গত সোমবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকার করেছেন। আগামী অক্টোবরে তিনি বাংলাদেশে ৩ বছর ৯ মাসের দায়িত্ব পালন শেষে বিদায় নিতে যাচ্ছেন। সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত প্রযুক্তিগত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের একশ’র বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার ক্রাইম, পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট, ট্রাফিক ও ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য প্রশিক্ষণ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়ে রাষ্ট্রদূতকে জানান, পুলিশ বাহিনীর জন্য একটি বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন ও অবকাঠামো তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় ইউনিট পর্যন্ত ডিজিটাল ফরেন্সিক ল্যাব ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনা বিশেষজ্ঞদের সাথে সাক্ষাৎ ও ল্যাব পরিদর্শনের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল প্রেরণের পরামর্শ দেন। তার আহ্বানে সাড়া দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা বলেন। দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পর্যবেক্ষণ করে দেশে ফরেন্সিক ল্যাব ও সরঞ্জাম প্রতিষ্ঠার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করবে।

আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধী শনাক্তসহ অন্যান্য প্রযুক্তিগত বিষয়ে চীনের সহায়তা এবং প্রশিক্ষণের বিষয়টি সময়োপযোগী এবং সাধুবাদযোগ্য। এতে প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে। প্রযুক্তির এ যুগে অপরাধীরা প্রযুক্তি ব্যবহারে সিদ্ধহস্ত হয়ে উঠেছে। তারা সাইবার অপরাধের পাশাপাশি নানা ধরনের অপরাধ করে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের প্রযুক্তির চেয়ে এগিয়ে না থাকে, তাহলে তাদের অপরাধ দমন করা সম্ভব হবে না। সঙ্গতকারণেই, আইনশঙ্খলা বাহিনীকে প্রযুক্তিতে দক্ষ এবং অভিজ্ঞ করে তোলা জরুরি। এই প্রযুক্তি পাওয়ার ক্ষেত্রে চীনের বিকল্প নেই। চীন প্রযুক্তিতে কতটা এগিয়েছে, তা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া থেকে বুঝতে অসুবিধা হয় না।

এই দুই দেশের মধ্যে প্রযুক্তির বিস্ময়কর টুল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে এখন রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কার চেয়ে এগিয়ে রয়েছে এবং থাকবে, এ নিয়ে চলছে আলোচনা। গত রোববার নিউইয়র্কে এআই নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের এক দীর্ঘ বৈঠক হয়েছে। তারা মূলত এআই ঝুঁকি এবং নিরাপত্তা শঙ্কা দেখা দিলে দুই দেশ একে অপরকে অবহিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করে। এ থেকে বোঝা যায়, এআই প্রযুক্তি প্রতিযোগিতায় চীন কতটা এগিয়ে। বলার অপেক্ষা রাখে না, চীন এআই প্রযুক্তি দিয়ে তার দেশের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। অপরাধ করে অপরাধীরা পার পাচ্ছে না। কোটি কোটি মানুষের মধ্য থেকেও এই অপরাধীকে খুঁজে বের করে দিচ্ছে।

দেশটিতে কোনো বিদেশি নাগরিক গেলে এয়ারপোর্ট থেকেই তার সমস্ত কাগজপত্রসহ তার পুরো শরীরিক অবয়ব স্ক্যান হয়ে যায়। কোন এলাকার কোন হোটেল-মোটেল বা বাসস্থানে যাচ্ছে, সেখান থেকে বের হয়ে কখন, কোথায় যাচ্ছে, তা সার্বক্ষণিক অটোমনিটর হয়ে যাচ্ছে। ফলে কারো পক্ষে কোনো ধরনের বিতর্কিত কর্মকা- বা অপরাধমূলক ঘটনা ঘটানো সম্ভব নয়। ঘটালে মুহূর্তে আইনশঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। সিঙ্গাপুরেও এ ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে অপরাধীকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। সময়ও লাগে। যদি রাজধানীসহ অপরাধপ্রবণ এলাকা এবং স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা এআই প্রযুক্তির আওতায় আনা যায়, তাহলে অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে।

