দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও মতবিরোধের অবসান ঘটিয়ে নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে। সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি ১৯ হাজার ২০০ টাকা থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। আগামী ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হওয়ার কথা। কিন্তু মজুরি ঘোষণার পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় আবারও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রশ্ন হচ্ছে, দীর্ঘ আলোচনার পর মজুরি নির্ধারণের পরও শ্রমিকদের অসন্তোষ কেন কাটছে না?
নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিলেও বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে তা ১৭ হাজার টাকা নির্ধারিত হয়েছে। শ্রমিকপক্ষের দাবির সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তের এ এক হাজার টাকার ব্যবধানই অসন্তোষের একমাত্র কারণ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ মজুরি ঘোষণা হওয়ার পরও শ্রমিকদের একটি অংশ কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নিয়েছেন। এর অর্থ, মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে আরও কিছু অসন্তোষ ও অনাস্থা রয়ে গেছে, যা শুধু নতুন বেতন ঘোষণা দিয়ে দূর করা সম্ভব হয়নি।
পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা সরাসরি জড়িত। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা, যাতায়াত ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে শ্রমিকদের প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। ফলে নির্ধারিত মজুরি কতটা বাস্তবসম্মত এবং তা দিয়ে একজন শ্রমিকের মৌলিক চাহিদা কতটা পূরণ করা সম্ভব, সেটি বিবেচনায় নেওয়া জরুরি। শুধু মজুরির অঙ্ক বাড়ানো নয়, শ্রমিকের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও পরিবারের প্রয়োজন বিবেচনা করে মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। নতুন মজুরি কাঠামোতে বিভিন্ন গ্রেডের শ্রমিকদের বেতন নির্ধারণের পাশাপাশি যারা ইতিমধ্যে ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাঁদের বেতন অন্তত দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে মজুরি ঘোষণা হলেও অনেক ক্ষেত্রে তা পুরোপুরি বাস্তবায়ন, গ্রেড নির্ধারণ এবং বেতন সমন্বয় নিয়ে শ্রমিকদের অভিযোগ দেখা গেছে। তাই নতুন কাঠামো কার্যকর হওয়ার পর কোনো কারখানা যাতে ঘোষিত মজুরি থেকে কম বেতন দিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের বেতন, গ্রেড ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দ্রুত দূর করা প্রয়োজন।
একই সঙ্গে শ্রমিক অসন্তোষের পেছনে মজুরি ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের তা অনুসন্ধান করা উচিত। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের ছাঁটাই, গ্রেপ্তার, মামলা ও হয়রানি বন্ধের বিষয়ে শ্রমিক প্রতিনিধিরা সরকারের কাছে সুপারিশ করার কথা জানিয়েছেন। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের অধিকার রয়েছে। কোনো শ্রমিক যেন শান্তিপূর্ণভাবে দাবি জানানোর কারণে চাকরি হারানো বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে, আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করাও গ্রহণযোগ্য হতে পারে না। শ্রমিকদের দাবি ও জনস্বার্থের মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি। প্রায়ই শ্রমিকদের সড়ক অবরোধের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন। গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় পণ্য পরিবহন, যাত্রী চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সংযম ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে শ্রমিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো পক্ষের উসকানি বা স্বার্থান্বেষী মহলের তৎপরতায় পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।
মালিকপক্ষের বাস্তবতাও উপেক্ষা করা যাবে না। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, ক্রয়াদেশ এবং রপ্তানির চাপের মধ্যে পোশাকশিল্পকে টিকে থাকতে হয়। তবে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা রক্ষার দায় শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার সংকুচিত করে পূরণ করা উচিত নয়। মালিকদের পাশাপাশি সরকারকেও উৎপাদনশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত সুবিধা, জ্বালানি সরবরাহ, বন্দর ব্যবস্থাপনা এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিল্পের অগ্রগতি ও শ্রমিকের জীবনমান উন্নয়নকে পরস্পরবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। পোশাকশিল্পের স্থিতিশীলতা কেবল মালিকদের স্বার্থের বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি ও লাখ লাখ শ্রমিক পরিবারের জীবিকার সঙ্গে সম্পর্কিত। তাই শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে শিল্পে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, আবার অবরোধ ও সহিংসতার মধ্য দিয়েও সমস্যার সমাধান হবে না। প্রয়োজন পারস্পরিক আস্থা, দায়িত্বশীল আলোচনা এবং ঘোষিত সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন। মজুরি ঘোষণা হয়েছে, এখন সে মজুরিকে শ্রমিকের জীবনে বাস্তব স্বস্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে শিল্পের উৎপাদন ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার, মালিক ও শ্রমিকপক্ষকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
