এখন মানুষকে অপমান করার সবচেয়ে বড় অস্ত্র কোনটা? প্রশ্নটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে করা হলে একবাক্যে উত্তর দেওয়া যাবে। চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না পেলে যে কাউকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানিয়ে মারধর করে পুলিশে দেওয়ার যে রেওয়াজ সৃষ্টি হয়েছে, সেটাই এখনকার রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র। স্বৈরাচারের দোসর বানানোর মধ্যেও সেই একই ফন্দি-ফিকির রয়েছে।
কোনো কথা সরকারের বিরুদ্ধে গেলে দোসর ট্যাগ দেওয়ার এই খেলা চলছেই। বরগুনায় সেই ঘটনাতেই আরেকটি পালক যুক্ত হলো। এবার যিনি এই ‘বীরত্বপূর্ণ’ কাণ্ড ঘটালেন, তিনি সাবেক বিএনপি নেতা। তিনি ৫ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। অসহায় মানুষদের অনেকেই বলবেন, এই পরিমাণ টাকা যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে দিয়ে দেওয়াই ভালো। তাতে কিছু সময়ের জন্য অন্তত নিরাপদে থাকার গ্যারান্টি পাওয়া যায়। চাঁদা না দিলে কী হয়, তা তো বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকায় এই সাবেক বিএনপি নেতা করে দেখালেন। তিনি বউবাজার এলাকার হুমায়ুন কবির ও তাঁর চাচাতো ভাই রাকিব মিয়াকে নির্যাতন করেছেন। এই নির্যাতনের হাত থেকে বাঁচতে হলে ‘ফেলো কড়ি, মাখো তেল’ একমাত্র ফর্মুলা বলা হলে কি খুব ভুল হবে?
২০২৪ সালের ৫ আগস্টের পর একশ্রেণির দুর্বৃত্ত চাঁদাবাজির এই পন্থা আবিষ্কার করেছিল। ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে হেনস্তা করার যে প্রবণতা শুরু হয়েছিল, তা যে এখনো শেষ হয়নি, বিএনপির সাবেক নেতা মো. বাতেন দেওয়ানের কাণ্ডকীর্তি দেখে নিশ্চিত হওয়া গেল। ইদানীং দেখা যাচ্ছে, দেশের পরিস্থিতি নিয়ে কোনো সাংবাদিক, শিক্ষক বা বুদ্ধিজীবী নেতিবাচক মন্তব্য করলেই তাঁকে দোসর ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে কথা বলার স্বাধীনতার অবস্থা কী হবে, সেটা কি কেউ ভেবে দেখেছে? খবরদারি দিয়ে বেশি দিন সবাইকে চুপ রাখা যায় না, সে ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের দেশে বারবার হয়েছে।
বিএনপির সাবেক একজন নেতার এতটা ক্ষমতা হলো কী করে, সে প্রশ্ন কি কেউ করেছেন? আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদে স্পষ্ট নয় যে এই নেতা ‘সাবেক’ কেন। সাবেক নেতার দাপট যদি এমন হয়, তাহলে বর্তমান নেতারা দাপটের কোন সীমা অতিক্রম করেছেন, সে প্রসঙ্গ তুলে ধরা মোটেই অন্যায় হবে না।
পরিষ্কারভাবে বলতে হচ্ছে, কেউ যদি অপরাধ করে থাকে, তাহলে কোনো সন্দেহ নেই যে তাকে পুলিশে সোপর্দ করা ভালো কাজ। কিন্তু নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য নির্যাতন করে মিথ্যা কথা বলে কাউকে পুলিশে দেওয়া হলে, তা ভয়ংকর স্বৈরাচারী আচরণ হয়। যে দল ক্ষমতায় থাকে, সে দলের জন্য এটা এক বিশাল বিড়ম্বনা। বিএনপি এ রকম অনেক চাঁদাবাজকে বহিষ্কার করার পরও নতুন নতুন চাঁদাবাজ যেন ভুঁই ফুঁড়ে উঠে আসছে।
এটা কোনো ভালো লক্ষণ নয়। তাদের ব্যাপারে কঠোর হওয়ার বিকল্প নেই।
