নূতন সরকারের পহেলা কার্যদিবসে একাধিক মন্ত্রী যেইভাবে মব সহিংসতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিয়াছেন, উহা সাধুবাদযোগ্য। মব সহিংসতার যেই বাড়বাড়ন্ত চিত্র অন্তর্বর্তী সরকারের শাসনামলে আমরা প্রত্যক্ষ করিয়াছি, উহার বিরুদ্ধে সূচনা হইতেই আমরা সোচ্চার ছিলাম। দুঃখজনক হইলেও সত্য, নূতন সরকার দায়িত্ব গ্রহণের পরও মব সহিংসতার কিছু নমুনা আমরা দেখিয়াছি। এই ক্ষেত্রে প্রারম্ভেই সরকারের তরফ হইতে শূন্য সহিষ্ণুতার বার্তা জরুরি ছিল।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বুধবার সাংবাদিকদের যথার্থই বলিয়াছেন, গত দেড় বৎসর ধরিয়া যেই মব সহিংসতা ঘটিয়াছে, উহা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা অত্যাবশ্যক। বলাবাহুল্য, বিএনপির মহাসচিব হিসাবেও গত বৎসর তাঁহার একই অবস্থান আমরা দেখিয়াছি। গত নভেম্বরে তিনি বলিয়াছিলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইলে মব সহিংসতা হইতে বাহির হইয়া আসিতে হইবে। তাঁহার বক্তব্যে সেই প্রাচীন কথনই প্রতিভাত– গণতন্ত্রের মূলকথা হইতেছে, আমি তোমার সহিত একমত না হইতে পারি, কিন্তু তোমার মতপ্রকাশের স্বাধীনতাকে জীবন দিয়া হইলেও রক্ষা করিব। তাঁহার সহিত আমরা একমত, অন্যের মতকে সহ্য না করিবার বিষয়টাও মব সহিংসতার জন্ম দিয়া থাকে।
বুধবার একই দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়াছেন– দেশে আর কোনো মবের ঘটনা সহ্য করা হইবে না। তিনি বলিয়াছেন, বাংলাদেশে মব ‘কালচার’ শেষ। উহাকে আর কোনোভাবে উৎসাহিত করা যাইবে না। আমরা বিশ্বাস করি, মন্ত্রীরা যেইভাবে মব সহিংসতার বিরুদ্ধে অবস্থান লইয়াছেন, কর্মে যথাযথ প্রতিফলন হইলে উহা বন্ধ হইবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেইভাবে মবকে ‘কালচার’রূপে আখ্যা দিয়াছেন, উহাতে নমনীয়তাই প্রতিফলিত হইতে পারে। বাস্তবে মব সহিংসতা বিশেষায়িত সন্ত্রাস মাত্র। এমনকি দৃশ্যত তাৎক্ষণিক এই সহিংসতার নেপথ্যে সন্ত্রাসবাদী গোষ্ঠী ও উহাদের মদদদাতাদের যোগসাজশও স্পষ্ট হইয়াছে বিভিন্ন সময়ে। ফলে মব সহিংসতাকে ‘কালচার’ বা সংস্কৃতি বলিয়া আখ্যা দিবার অবকাশ নাই।
অবশ্য বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করিবার পরও কয়েকটি প্রতিষ্ঠানে মব সহিংসতার যেই অভিযোগ উঠিয়াছে, উহা গুরুতর। আমরা প্রত্যাশা করিব, মন্ত্রীদ্বয়ের বক্তব্যের পর আর কেহ মব সহিংসতায় উস্কানি দিবে না বা উৎসাহী হইবে না। আমরা মনে করি, জননিরাপত্তা রক্ষার স্বার্থেও মব সহিংসতা কঠোর হস্তে দমন করিতে হইবে। এই ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার বিকল্প নাই। সরকারের দিক হইতে যেই বার্তা দেওয়া হইয়াছে, উহা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হইবার মধ্যেই সার্থকতা। নাগরিকদেরও এইখানে সজাগ হইবার বিকল্প নাই। কোথাও মব সহিংসতা দেখিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো কিংবা সংগঠিত হইয়া উহাকে রুখিয়া দিতে হইবে।
স্থানীয় সরকারমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ে বর্তমান সরকারের দুইজন প্রভাবশালী নীতিনির্ধারক। তাহারা মব সহিংসতার বিরুদ্ধে এমন সময়ে স্বীয় অবস্থান স্পষ্ট করিয়াছেন, যখন নূতন সরকারের সমর্থক কেহ কেহ ঘোষণা দিয়া এই ধরনের চেষ্টা করিতেছে। আমরা প্রত্যাশা করি, এহেন ব্যক্তিবর্গ মন্ত্রীদের বক্তব্য হইতে সতর্ক হইবে। ইতোপূর্বে অন্তর্বর্তী সরকারের সময়ে নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে বাধাদান এবং বিবিধ স্থাপনায় হামলার ঘটনা ঘটিয়াছে। এই সকল অঘটন ও অসহিষ্ণুতার পূনরাবৃত্তি আমরা প্রত্যক্ষ করিতে চাহি না। কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তিবর্গের উপর যাহাতে পূর্বের ন্যায় হামলা না হয় তজ্জন্য সরকারি দলরূপে বিএনপির উচিত, তাহাদের নেতাকর্মীদেরও শূন্য সহিষ্ণুতার বার্তা দেওয়া। কাহারও ব্যাপারে অভিযোগ থাকিলে নিয়মতান্ত্রিক উপায়েই উহার সমাধান শ্রেয়। গণতান্ত্রিক সমাজে মব সহিংসতা চলিতে পারে না।
