বাংলাদেশ কৃষি ব্যাংকে ঋণ জালিয়াত চক্রের মাধ্যমে যেইভাবে সহস্রাধিক কৃষক ও শ্রমজীবী মানুষ প্রতারণার শিকার হইয়াছেন, উহা যদ্রূপ বেদনাদায়ক, তদ্রূপ বিক্ষোভ-জাগানিয়া। আরও উদ্বেগজনক, এই প্রতারণার সহিত খোদ ব্যাংক কর্মকর্তারাই সংশ্লিষ্ট। কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যেইখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি প্রতিষ্ঠিত হইয়াছিল, উহার মাধ্যমেই তাহাদের স্কন্ধে প্রতারণার ঋণ চাপাইয়া দেওয়া হইয়াছে। সোমবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, ঋণ শোধ করিতে হইবে না কিংবা সরকারি অনুদান হিসাবে অর্থ আসিয়াছে– এইরূপ কথা বলিয়া স্থানীয় দালাল ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন সময়ে এই সকল ভুয়া ঋণ লওয়া হইয়াছে।

সমকালের প্রতিবেদনে ঢাকার কেরানীগঞ্জের শরীফ শিকদারের বেদনা উঠিয়া আসিয়াছে। স্ত্রী ও তিন সন্তান লইয়া চরের খাসজমিতে এক কক্ষের ঘরে বাস করা এই ব্যক্তি কখনও বর্গা চাষ না করিলেও বাংলাদেশ কৃষি ব্যাংকের কেরানীগঞ্জের হযরতপুর শাখায় এক লাখ ১০ সহস্র টাকার শস্যঋণের ফাঁদে পড়িয়াছেন। শরীফ শিকদারের ন্যায় কয়েক সহস্র প্রান্তিক মানুষ বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ জালিয়াতি চক্রের কবলে পড়িয়াছেন, যথায় কেবল কেরানীগঞ্জের হযরতপুর শাখায় নিয়মবহির্ভূত উপায়ে প্রায় দুই সহস্র ঋণের বিপরীতে ৯ কোটির অধিক অর্থ বিতরণ করা হইয়াছে। কেবল হযরতপুরেই নহে; একই ব্যাংকের নারায়ণগঞ্জের রূপগঞ্জ শাখায় ৩১৫টি ও কুষ্টিয়া শাখায় ১৬৫টি ভুয়া ঋণ চিহ্নিত হইয়াছে বলিয়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও কৃষি ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় উঠিয়া আসিয়াছে। ঐ সকল প্রতিবেদনের ভিত্তিতে সমকালও মাঠ পর্যায়ে অনুসন্ধান করিয়া জালিয়াতি ও যোগসাজশের ব্যাপারে নিশ্চিত হইয়াছে।

ব্যাংকের ন্যায় প্রতিষ্ঠানে যেইখানে কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াও মাঠ পর্যায়ে পরিদর্শন করিয়া উপকারভোগীকে ঋণ দেওয়া হয়, সেইখানে এহেন প্রতারণা সম্ভব হইল কী প্রকারে? এই ধরনের প্রতারণায় কৃষক, শ্রমজীবী ও প্রান্তিক মানুষ কেবল ব্যক্তিগত ক্ষতিরই শিকার হন নাই; ব্যাংকিং ব্যবস্থার উপর জনআস্থাও নষ্ট হইয়াছে। সমকালের প্রতিবেদনমতে, ভুক্তভোগী অনেকেই বুঝিতে পারেন নাই, তাহাদের নামে ঋণ লওয়া হইয়াছে। পরে ঋণখেলাপির নোটিশ, আইনি জটিলতা কিংবা আর্থিক হয়রানির মুখে তাহারা চরম দুর্ভোগে পড়িয়াছেন। অথচ প্রকৃত কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ঋণও লইতে গিয়া সংশ্লিষ্টদের চরম ভোগান্তির শিকার হইতে হয়।

আমরা মনে করি, এই ঘটনায় নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করিতে হইবে। তৎসহিত ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের নামে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট সকল ঋণ বাতিল করিতে হইবে এবং ভবিষ্যতে এই প্রকার প্রতারণা রোধে পরিচয় যাচাই, ডিজিটাল নজরদারি, অভ্যন্তরীণ নিরীক্ষা ও জবাবদিহি ব্যবস্থাকে আরও শক্তিশালী করিতে হইবে। সর্বাগ্রে জরুরি যেই সকল ব্যাংক কর্মকর্তা এই ঋণ প্রতারণার সহিত যুক্ত ছিলেন তাহাদের শাস্তির আওতায় আনয়ন। ব্যাংকের অভ্যন্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারী, দালাল চক্র কিংবা বহিরাগতদের যোগসাজশ ব্যতীত এইরূপ ব্যাপক জালিয়াতি সম্ভব নহে। তদন্তেই উঠিয়া আসিয়াছে, রূপগঞ্জ শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক মাহবুব আলম দায়িত্ব পালনকালে নিজের ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাহিরে প্রায় পাঁচ কোটি ৩৩ লাখ টাকা জমা ও সমপরিমাণ টাকা উত্তোলন করিয়াছেন। ইহা কোনো গুপ্তধনপ্রাপ্তির অর্থ নহে– উহা বুঝিতে অপরাধ বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। বস্তুত, লাভের গুড় এইভাবে পিঁপড়ার উদরে যাইবার কারণেই ধুঁকিতেছে কৃষি ব্যাংক। উচ্চ খেলাপি ঋণ, রেকর্ড পুঞ্জীভূত লোকসান ও মূলধন ঘাটতির কারণে দীর্ঘদিন ধরিয়াই এই ব্যাংক সংকটে। যেইখানে ব্যাংক কর্মকর্তারা রক্ষক হইবার কথা, সেইখানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হইবার ফল যাহা হইবার তাহাই হইয়াছে। কৃষক ও শ্রমজীবী মানুষদের নামে এহেন ঋণ জালিয়াতি প্রমাণ করিতেছে– ব্যাংকিং ব্যবস্থায় কত ধরনের প্রতারণা হইতে পারে।