ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার রাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে সউদী আরবের চারজন, বাংলাদেশের দুজন, যুক্তরাষ্ট্রের একজন, মিসরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন, ফিলিস্তিনের একজন এবং সুদানের একজন রয়েছেন। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ধরনের হামলার আমরা নিন্দা জানাই। শীর্ষস্থানীয় এক হুথি কর্মকর্তা এ হামলার দায় স্বীকার করেছেন।

কয়েকদিন আগে হুথি বিদ্রোহীরা পবিত্র মক্কা ও মদিনার আকশপথ বাদে সউদী আরবের অন্য আকশপথে বিমান চলাচল না করতে বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছিল। এ ঘোষণার পরপরই কিং খালেদ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এদিকে বিমানবন্দরে হামলার পরদিনই সউদী নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট ও ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের দখলে থাকা রাজধানী সানায় অবস্থিত একাধিক কৌশলগত সামরিক ঘাঁটিতে জোরালো বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে হুতিদের উপকূলীয় অস্থানে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইয়েমনি বাহিনী। হুথিদের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের অঞ্চলজুড়ে সউদী সামরিক জোট শত শত বিমান হামলা চালিয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিমান হামলায় ইয়েমেনে ৯১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি জানান, গত শনিবার রিয়াদে পরিচালিত এই হামলার দায় তাদের মিলিশিয়া বাহিনীর। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোসহ অন্যান্য স্থানে সউদী বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। আল-বুখাইতি বলেন, হুথিরা এই হামলা এই কারণেই চালিয়েছে, যাতে বিশ্ব অনুধাবন করতে পারে যে, ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিবাহ ও শোক অনুষ্ঠানস্থল, হাসপাতাল এবং বাজারগুলো বেসামরিক প্রতিষ্ঠান আক্রমণ বা ক্ষতি করা যাবে না। ঠিক একইভাবে, ইয়েমেনের ক্ষেত্রে যে নিয়ম খাটে, পৃথিবীর অন্য যেকোনো স্থানের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সউদী আরব ও হুথিদের মধ্যে শুরু হওয়া নতুন সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি, এই সংঘাত আফ্রিকার দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠেছে, কেন সউদী আরব নতুন করে এই সংঘাতে জড়িয়েছে? এর পেছনের ঘটনার দিকে দৃষ্টি দিলে এর জবাব পাওয়া যাবে। ২০১৪ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সাআদা রাজ্য দখল করার পর রাজধানী সানা দখল করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মানসুর হাদি ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে সউদী আরবে আশ্রয় নেন। ২০১৫ সালের মার্চে হাদি সরকারের অনুরোধে সউদী সামরিক জোট হুথিদের বিরুদ্ধে একটি ব্যর্থ অভিযান চালিয়ে হাদি সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু করে।

তাদের এ উদ্যোগে সহায়তা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। হুথি বিদ্রোহীরা শিয়া মতাদর্শের অনুসারী এবং তারা ইরান দ্বারা সমর্থিত। মধ্যপ্রাচ্যে প্রভাব বজায় রাখতে সউদী আরব ও ইরানের মধ্যে যে ভূ-রাজনীতি চলছে, তারই প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে ইয়েমেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইয়েমেনের আভ্যন্তরীণ রাজনীতিতে সউদী আরবের হস্তক্ষেপ করা ঠিক হয়নি। দেশটি অনেকটা জোর করে হুথিদের সাথে সংঘাতে জড়িয়েছে। হামলা চালিয়ে মুসলমান অধ্যুষিত গরিব দেশটিকে তছনছ করে দিয়েছে। নির্মম এ যুদ্ধে সহিংসতা, ক্ষুধা ও রোগে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মতে, দেশটিতে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) বলেছে, ইয়েমেনের ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে এবং যুদ্ধের কারণে ৪০ লাখ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেনের জনগণের এই অমানবিক পরিস্থিতি নিয়ে তথাকথিত বিশ্বনেতা, মানবাধিকার সংস্থাগুলো নীরব। মুসলমান দেশগুলোর বৃহৎ সংস্থা ওআইসিও নীরব। এ নিয়ে তাদের টুঁ শব্দ নেই। সউদী জোট ধারাবাহিকভাবে ভয়াবহ হামলা চালিয়েও হুথিদের পরাস্ত করতে পারছে না। তারা টিকে রয়েছে এবং উত্তর ইয়েমেনের ওপর তাদের কর্তৃত্ব সুসংহত রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, এই যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারছে না এবং পারবে না। এটি একটি ‘এন্ডলেস ওয়ারে’ পরিণত হয়েছে। অথচ ২০২২ সালের ৩০ মার্চ জাতিসংঘের মধ্যস্থতায় হুথিদের সাথে দুই মাসের জন্য সউদী জোটের যুদ্ধবিরতী শুরু হয়।

