অপমানটা তার প্রাপ্য ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার প্রায় ফাঁকা হলে ভাষণ দিয়েছেন। বৃহস্পতিবার তার ভাষণ শুরু হওয়ার আগেই ৭৭ দেশের প্রতিনিধি দল হল ছেড়ে বেরিয়ে যান। এতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার বিষয়টি নতুন করে স্পষ্টভাবে সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাষণ দিতে নেতানিয়াহু পোডিয়ামে ওঠার পরপরই বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের আসন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এ সময় অনেককে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়। কেউ কেউ নেতানিয়াহুকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্যও করেন। এ সময় ফিলিস্তিনে গণহত্যা পরিচালনাকারী নেতানিয়াহুকে বেশ বিব্রত দেখা যায়।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ২৪ ঘটনাটিকে ‘ইসরাইলের মুখে থুথু ফেলা’ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে হারেৎজ নেতানিয়াহুর বক্তব্যকে পুনরাবৃত্তিমূলক হিসেবে উল্লেখ করে বলেছে, তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল ডানপন্থি সমর্থক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওয়াক আউটের ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিরোধিতার একটি নিদর্শন হিসেবে উপস্থাপন করেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ঘটনাটিকে ইসরাইলের বিরুদ্ধে তীব্র বৈশ্বিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যখন একে একে হল থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখনও নেতানিয়াহু গাজায় ইসরাইলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অবস্থান তুলে ধরছিলেন।
উল্লেখ্য, নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেন। নিউইয়র্ক পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে। পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। ওয়াক আউটের মধ্যেই দীর্ঘ বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযান, ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইলের হামলা এবং তার সরকারের বিভিন্ন নীতির পক্ষে অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং পশ্চিমা দেশগুলোর নেতাদেরও সমালোচনা করেন। নেতানিয়াহু বলেন, আমেরিকার সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পেরে তিনি গর্বিত। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী হিসেবে তার নেওয়া সবচেয়ে সহজ সিদ্ধান্তগুলোর একটি বলেও মন্তব্য করেন।
নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় জোহরান মামদানি বলেছেন, মিথ্যা বক্তব্য দিয়ে তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা পরিবর্তন করা যাবে না। ভাষণ দেওয়ার অল্প সময়ের মধ্যেই নিউইয়র্ক ছাড়েন নেতানিয়াহু। তার বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সফরকে ঘিরে নিরাপত্তা ও গ্রেপ্তার সংক্রান্ত আলোচনা ছিল। ইসরাইলি বিশ্লেষক সারেম ইয়েরুশালমি বুধবার টাইম অব ইসরাইলে এক নিবন্ধে বলেন, গ্রেপ্তারের ভয়ে নেতানিয়াহু নিউইয়র্কে একটি রাতও কাটাতে সাহস করবেন না। তার এবারের সফরকে অন্য যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত সংক্ষিপ্ত বলা হচ্ছে। জাতিসংঘে দেওয়া নেতানিয়াহুর ভাষণের সমালোচনা করেছে হামাস। সংগঠনটি বলেছে, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ওঠা অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু বাস্তবতা আড়াল করার চেষ্টা করেছেন। তাদের দাবি, নেতানিয়াহুর অবস্থান কারাগারে হওয়া উচিত। একজন যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রীর অবস্থান কারাগারেই মানায়। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ বয়কটের মাধ্যমে বিশ্বের ৭৭ দেশের প্রতিনিধিরা নেতানিয়াহুর আসল জায়গা দেখিয়ে দিয়েছেন। এই ঘটনায় নেতানিয়াহু ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র বৈশ্বিক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিশ্ববাসী ইসরাইলি প্রদানমন্ত্রীর শাস্তি চায় এবং চায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। এটাই ন্যায়, এটাই ইনসাফ। এই ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান সভ্যতা এবং এর শাসকরা জবাবদিহীতা থেকে মুক্তি পাবেন না।
