ষড়ঋতুর ঐতিহ্য ধন্য বাংলাদেশের আবহাওয়ার সাধারণ বৈশিষ্ট্য ও ধারণা গত কয়েক দশকে অনেকটাই পাল্টে গেছে। শুধু বাংলাদেশ নয়, উষ্ণায়ণের প্রভাবে জলবায়ুর পরিবর্তন জনিত কারণে বিশ্বের সর্বত্রই আবহাওয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো পাল্টে গিয়ে চরমভাবাপন্ন হয়ে উঠেছে। এ কারণে মরুভূমি অধ্যুষিত আরব দেশও এখন যখন-তখন ঝড়বৃষ্টি ও বন্যার শিকার হচ্ছে। আবার আমাদের দেশের মত ঋতুচক্রের দেশে যখন প্রচুর বৃষ্টিপাত হওয়ার কথা তখন বৃষ্টি হয়না। যখন তখন পাহাড়ি ঢল ও অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে জনপদ তলিয়ে যায়, ব্যাপক ফসলহানির শিকার হয় কৃষক। এমনকি মৃদু ও মাঝারি মাপের ভূমিকম্পে শহরবন্দর কেঁপে উঠছে যখন তখন। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেয়ার মতো প্রযুক্তির দেখা এখনো না মিললেও স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে প্রযুক্তিগতভাবে আবহাওয়া পূর্বাভাসে বিশ্ব অনেকদূর এগিয়ে গেছে। যেখানে সারাবিশ্বের সব অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস কয়েক সপ্তাহ আগেই বলে দেয়া সম্ভব হচ্ছে, সেখানে আমাদের দেশের আবহাওয়া অধিধফতরের পূর্বাভাসে গড়মিল ও অনাস্থার সংকট দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্টকে উপজীব্য করে গণমাধ্যম আবহাওয়ার পূর্বাভাস দিলেও সে সব পূর্বাভাসের বেশিরভাগই মিলছে না। সাম্প্রতিক সময়ে আবহাওয়া দফতর থেকে দেয়া শৈত্য প্রবাহ, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের যে সব পূর্বাভাস দেয়া হয়েছে, তার কোনোটিরই যথাযথ প্রতিফলন দেখা যায়নি। এর ফলে আবহাওয়া পূর্বাভাসের প্রতি সাধারণ মানুষের তাচ্ছিল্য ও অনাস্থার ভাব লক্ষ্য করা যাচ্ছে।

কৃষি তো বটেই, মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কর্মকান্ডের সাথে আবহাওয়া ও জলবায়ুর অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। কৃষি উৎপাদন, সমুদ্রে মৎস্য আহরণ, খেলাধূলা ও নাগরিক জীবনের বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক কর্মকান্ড আবহাওয়ার গতিপ্রকৃতি ও পূর্বাভাসের উপর নির্ভরশীল। নিজেদের আবহাওয়া অফিসের পূর্বাভাস গড়মিল বা বিপরীত হলে সাধারণ মানুষ যাবে কোথায়? এ প্রশ্ন এখন প্রকট হয়ে দেখা দিয়েছে। এর সাথেই উঠে আসে দেশের মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের (বিএমডি) প্রযুক্তিগত ও জনবল সক্ষমতার প্রসঙ্গটি। গতকাল ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আবহাওয়া বিভাগের নিজস্ব রাডার সিস্টেম দীর্ঘদিন ধরে অচল। এ বিভাগের দায়িত্বশীরা বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের উপর নির্ভর করে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। তবে পূর্বাভাসের তথ্যের সাথে বাস্তবের বিস্তর ফারাক কিংবা গড়মিল দেখে তাদের সামগ্রিক প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা সম্পর্কে সংশয়-সন্দেহের অবকাশ আছে। পশ্চাৎপদ কৃষি ও শিল্প নির্ভর উন্নয়নশীল অর্থনীতির একটি জনবহুল দেশের নাগরিকদের জন্য আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থাপনার এমন দৈন্যদশা দীর্ঘদিন চলতে পারে না। বিএমডির আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার উপর কোটি কোটি মানুষের উৎপাদনশীলতা রক্ষা এবং জানমালের নিরাপত্তার স্বার্থ জড়িত। আবহাওয়া অফিসের রাডার ব্যবস্থা, স্যাটেলাইট সংযোগ ও দক্ষ জনবল নিয়োগের বিষয়টিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই।

বিশ্বের উষ্ণায়নজণিত জলবায়ুর পরিবর্তনের প্রভাব কোনো দেশের এককভাবে নিয়ন্ত্রণযোগ্য বিষয় নয়। এ কারণেই গ্লোবাল ওয়ার্মিং ও ক্লাইমেট চেঞ্জ ইনিশিয়েটিভ আন্তর্জাতিভাবে ব্যাপক চর্চিত বা আলোচিত বিষয়। ফসিল জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে ওজোনস্তরের ক্ষয়, তাপমাত্রা বৃদ্ধি, পর্বতশৃঙ্গ ও মেরু অঞ্চলের আইসক্যাপ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রকৃতির অস্বাভাবিক পরির্বতনসহ নানা ধরণের দুর্যোগ দেখা দিচ্ছে। আর এসব সমস্যা মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ ও সহযোগিতামূলক প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন জরুরি। প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে বৈশ্বিক সহযোগিতা উদ্যোগ ছাড়াও বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশের নিজস্ব জলাবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড রয়েছে। এ ফান্ডে হাজার কোটি টাকার স্থিতি থাকার কথা। দেশের একমাত্র আবহাওয়া অফিসকে আধুনিক রাডার, স্যাটেলাইটসহ প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ-অভিজ্ঞ জনবল দ্বারা শক্তিশালী করে তোলার উদ্যোগ খুবই জরুরি হয়ে পড়েছে। বিগত সময়ে দেশের নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনগ্রসর ও পরনিরর্ভরশীল করে রাখা হয়েছে। আবহাওয়া অধিফতরের জন্য সর্বাধুনিক রাডার ও স্যাটেলাইট পর্যবেক্ষণ ব্যবস্থার প্রতি অনীহা ও অমনোযোগিতার কারণ সম্ভবত এটাই। প্রায় দেড় যুগের স্বৈরাচারি ও তাবেদারি শাসনের পর একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের অস্বাভাবিক ঝুঁকি মোকাবেলার পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা, উৎপাদনশীলতা রক্ষায় আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নিতে হবে। নির্ভুল ও যথাযথ প্রক্রিয়ায় আবহাওয়ার পূর্বাভাস দেয়ার সক্ষমতা নিশ্চিত করার মধ্য দিয়েই তা সম্ভব হতে পারে।