পরবর্তীতে এটি দুই দফায় নবায়ন করা হয়। দেশটিতে কিছুটা হলেও শান্তি ফিরিয়ে এনেছিল, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত টিকে ছিল। এরপরেই পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। সম্প্রতি হুথিরা ওমানের মাধ্যমে সউদী আরবের কাছে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতী প্রস্তাব পাঠিয়েছিল। সেটি কার্যকর না করে উল্টো সউদী আরব জোট হুথিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতীতে সউদী আরব সায় দিলে হয়ত নতুন করে হামলা বা সংঘাতের ঘটনা ঘটত না। বলা হয়ে থাকে, সউদী আরব তার অর্থ-সম্পদের অহংকারে দরিদ্র মুসলমানদের মানুষ হিসেবে গণ্য করে না। তার নেতৃত্বাধীন জোট দরিদ্র দেশ ইয়েমেনে হামলা করে লক্ষাধিক মানুষ হত্যা, পঙ্গু এবং লাখ লাখ মানুষকে গৃহহীন করে দিয়েছে। দেশটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। সউদী আরবকে মুসলমান বিশ্বের প্রতি দরদী না হয়ে শুধু নিজে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর স্বার্থ রক্ষায় মুসলমানদের পাশে দাঁড়াতে দেখা যায় না। উল্টো হামলা করে মুসলমান নিধনের ভূমিকা রাখছে। মুসলমান বিশ্বকে ঐক্যবদ্ধ রাখতে তার অবদান নেই বললেই চলে। প্রায় শতভাগ মুসলমানের দেশ সোমালিয়ায় কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে তার গুরুত্বপূর্ণ অঞ্চল আলাদা হয়ে ১৯৯১ সালে সোমালিল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠিত হয়। দেশটিকে দীর্ঘ তিন যুগ ধরে কোনো রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি। ২০২৫ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল প্রথম সমর্থন দেয়। সোমালিয়া সরকার সে সময় একে তার সার্বভৌমত্বের ওপর আক্রমণ এবং একটি বেআইনি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে। এই সমর্থনের পেছনে কী কারণ, তা বুঝতে বাকি থাকে না। অথচ এক্ষেত্রে সউদী আরব নীরব রয়েছে।

গত জুলাই মাসে সানা বিমানবন্দরে বোমাবর্ষণের জন্য হুথিরা রাজতন্ত্রকে অভিযুক্ত করলে সউদী আরব ও তাদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সউদী-সমর্থিত ইয়েমেন সরকার পরবর্তীতে সেই বোমাবর্ষণের দায় স্বীকার করে এবং জানায়, একটি অননুমোদিত ইরানি বিমান অবতরণ ঠেকাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছিল। সউদী আরব কর্তৃক তাদের আকাশসীমার ওপর দীর্ঘদিনের অবরোধ ও বাধানিষেধ নিয়ে হুথিরা ক্ষুব্ধ ছিল। এর প্রতিক্রিয়ায় তারা ‘অবরোধের বদলে অবরোধ’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে সউদী জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। হুথি নেতারা মনে করছেন, সউদী আরব তাদের যতটা ক্ষতি করতে পারবে, তারা সউদী আরবের তার চেয়েও বড় ক্ষতিসাধন করতে সক্ষম। এর অর্থ হচ্ছে, এই পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধ অন্তহীন পথে ধাবিত হচ্ছে। এতে মুসলমানদের ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না। মুসলমানই মুসসলমানদের হত্যা করছে, আর পশ্চিমারা তা আনন্দ নিয়ে দেখছে। সউদী আরবকে এ বিষয়টি উপলব্ধি করতে হবে। পশ্চিমারা যে তাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, সেটা বুঝতে হবে। মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে সউদী আরবের উচিত, পশ্চিমাদের মদদে নয়, নিজের এবং মুসলিম বিশ্বের স্বার্থে দায়িত্ব নিয়ে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়া। পশ্চিমাদের ফাঁদে পা না দিয়ে মুসলমান হত্যা বন্ধ করা। অর্থ-বিত্তের গরিমার বশবর্তী হয়ে আগ্রাসী হওয়া বন্ধ করা। নীতি পরিবর্তন করে মুসলমান বিশ্বের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার উদ্যোগ নেয়া। তার এই অহংবোধের যুদ্ধ মধ্যপ্রাচ্যসহ আফ্রিকা পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে শঙ্কা জাগিয়েছে এবং তা যদি ছড়িয়ে পড়ে, তাহলে এর দায়-দায়িত্ব তার উপরই বর্তাবে।