ফেব্রুয়ারির শেষ দিবস হইতে ইরানের উপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের জবাবদানের মধ্য দিয়া প্রায় সমগ্র মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধ ছড়াইয়া পড়িয়াছিল, অবশেষে উহাতে সাময়িক বিরতি টানা হইল। ইহা নিঃসন্দেহে এক স্বস্তিদায়ক সংবাদ, যদিও কিছু অস্বস্তির উপাদান এখনও রহিয়া গিয়াছে। উদাহরস্বরূপ, গত ৮ এপ্রিল বুধবার এই যুদ্ধবিরতি কার্যকর হইবার কারণে ইরানে মার্কিন-ইসরায়েল হামলা বন্ধ হইলেও লেবাননে ইসরায়েলি হামলা থামে নাই। ঐদিনই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩০০ জন প্রাণ হারাইয়াছেন। এই কারণে একদিকে যদ্রূপ দুই সপ্তাহের জন্য কার্যকর যুদ্ধবিরতি ভেস্তে যাইবার আশঙ্কা সৃষ্টি হইয়াছে, অন্যদিকে তদ্রূপ স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনাও ঝুলিয়া যাইবার পরিস্থিতি দেখা দিয়াছে।
আমরা দেখিয়াছি, এই যুদ্ধে শুধু অনাকাঙ্ক্ষিত প্রাণহানিই ঘটিতেছে না, সম্পদেরও বিপুল অপচয় হইতেছে। এমনকি মধ্যপ্রাচ্যের অন্য দেশসমূহের সহিত বিশ্বের বহু প্রভাবশালী দেশ কোনো না কোনো পক্ষ লইবার কারণে কেহ কেহ বিশ্বযুদ্ধ বাঁধিবারও আশঙ্কা করিয়াছেন। বিশ্বের জ্বালানি তৈল চলাচলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি ইরান বন্ধ করিয়া দিবার ফলে বিশ্বব্যাপীই বাড়িয়াছে জ্বালানির মূল্য। অন্য বহু দেশের ন্যায় বাংলাদেশকে এই সংকট খুব ভালোভাবেই ভোগাইতেছে। ইতোপূর্বেও আমরা দেখিয়াছি, ফিলিস্তিনের সহিত যুদ্ধবিরতি হইলেও ইসরায়েল হামলা করিয়া উহার শর্ত প্রথমেই ভঙ্গ করিয়াছে। চলমান সমঝোতায় ইসরায়েলকে এই সুযোগ দেওয়া যাইবে না।
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যেইভাবে সভ্যতা ধ্বংসের হুমকি দিয়াছেন, উহা গণহত্যার সমতুল্য। ইতোমধ্যে সর্বোচ্চ নেতা আয়াততুল্লাহ আলি খামেনিসহ ইরানের অন্তত তিন ডজন শীর্ষ নেতৃত্ব প্রাণ হারাইয়াছেন। ইরানের বেসামরিক নাগরিক হত্যাসহ দেশটির অন্যান্য স্থাপনার যেই ক্ষতি হইয়াছে, উহার পরিপ্রেক্ষিতে দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালাইয়াছে। মূলত হরমুজ প্রণালি বন্ধসহ মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষবস্তুতে ইরানের কৌশলগত হামলা ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতৃত্বকে নাড়া দিয়াছে। সেই কারণেই পাকিস্তানের সহিত ইরানের সম্পর্ককে কাজে লাগাইয়া উক্ত যুদ্ধবিরতির আয়োজন করিয়াছে যুক্তরাষ্ট্র।
ইরান যুদ্ধের টেকসই শান্তির লক্ষ্যে শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে যেই আলোচনা শুরু হইতে যাইতেছে, উহার সফলতা জরুরি। তাহার জন্য উভয় পক্ষকে যদ্রূপ আন্তরিক হইতে হইবে তদ্রূপ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিসমূহ জোর কূটনৈতিক তৎপরতা চালাইবে বলিয়া আমরা বিশ্বাস করি। শান্তি আলোচনায় ইরানের ১০ দফা লইয়া আলোচনা হইবে এবং দেশটি হরমুজ প্রণালি খুলিয়া দিবার যেই প্রতিশ্রুতি দিয়াছে, উহাও পালন করিতে হইবে। পাশাপাশি বিশ্বনেতৃত্বকে যুদ্ধবিরতিকে স্বাগত জানাইয়া ক্ষান্ত দিলেই চলিবে না, এই বিরতি স্থায়ী হইবার পথে যেই অনিশ্চয়তা রহিয়াছে, উহা দূর করিতে তাহাদেরও ভূমিকা রাখিতে হইবে। এই অন্যায় যুদ্ধের সূচনাকারী হিসাবে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি পালনে বাধ্য করিতে দেশটির উপর সম্ভাব্য সকল প্রকার প্রভাব খাটাইতে হইবে। জাতিসংঘের মহাসচিব যেইভাবে সকল পক্ষে আন্তর্জাতিক আইন মানিয়া চলা এবং স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ অনুসরণে আহ্বান জানাইয়াছেন, উহাকে আমরা স্বাগত জানাই। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ হইয়া যুদ্ধ আইনভঙ্গকারীদের জবাবদিহির ব্যবস্থা করিবে।
যুদ্ধ মানেই অশান্তি এবং প্রাণ ও সম্পদের বিনাশ। এই পথ হইতে বিশ্বকে ফিরিয়া আসিতেই হইবে। ইরানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়াসহ ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আমরা জোর দাবি জানাই। ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যেইহেতু জ্বালানি সংকটে সরাসরি ক্ষতিগ্রস্ত হইয়াছে, এই ক্ষেত্রে সরকারও বিশ্বশান্তি আনয়নে কূটনৈতিক প্রচেষ্টা চালাইতে পারে। ইহার সহিত জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
