মানবসভ্যতার ইতিহাস মূলত উত্থান ও পতনের ইতিহাস। এই ইতিহাসে একের পর এক সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর আজকের সভ্যতা কোনো একক জাতি বা সংস্কৃতির সৃষ্টি নয়; বরং বিভিন্ন সাম্রাজ্য, সংস্কৃতি ও সভ্যতার দীর্ঘ সংঘাত ও উত্থান-পতনের মধ্য দিয়েই বর্তমান বিশ্বব্যবস্থা গড়ে উঠেছে। পারস্য, গ্রিক, রোমান, অটোমান, মঙ্গোল, মুঘল কিংবা স্প্যানিশ বা ব্রিটিশ—ইতিহাসের বিভিন্ন পথপরিক্রমায় প্রত্যেকেই শক্তি প্রয়োগের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেছে এবং প্রতিটি সাম্রাজ্যই কোনো না কোনোভাবে মানবসভ্যতার রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোকে প্রভাবিত করেছে।

তবে সব সাম্রাজ্য যে নিষ্ঠুর ছিল, এমন কথাও বলা যাবে না। ইতিহাসে বহু সম্রাট আছেন, যাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ তাঁদের নামের সঙ্গে ‘গ্রেট’ বা ‘মহান’ উপাধি যুক্ত হয়েছে। যেমন—সাইরাস দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট, রোমের অগাস্টাস, রাশিয়ার পিটার দ্য গ্রেট, ইংল্যান্ডের আলফ্রেড দ্য গ্রেট কিংবা মুঘল সম্রাট আকবর। এই ‘মহান’ উপাধি কেবল সামরিক বিজয়ের কারণে নয়; বরং প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা কিংবা নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কারণেও দেওয়া হয়েছে।

ইতিহাসবিদদের মতে, বিশ্বের প্রাচীনতম বৃহৎ সাম্রাজ্যগুলোর একটি হলো আক্কাদীয় সাম্রাজ্য, যা খ্রিস্টপূর্ব প্রায় ২৩৩৪ সালে মেসোপটেমিয়া অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। বর্তমান ইরাকের এই অঞ্চল থেকেই প্রথমবারের মতো একটি কেন্দ্রীভূত সাম্রাজ্যিক শাসনব্যবস্থার সূচনা ঘটে। এরপর ইতিহাসে ধীরে ধীরে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ঘটে, যা পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক কাঠামোর ভিত্তি তৈরি করে।

প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য। এটি পূর্বে সিন্ধু নদ থেকে পশ্চিমে গ্রিস পর্যন্ত বিস্তৃত ছিল এবং সে সময়কার বিশ্বের বৃহত্তম রাজনৈতিক শক্তিগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস দ্য গ্রেট। তিনি ব্যাবিলন দখলের পর স্থানীয় জনগণের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন এবং নির্বাসিত জনগোষ্ঠীকে নিজ নিজ অঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেন। প্রশাসনিক দক্ষতা ও তুলনামূলক সহনশীল নীতির জন্যই ইতিহাসে তিনি ‘গ্রেট’ উপাধি লাভ করেন।

পারস্য সাম্রাজ্যের আরেকজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন প্রথম দারিয়ুস। তিনি সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোকে আরও সুসংগঠিত করেন এবং করব্যবস্থায় সংস্কার আনেন। বিশাল সাম্রাজ্যকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য তিনি প্রাদেশিক শাসনব্যবস্থা বা সাত্রাপি ব্যবস্থা চালু করেন। পার্সেপোলিস ছিল পারস্য সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী, যার স্থাপত্যিক নিদর্শন আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে। তবে খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডারের পারস্য আক্রমণের সময় এই নগরী ধ্বংস হয়ে যায়।

সময়ের পরিক্রমায় সাম্রাজ্য বিস্তারের যুগ অনেক আগেই শেষ হয়েছে। বিশেষ করে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলোর পতনের মধ্য দিয়ে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে ওঠে। দুটি বিশ্বযুদ্ধ সাম্রাজ্যবাদকে নিয়ে গিয়েছিল খাদের কিনারায়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পর আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সার্বজনীন মানবাধিকারের ধারণা বিশ্বব্যাপী গুরুত্ব লাভ করে।

