দেশের পোশাক খাতে শ্রম অসন্তোষ নতুন কোনো চিত্র নয়। ফলে খাতটি থেকে পণ্য সরবরাহ নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের উদ্বেগও নতুন নয়। যেহেতু এ দুই বিষয় পরস্পর সম্পর্কিত তাই একটির সমাধান ছাড়া অন্যটির কোনো সুরাহা নেই। শ্রম অসন্তোষের স্থায়ী সমাধান না হলে ক্রেতাদের উদ্বেগ বাড়বে বৈ কমবে না।
কখনো ন্যূনতম মজুরি বৃদ্ধি, কখনো বার্ষিক মজুরি বৃদ্ধির হার, কখনো ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধ নিয়ে প্রতি বছরই বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন দেখা যায়। কয়েকটি কারখানার বিরোধ থেকে তা ছড়িয়ে পড়ে বৃহত্তর শিল্পাঞ্চলে। কারখানা বন্ধ ঘোষণা করা হয় বা আংশিক চালু থাকে, উৎপাদনে বিঘ্ন ঘটে, রফতানি কার্যক্রম ব্যাহত হয়। এভাবে বারবার একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তির মুখে বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা ঘিরে আন্তর্জাতিক ক্রেতা মহলে অনিশ্চয়তা তৈরি হওয়াটাই বরং স্বাভাবিক।
চলমান শ্রম অসন্তোষের শুরু মজুরি বাড়ানো ঘিরে। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির মধ্যে সরকার ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিক প্রতিনিধিরা বোর্ডে ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছেন। ২০২৩ সালে সর্বশেষ ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই কাঠামোয় বার্ষিক মজুরি বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। শ্রমিকদের আন্দোলনের পর ২০২৪ সালের ডিসেম্বরে তা বাড়িয়ে ৯ শতাংশ করা হয়। কিন্তু জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে এ বৃদ্ধি তাল মেলাতে পারছে না বলে শ্রমিকদের অভিযোগ। ফলে নির্দিষ্ট সময় পরপর নতুন মজুরি কাঠামোর দাবিতে আন্দোলন করতে হচ্ছে তাদের। ২০২৬ সালের নতুন মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন অব্যাহত থাকায় বিদ্যমান মজুরি নির্ধারণ ও সমন্বয় প্রক্রিয়া শ্রমিকদের প্রত্যাশা পূরণে যথেষ্ট কার্যকর নয়। এ পরিস্থিতি কোনোভাবেই দীর্ঘায়িত হওয়া সমীচীন নয়, বরং যত দ্রুত সম্ভব এর স্থায়ী সমাধান হওয়া চাই।
যে শিল্প খাতের ভিত গড়ে উঠেছে শ্রমে, সেখানে শ্রম অসন্তোষ থাকাটাই দুঃখজনক, হতাশাজনক, লজ্জাজনকও বটে। তাছাড়া এতে কেবল শ্রমিক পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। মালিক পক্ষসহ পুরো অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ বাতিলে ঝুঁকি তৈরি হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে পণ্য সরবরাহ নিয়ে ইন্ডিটেক্স-এইচঅ্যান্ডএমসহ বড় ক্রেতাদের উদ্বেগ প্রকাশ বণিক বার্তার প্রতিবেদনে উঠে এসেছে।
শ্রমিকদের যথা সময়ে বেতন পাওয়া বা বেতন না বাড়ানোর ক্ষেত্রে মালিক পক্ষের আর্থিক সংকট, ক্রয়াদেশ কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি কিংবা ব্যাংক ঋণপ্রাপ্তির জটিলতার যুক্তি সামনে আসে। এসব সমস্যার বাস্তব ভিত্তি থাকলেও তার দায় কেবল শ্রমিকরা কেন বহন করবে? অন্যান্য সমস্যার যোগসাজশ যেহেতু শ্রমিকের সঙ্গে নেই, সুতরাং শ্রমিককে ন্যায্য পাওনা বঞ্চিত করে সেগুলো সামাল দেয়ার চেষ্টা করা যাবে না, বরং ব্যবসায়িক ঝুঁকি, ক্রয়াদেশের অনিশ্চয়তা ও উৎপাদন ব্যয়ের চাপ থাকলেও শ্রমিকদের বেতন-বোনাস নিয়মিত পরিশোধ এবং কর্মপরিবেশ নিশ্চিত করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
দেশে শ্রম অসন্তোষের পুনরাবৃত্তির পেছনে আরো একটি বড় কারণ শ্রমিকদের কার্যকর দরকষাকষির সুযোগের অভাব। অনেক কারখানায় শক্তিশালী ও স্বাধীন ট্রেড ইউনিয়ন নেই। ফলে শ্রমিকদের দাবি নিয়মতান্ত্রিকভাবে মালিক পক্ষের কাছে উপস্থাপন এবং আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ সীমিত। আবার আন্দোলনের কারণে অনেক শ্রমিকের চাকরিচ্যুত হওয়ার নজিরও রয়েছে। অন্যদিকে মজুরি নির্ধারণের সময়ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, বাসা ভাড়া, খাদ্য, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় যথাযথভাবে বিবেচনায় নেয়া হয় কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। পাঁচ বছর পরপর মজুরি কাঠামো পর্যালোচনা এবং এর মধ্যবর্তী সময়ে মূল্যস্ফীতির সঙ্গে আয়ের সমন্বয় না থাকলে শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমতে থাকে। বার্ষিক মজুরি বৃদ্ধির হারও তাই বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। শুধু আন্দোলনের মুখে একবার মজুরি বাড়িয়ে দিলেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।
এ অবস্থায় সরকারের ভূমিকা শুধু অস্থিরতা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর ত্রিপক্ষীয় সংলাপ এবং বিরোধ নিষ্পত্তির স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে। মজুরি বোর্ডের কার্যক্রম স্বচ্ছ ও সময়োপযোগী করা, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মজুরি পর্যালোচনা, শ্রমিকদের পাওনা পরিশোধে নজরদারি এবং কারখানাভিত্তিক অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের জন্য শেষ মুহূর্তের তৎপরতার পরিবর্তে কয়েক মাস আগে থেকেই কারখানার আর্থিক সক্ষমতা ও পাওনা পরিশোধের পরিকল্পনা যাচাই করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বাধীন ও কার্যকর প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করতে হবে, যাতে দাবি আদায়ে বারবার সড়কে নামতে না হয়।
