বৃহস্পতিবারের জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা, প্রচার-প্রপাগান্ডা যখন তুঙ্গে, তখন নারী নেতৃত্বের প্রশ্ন কেবল একটি প্রান্তিক ইস্যু হিসেবে নয়; বরং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক বিকাশের আলোচনারও অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশে মোট ভোটারের অর্ধেক সংখ্যক নারী। ফলে রাজনৈতিক দলগুলোর জয়-পরাজয়ের ক্ষেত্রে নারীদের মনোভাব একটি নির্ধারক ভূমিকা পালন করবে। এমন এক প্রেক্ষাপটে আমরা দেখছি একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। তাদের কিছু বক্তব্যও ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে। নারী ভোটার বিশেষ করে কর্মজীবী নারীসহ দেশের আপামর জনসাধারণ এটিকে শুধু নারীর প্রতি বৈষম্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ও জাতীয় অগ্রগতির প্রতি একটি বড় হুমকি হিসেবে দেখছেন। শুধু বাংলাদেশ না; বিশ্বব্যাপী নারী নেতৃত্বের চিত্র এখনও হতাশাজনক। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু পর্যন্ত বিশ্বে জাতীয় সংসদের একক বা নিম্নকক্ষে নারীদের প্রতিনিধিত্ব ছিল মাত্র ২৭.২ শতাংশ, আর মন্ত্রিসভায় নারীর অংশগ্রহণ ছিল প্রায় ২২.৯ শতাংশ। বিশ্বের ২৯টি দেশে মোট ৩২ জন নারী রাষ্ট্রপ্রধান অথবা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু ছয়টি দেশে একক বা নিম্নকক্ষের সংসদে ৫০ শতাংশ বা তার বেশি নারী সদস্য রয়েছেন। এই পরিসংখ্যানগুলো দেখায় যে রাজনীতি, ব্যবসা, সুশীল সমাজ– সর্বক্ষেত্রে নেতৃত্বে পৌঁছাতে নারীদের সামনে কাঠামোগত, সামাজিক ও ধর্মীয় বাধা এখনও প্রবল।
দলীয় প্রধান অথবা সরকারপ্রধানের মতো সর্বোচ্চ নেতৃত্বে আসীনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা এক ধরনের দ্বৈত বাস্তবতা তুলে ধরে। একদিকে দেশটি টানা কয়েক দশক ধরে দুই নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়েছে এবং বৈশ্বিক সূচকে রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। সাম্প্রতিক তথ্যে দেখা যায়, রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে বাংলাদেশ ১৫৫টি দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নারী প্রতিনিধিত্ব এখনও সীমিত। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও সেগুলো সরাসরি ভোটে নয়; বরং সংসদে দলীয় আসনের অনুপাতে বণ্টিত হয়। ফলে এটি অনেক ক্ষেত্রে প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়নের বদলে প্রতীকী উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকে।
নারী নেতৃত্বের অর্থনৈতিক গুরুত্বও অপরিসীম। কিংস কলেজ অব লন্ডনের একটি গবেষণায় দেখা যায়, উন্নয়নশীল দেশগুলোতে নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়ালে সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, দারিদ্র্য হ্রাস পায় এবং টেকসই উন্নয়নের ভিত্তি মজবুত হয়। এ জন্য বাংলাদেশে নারীশিক্ষা ও শ্রমশক্তিতে অংশগ্রহণ বৃদ্ধির যে অগ্রগতি হয়েছে, রাজনৈতিক নেতৃত্বে নারীদের বাদ দেওয়া সেই অগ্রগতির সঙ্গে সাংঘর্ষিক এবং ভবিষ্যৎ উন্নয়নকে ঝুঁকির মুখে ফেলবে। নারীদের কেবল গৃহস্থালির ভূমিকার মধ্যে সীমাবদ্ধ রাখার যুক্তি শুধু সামাজিকভাবে পশ্চাৎপদ নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। নারীরা ভোটার হিসেবে কেবল সংখ্যার দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়; তারা নীতিগত দিক থেকেও ভিন্ন অগ্রাধিকার নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ কীভাবে নারীসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আসতে সহায়তা করে।
নিশ্চয়ই বাংলাদেশে নারী নেতৃত্বের পথ সহজ নয়। পিতৃতান্ত্রিক মানসিকতা, ধর্মীয় ও সামাজিক চাপ এবং প্রাতিষ্ঠানিক বৈষম্য এখনও বড় বাধা। সংরক্ষিত আসনের মতো ব্যবস্থা সহায়ক হলেও পাশাপাশি প্রয়োজন নারী প্রার্থীদের প্রশিক্ষণ, অর্থনৈতিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা। নারীদের শুধু আসন দেওয়াই যথেষ্ট নয়; তাদের নেতৃত্বের জন্য প্রস্তুত ও সক্ষম করে তুলতে হবে। যা হোক, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নারী নেতৃত্বের নেতিবাচক ঘটনাপ্রবাহ বিশেষ করে বিগত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী সরকার নারী নেতৃত্বকে সমালোচিত করলেও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নারীর অস্তিত্ব-অধিকারকে অস্বীকার করার কোনো উপায় নেই। একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দেওয়ার প্রয়াসে নারীদের উপেক্ষা করা রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত। নির্বাচনে জয়ী হওয়ার জন্য নারী প্রার্থীর বদলে পুরুষ প্রার্থী বিবেচনা করাকে রাজনৈতিক কৌশল হিসেবে যুক্তি দেখানো গেলেও নারীরা কখনও দলীয় প্রধান হতে পারবে না, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না– এরূপ চিন্তাধারা মোটেও গ্রহণযোগ্য নয়। নারী ভোটাররা যদি মনে করেন যে তাদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে অবমূল্যায়ন করা হচ্ছে, তবে তার প্রতিফলন ভোটের ফলাফলেও পড়তে বাধ্য। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে যে নারী নেতৃত্বের প্রশ্ন উপেক্ষা করা আর সম্ভব নয়। প্রতিটা দলের উচিত হবে শক্তিশালী ও টেকসই গণতন্ত্রের জন্য নারীদের শুধু ভোটার হিসেবে নয়, পুরুষের পাশাপাশি সর্বস্তরে নারীদের দৃশ্যমান ও কার্যকর অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা। মো. মাসুদ পারভেজ রানা: অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় mprgesru@gmail.com
