ঠাকুরগাঁওয়ে সারের ডিলার নিয়োগে যেই অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠিয়াছে, উহা গুরুতর। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনমতে, সম্প্রতি জেলার চার উপজেলায় যেই ৩১ জন নূতন সার ডিলার নিয়োগ দেওয়া হইয়াছে, তাহাদের ২৮ জনই ক্ষমতাসীন বিএনপির সহিত সংশ্লিষ্ট। তালিকায় রহিয়াছেন বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান, ভ্রাতাসহ বিভিন্ন স্বজন। এমনকি ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ডিলারশিপ পাইয়াছেন পিতৃসূত্রে; তাঁহার পিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একটি মাদ্রাসার প্রভাষক। ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি এই দেশে নূতন নহে; কিন্তু এইবার সম্ভবত অতীতের সকল রেকর্ড ভঙ্গ হইল!

কৃষি মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্ত অনুসারে, সাধারণত ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা, আর্থিক সক্ষমতা, গুদাম, বিক্রয়কেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের নিকট সার সরবরাহের সক্ষমতা বিবেচিত হইয়া থাকে। আবেদনকারীর বৈধ ট্রেড লাইসেন্স, ব্যাংকের দেওয়া পাঁচ লক্ষ টাকা মজুত থাকিবার প্রত্যয়নপত্র, আয়কর রিটার্ন এবং অন্তত ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকিতে হয়। বাস্তবে ৩১ জনের মধ্যে ২৬ জনেরই ব্যবসায় অভিজ্ঞতা ছিল না বলিয়া অভিযোগ উঠিয়াছে। তাহাদের কাহারও আয়কর-সংক্রান্ত নথি বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে ব্যাংক হিসাবও ছিল না। নির্ধারিত ধারণক্ষমতার গুদামও তাহাদের নাই– এমন অভিযোগ করিয়াছেন স্থানীয় সার ব্যবসায়ীরা।

শুধু ঠাকুরগাঁও নহে, সমগ্র দেশেই সার ডিলার নিয়োগ লইয়া অনিয়মের খবর সংবাদমাধ্যমে উঠিয়া আসিতেছে। অভিযোগ উঠিয়াছে, ডিলার হিসাবে নিয়োগ পাওয়া ব্যক্তির ৮০ শতাংশই অনভিজ্ঞ ও নূতন ট্রেড লাইসেন্সধারী। অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে সহযোগী একটি বাংলা দৈনিকের প্রতিবেদন অনুসারে, লক্ষ্মীপুরে ডিলার হিসাবে মনোনীত ৫৭ জনের মধ্যে অন্তত ৪৫ জন বিএনপি ও উহার সহযোগী সংগঠনের নেতাকর্মী; সার ব্যবসার সহিত অতীতে যাহাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অবশ্য বক্ষ স্ফীত করিয়া সত্য কথাটিই বলিয়া দিয়াছেন; দীর্ঘদিন ‘সুযোগ-সুবিধাবঞ্চিত’ নেতাকর্মী অনেকে এখন ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হইয়া ডিলারশিপের জন্য আবেদন করিয়াছেন। কিন্তু যে কোনো ব্যবসায় দক্ষতা যদ্রূপ গুরুত্বপূর্ণ, তদ্রূপ সততা ও পেশাদারিত্বও অত্যন্ত জরুরি বিষয়। উপরন্তু সার ব্যবসার সহিত কেবল কোটি কোটি কৃষকের ভাগ্য জড়িত নহে, জাতীয় খাদ্যনিরাপত্তাও নির্ভরশীল। কিন্তু সংশ্লিষ্টরা রাজনীতির ফলনের সহিত সার ব্যবসায়ের সম্পর্ক কীভাবে স্থাপন করিলেন, উহা বিস্ময়কর বৈ কি!

আমরা স্মরণ করাইয়া দিতে চাহি, সার বিতরণে স্বচ্ছতা ও জবাবিদিহির ঘাটতির কারণে কেমন পরিস্থিতির উদ্ভব হয়, তাহা অতীতে বহুবার দেখা গিয়াছে। এইবারের আমন মৌসুমেও সরকার বারংবার পর্যাপ্ত সার মজুত থাকিবার কথা বলিলেও বহু স্থানে কৃষক প্রয়োজনীয় সার না পাইয়া গুদামেও হানা দিয়াছেন। এহেন পরিস্থিতির জন্য ক্ষমতায় আসিবার পরপর সেই সময় অভিজ্ঞ ডিলারদের স্থলে অতি ক্ষিপ্রতায় নিয়োগ দেওয়া দলীয় ডিলারদের অনভিজ্ঞতা ও নানা জালিয়াতিকে বিশেষজ্ঞরা দায়ী করিয়াছিলেন। দুঃখজনক বিষয়, আলোচ্য নিয়োগেও এক-দুই যুগ যাবৎ সারের ব্যবসায়ে নিয়োজিত ব্যবসায়ীরাও বাদ পড়িয়াছেন।

উদ্বেগের বিষয়, সার ডিলার নিয়োগে সরকার এমন সময়ে এহেন বিতর্কের জন্ম দিয়াছে, যখন অভ্যন্তরীণ নানা সমস্যার সহিত বিশেষত মধ্যপ্রাচ্য সংকট যুক্ত হওয়ায় সার উৎপাদন, তৎসহিত আমদানিও অনিশ্চয়তার মধ্যে পড়িয়াছে। এত কষ্টে সংগৃহীত সার বিতরণে নয়ছয় ঘটিলে তাহা রাজনৈতিকভাবে স্পর্শকাতর হইয়া উঠিতে পারে। আমাদের প্রত্যাশা, যে সকল সার ডিলারশিপ লইয়া অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ উঠিয়াছে, সরকার সেইগুলি দ্রুত স্থগিত করিবে। অভিযোগসমূহ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সুরাহা করিবার কার্যকর উদ্যোগ গৃহীত হইবে। কৃষকদের অধিকার লইয়া সক্রিয় সংগঠনসমূহ এবং সমাজের সচেতন অংশেরও দায়িত্ব এই বিষয়ে সোচ্চার থাকিয়া সরকারের উপর প্রয়োজনীয় চাপ তৈরি করা।