নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই একের পর এক খুনের ঘটনায় পরিবেশ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব খুনের বেশির ভাগ শিকার রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার জন্য এসব খুনের ঘটনা ঘটানো হচ্ছে। এমন ব্যক্তিদের বিশেষ করে রাজনৈতিক নেতাদের টার্গেট করে খুন করা হচ্ছে, যাতে জনমনে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবেই দেশের বিভিন্ন স্থানে খুনের ঘটনা ঘটছে। সর্বশেষ গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এর আগে গত সোমবার চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়। গত সপ্তাহে যশোরের মনিরামপুরে এক ব্যবসায়ীকে, নরসিংদী জেলার পলাশ উপজেলায় আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। কক্সবাজারে একজন প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়ার ঘটনাও ঘটছে। পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন খুনিদের টার্গেটে পরিণত হয়েছে। নির্বাচনের আগে সিরিয়াল কিলিংয়ের ঘটনা যে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার পাঁয়তারা, তা বুঝতে অসুবিধা হয় না। কে কখন খুনের শিকার হয়, এমন আতঙ্কের পরিস্থিতি এখন বিরাজ করছে।
নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা, টার্গেট কিলিংসহ বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়া ভালো লক্ষণ নয়। এক্ষেত্রে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোপরি সরকারের কঠোর অবস্থান থাকা জরুরি। যেকোনো মূল্যে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। সাম্প্রতিক সময়ে যেভাবে একের পর এক টার্গেট কিলিং হচ্ছে, তাতে আইনশৃঙ্খলা বাহিনী ও তার গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের দায়িত্ব পালন যথেষ্ট বলে প্রতীয়মান হচ্ছে না। বিশেষ করে, টার্গেট কিলিংয়ে যেভাবে পেশাদার কিলাররা খুন করে নির্বিঘেœ চলে যাচ্ছে, তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে সারাদেশে ৯১৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।
এতে অন্তত ১৩৩ জন নিহত এবং প্রায় ৭ হাজারের মতো আহত হয়েছে। এই সহিংসতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, এ নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনেক আগেই বলেছেন, আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে। তাঁর এ প্রত্যয় বাস্তবায়ন করার জন্য নির্বাচনের যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন, সে উদ্যোগে যে ঘাটতি রয়েছে, তা ধারাবাহিক খুনের ঘটনায় প্রতীয়মান হচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পরিস্থিতির তত অবনতি ঘটছে। তফসিল ঘোষণার পর রাজনৈতিক সংঘাতে প্রাণহানির ঘটনা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। আন্ডারওয়ার্ল্ডের চিহ্নিত সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য না থাকার কোনো কারণ নেই।
নির্বাচন এলে তারা তৎপর হয়ে উঠবে, এ শঙ্কাও নতুন নয়। ফলে পুলিশের উচিৎ, তাদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা। সারাদেশে অভিযান চলছে ঠিকই, তবে তাতে ভয়ংকর ও পেশাদার কিলারদের ধরা পড়ার নজির খুব কম। নির্বাচনের পরিবেশ স্থিতিশীল রাখার জন্য সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসহ যে সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন, তারও তেমন উদ্যোগ নেই। বলার অপেক্ষা রাখে না, নির্বাচন যাতে বানচাল হয়, পিছিয়ে যায়, দেশি-বিদেশি এমন ষড়যন্ত্র অনেক আগে থেকেই রয়েছে। নির্বাচন না হলে কারা লাভবান হবে, এমন প্রশ্নেরও বিশ্লেষণাত্মক উত্তর পাওয়া গেছে। পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যাতে বানচাল হয় বা সুষ্ঠুভাবে না হয়, এ ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রকারিরা শেষ পর্যন্ত নানা অঘটন ঘটিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাবে, এ অনুমান করতে কষ্ট হয় না। সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর এ অনুমান না থাকার কারণও নেই। ফলে নির্বাচন নির্বিঘœ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি অবলম্বনের বিকল্প নেই। অপরাধী যে দলেরই হোক, তাকে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া যাবে না।
সাম্প্রতিক সময়ে যেসব আলোচিত খুনের ঘটনা ঘটেছে, সে ক্ষেত্রে খুনিদের গ্রেফতারের ঘটনা খুব কম পরিলক্ষিত হচ্ছে। খুনিরা যদি খুন করে পার পেয়ে যায়, তাহলে এ ধরনের ঘটনা ধারবাহিকভাবে ঘটতে থাকবে। অন্যদিকে, খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের তাৎক্ষণিক প্রতিবাদ ও সড়ক অবরোধ করার বিষয়টিও কাম্য নয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কা থাকে। রাজনৈতিক দলগুলোর উচিৎ, এক্ষেত্রে ধৈর্যধারণ ও দায়িত্বশীলতার পরিচয় দেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সহযোগিতা করা। আইনশৃঙ্খলা বাহিনীকেও অধিক তৎপর হয়ে দ্রুততম সময়ে খুনিদের শনাক্ত ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এক্ষেত্রে বিচার বিভাগের বিশেষ ভূমিকা থাকা জরুরি। বিচার কার্যক্রম যাতে দ্রুত সম্পন্ন করা যায়, এমন নির্দেশনা প্রধান বিচারপতির তরফে থাকা প্রয়োজন। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে পারলে খুন ও অপরাধের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