ইতোমধ্যে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল ও সোনারগঁও হোটেল ট্র্যাফিক সিগন্যালসহ অন্যান্য এলাকা এআই যুক্ত করা হয়েছে। কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে মহূর্তে এআই তা শনাক্ত করছে এবং পুলিশ দ্রুত মামলা বা জরিমানা করতে পারছে। এতে সিগন্যাল অমান্যর প্রবণতা কমে এসেছে। এমনকি বিপরীত দিকের সড়ক খালি থাকলেও যানবাহন সিগন্যাল অমান্য করে না। ঠাঁয় দাঁড়িয়ে থাকে। এআই-এর এই সুফল পাওয়া যাচ্ছে। একইভাবে অপরাধী শনাক্তে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাসহ সর্বত্র এআই-এর আওতায় আনা হলে অপরাধ করে কেউ পার পাবে না। এতে কে অপরাধ করছে এবং কী ধরনের অপরাধ করছে, তা রেকর্ড হয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনী সহজে অপরাধীকে গ্রেফতার করতে পারবে। বিচার করতে সাক্ষী প্রমাণেরও খুব একটা প্রয়োজন পড়বে না।

উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক সময়ে গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলসহ নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাচ্ছে। ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক অপরাধ করছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে। অনেক সময় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করতে গিয়েও সমস্যায় পড়ে। হাসিনার দেশে ফেরাকে সামনে রেখে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম যে তারা আরও বাড়িয়ে দেবে, তা অনুমান করতে কষ্ট হয় না। ইতোমধ্যে দলটি ‘হিট অ্যান্ড রান’ প্রক্রিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছে। এতে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। প্রযুক্তিবিদদের মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এআই প্রযুক্তি দ্রুত বাস্তবায়ন করা হলে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের কোনো পরিকল্পনাই কাজে আসবে না। সন্ত্রাসী কার্যক্রম চালাতে গিয়ে এআই ক্যামেরায় ধরা পড়বে। এতে তাদের মুহূর্তে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে। অন্যদিকে, বিরোধীদলের সভা-সমাবেশকে কেন্দ্র করে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটাও অস্বাভাবিক নয়। বিপুলসংখ্যক মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে অপরাধী শনাক্ত করা অসম্ভব হয়ে পড়বে। রাজধানীর কয়েক কোটি মানুষের মধ্য থেকেও অপরাধী শনাক্ত করা কঠিন। এমতাবস্থায়, রাজধানীসহ দেশের বিভাগীয় শহর ও জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনাসহ কেপিআই জোনে এআই প্রযুক্তি স্থাপন করা হলে অপরাধীকে সহজে শনাক্ত করে দ্রুত বিচার করা সম্ভব হবে।

তথ্যপ্রযুক্তির উন্নয়নে চীন বিশে^ অদ্বিতীয় হয়ে উঠছে। এআই প্রযুক্তিতে তার অগ্রগতি বিস্ময়কর। প্রযুক্তির মাধ্যমে বিশে^ তার আধিপত্য শক্তিশালী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি এখন চীনের সাথে প্রযুক্তি ভাগাভাগি করার কথা বলছে। এ থেকে বোঝা যায়, প্রযুক্তির উন্নয়নে চীনের জুড়ি নেই। এ প্রেক্ষিতে, চীন বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করার যে আগ্রহ দেখাচ্ছে, তা এক সুবর্ণ সুযোগ হয়ে এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। চীনের প্রযুক্তি সহায়তা পেলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রযুক্তির দিক থেকে অনেকদূর এগিয়ে যাবে। বাস্তবতার আলোকে, দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতে চীনের প্রযুক্তিগত সহায়তা নেয়া এখন সময়ের দাবি। আমরা আশা করি, সরকার ইতোমধ্যে প্রযুক্তি উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে চীনের আগ্রহকে কাজে লাগাবে।