গ্রেফতার নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আছে। মানুষ গ্রেফতারের বিষয়টিকে পছন্দ করে না। তবে সরকার এর পক্ষে অনেক যুক্তি তুলে ধরে। প্রসঙ্গত দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথাও বলা হয়। কিন্তু কাঙ্ক্ষিত এই কাজটি সঙ্গতভাবে হয় কী? তাইতো প্রশ্ন উঠেছে, সরকারের সমালোচনা করলেই গ্রেফতার কেন? ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তারের অপরাধ কী? তার ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুক লাইভে বলেছেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজকে ভুক্তভোগী।’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাথী আক্তারের এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ব্যবসা প্রতিষ্ঠানটিকে ঘেরাও করে বিচারের দাবি জানায়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, একজন নাগরিক তার কষ্টের কথা বলেছেন, সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং নিজের ভোটের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে এর চাইতে স্বাভাবিক ঘটনা আর কী হতে পারে? অথচ সাথী আক্তারকে যে পরিস্থিতির শিকার হতে হলো, তা শুধু একজন নারী উদ্যোক্তার হয়রানির ঘটনা নয়; এতে মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি ক্ষমতাসীন দল, পুলিশ এবং আদালতের দৃষ্টিভঙ্গি নিয়েও গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, সাথী আক্তাত প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করে আসছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকবার তার দোকান থেকে বিদ্যুতের তার চুরি হয়েছে। আশেপাশের দোকানেও একই ধরনের চুরি হয়েছে। এসব ঘটনায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চুরি ঠেকানো এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্তায়। সাথী আক্তারের ক্ষোভ প্রকাশের যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু এই বিষয়টি আমালে নেওয়ার বদলে স্থানীয় বিনএপি নেতাকর্মীরা অনেকটা ‘মব’ সৃষ্টি করে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জড়ো হন এবং ওই নারীকে প্রতিহত করার চেষ্টা করেন। প্রশ্ন হলো, একজন নাগরিকের বক্তব্য তাদের পছন্দ না হলে তাকে প্রতিহত করার ক্ষমতা তারা কীভাবে পেলেন? কেউ কোনো বক্তব্যে সংক্ষুব্ধ হলে আইনসম্মত পথ অনুসরণ করতে পারেন। কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে, ভীতিকর পরিস্থিতি তৈরি করে এবং বক্তব্য প্রদানকারীকে পুলিশের হাতে তুলে দিয়ে বিচারের দাবি জানানো কতটা সঙ্গত ও আইনসম্মত? এ ধরনের ঘটনা সমাজের জন্য কোনো ভালো বার্তা নয়। মানুষ মনে করবে সরকার বা সরকারি দলের সমালোচনা করলে হয়রানির মুখে পড়তে হতে পারে। এতে সৃষ্টি হতে পারে এক ভয়ের সংস্কৃতি, যা গণতান্ত্রিক সমাজের জন্য এক অশনিসংকেত।

ময়মনসিংহের ভালুকার ঘটনাই একমাত্র ঘটনা নয়, আরো ঘটনা আছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে গত ২ এপ্রিল সংঘটিত ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কথিত কটূক্তির অভিযোগে শাওন মাহমুদ নামের এক ব্যক্তির রেস্তোরাঁয় জড়ে হয়েছিলেন স্থানীয় বিএনপি ও যুবদলের ২৫-৩০ জন নেতা-কর্মী। তারা শানওকে আটক করে পুলিশে দেয়, এরপর পুলিশ তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে। হিউম্যান রাইটস ওয়াচ ঘটনাটিকে সরকার সমর্থকদের চাপে মতপ্রকাশকে অপরাধ হিসেবে বিবেচনার উদাহরণ হিসেবে তুলে ধরেছে? কোনো বক্তব্য আপত্তিকর বা অশালীন মনে হলে তার প্রতিবাদ হতে পারে; কিন্তু তার জের ধরে দলীয় নেতাকর্মীরা একজনকে আটক করবেন, এরপর পুলিশ তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখাবে— এটা অত্যন্ত উদ্বেগজনক। ফ্যাসিবাদী আমলে এরকম উদাহরণ আমরা লক্ষ্য করেছি। আর কোনো বক্তব্য যদি আইনবিরোধী হয়, তবে তার বিরুদ্ধে পদক্ষেপও নিতে হবে আইনসম্মতভাবে। সেখানে ‘মব’ বা দলীয় খবরদারী কোনো সঙ্গত পথ হতে পারে না। বিষয়টি সরকারী দলের নেতাকর্মীরা উপলব্ধি করতে সমর্থ হলে, তা আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।