকাশ এমন সময়ে ঘটিল যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা অতীব জরুরি। আমরা দেখিয়াছি, তপশিল ঘোষণার পূর্বে বিএনপির পক্ষ হইতে তৎকালীন জনপ্রশাসন সচিবের নিরপেক্ষতা লইয়া প্রশ্ন উঠিলে সরকার বর্তমান জনপ্রশাসন সচিবকে তৎস্থলে আসীন করে। কিন্তু তাঁহার সম্পর্কে জামায়াতে ইসলামীর পক্ষ হইতে বলা হইয়াছে, তিনি ‘একটি বিশেষ রাজনৈতিক দলের’ আদর্শে বিশ্বাসী। তদুপরি দুই দলই নির্বাচন উপলক্ষে ‘মেধাবী ও নিরপেক্ষ’ কর্মকর্তাদের দিয়া মাঠ প্রশাসন বিন্যাসের দাবি জানাইলে প্রধান উপদেষ্টা স্বয়ং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবেন বলিয়া ঘোষণা দেন। কিন্তু আলোচ্য ঘটনার পর ‘নিরপেক্ষ কর্মকর্তা’ যে স্বর্ণের পাথরবাটি হইয়া উঠিতে পারেন। এহেন পরিস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হইলেও তাহা ফুৎকারে উৎক্ষেপের অবকাশ থাকিবে না। এই কারণেই ঘটনাটাকে আমরা উদ্বেগজনক বলিয়াছি। এই বক্তব্যও বাহুল্য হইবে না, বিশেষত বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটাধিকার বঞ্চিত বিপুলসংখ্যক মানুষ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করিতেছেন। সর্বোপরি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ এই রাষ্ট্র ও জাতির জন্য অপরিহার্য হইয়া পড়িয়াছে। এমতাবস্থায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি প্রার্থীদের সন্দেহ, অবিশ্বাস সেই আশার বিচূর্ণ বালুকা ছিটাইয়া দিতে পারে।
আমরা জানি, দেশ ও জনগণের কল্যাণ-উন্নয়নে গৃহীত যেই কোনো সরকারি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকন্তু সরকার বিদায় লইলেও রাষ্ট্রের ধারাবাহিক উন্নতির স্বার্থে সাধারণত প্রশাসন স্থির থাকে। এই কারণেই বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু মেধাবী ও দক্ষ আমলাতন্ত্রই প্রতিষ্ঠা করা হয় না; সংশ্লিষ্টদের দলনিরপেক্ষ পরিচয়ও নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয় কাজের স্বচ্ছতা ও জবাবদিহি উহার স্বত্বাধিকারী জনগণের নিকট নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত, স্বাধীনতার পর হইতে উক্ত নীতি কাগজে থাকিলেও বাস্তবে পরিলক্ষিত হয় নাই। আমরা প্রত্যাশা করিয়াছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়া প্রতিষ্ঠিত সরকার এই বিষয়ে জনগণকে হতাশ করিতে পারে না। কিন্তু খোদ প্রশাসনে প্রকাশ্য দলীয় বিভক্তি আর যাহাই হউক, আশা জাগাইতেছে না।