তবে এই নতুন বিশ্বব্যবস্থাও দ্বন্দ্বমুক্ত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বরাজনীতি দীর্ঘ সময় ধরে একটি দ্বি-মেরু কাঠামোর মধ্যে আবদ্ধ ছিল—একদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্লক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লক। এই আদর্শিক বিভক্তি পৃথিবীতে একের পর এক যুদ্ধ ও বিবাদের সূচনা করেছে; হাজার হাজার ও লাখ লাখ মানুষের রক্ত ঝরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে বিশ্বব্যবস্থায় আদর্শিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে কোরিয়া যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের মতো সংঘাতের জন্ম হয়।

নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে এই দ্বি-মেরু বিশ্বব্যবস্থার অবসান ঘটে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। এই পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র বৈশ্বিক রাজনীতিতে একক প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়। অনেক বিশ্লেষকের মতে, এই সময় থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক উপস্থিতি আরও বৃদ্ধি পেতে থাকে—বিশেষ করে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান এবং অন্যান্য কৌশলগত অঞ্চলে।

সমালোচকদের মতে, আধুনিক বিশ্বরাজনীতিতে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের ভাষ্য অনেক সময় ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হয়। যুদ্ধ অর্থনীতি আজকের বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে যুদ্ধ বা সংঘাতের মাধ্যমে সম্পদ, বাজার এবং কৌশলগত প্রভাব কেন্দ্রীভূত করার প্রবণতা দেখা যায়। পুঁজির অন্যতম নীতি হচ্ছে অবাধ প্রতিযোগিতা, যার মাধ্যমে এর বিকাশ ঘটে; এর বিপরীতে কেন্দ্রিভূত ও জবরদখলের বিশ্ব অর্থনীতি পুঁজিবাদকেই ক্ষয়িষ্ণু করে দিচ্ছে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—আধুনিক বিশ্বশক্তিগুলোর এই নীতিকে কি নতুন ধরনের সাম্রাজ্যবাদ বিস্তারের হাতিয়ার হিসেবে দেখা যায়? ইতিহাসের সাম্রাজ্যগুলো যেমন সামরিক শক্তি ও রাজনৈতিক আধিপত্যের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করেছিল, তেমনি এই সময়ও এর কোনো ব্যতিক্রম দেখা যায় না। এখন একের পর এক সামরিক অভিযান চলছে; তবে মজার বিষয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তা করা হয় ন্যায়বিচারের নামে।

একসময় যে পারস্য সাম্রাজ্য বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল, সেই অঞ্চল আজকের ইরান নানা ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা আবারও এই অঞ্চলের ইতিহাসকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। নিঃসন্দেহে ইরানের এই সময়ের নেতাদের সেই পারস্য সম্রাটদের মতো কোনোভাবেই ‘গ্রেট’বলা যাবে না; বরং তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধমত দমন এবং বিশেষ করে স্বাধীনচেতা নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। তবে পারস্যের জনগণ তাদের ইতিহাস ও ঐতিহ্য ভুলে গেছে—এমনটা বলা যাবে না। হয়তো এমন একটি দিন আসতে পারে, যখন ইরানের জনগণ তাদের সরকারের পতন ঘটাবে, যেমনভাবে একসময় শাহের পতন ঘটেছিল।

ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বারবার মনে করিয়ে দেয়—কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। যে শক্তিগুলো একসময় নিজেদের অপরাজেয় মনে করত, সময়ের সঙ্গে সেগুলোর অনেকই বিলীন হয়ে গেছে। তাই আধুনিক বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও একই সূত্র প্রযোজ্য। ইরান আক্রমণও তেমন সাম্রাজ্যবাদী ইতিহাসের একটি ধাপ। প্রশ্ন হচ্ছে—এই ইতিহাসের পরবর্তী ধাপ কি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি?

লেখক: উন্নয়নকর্মী