তিনদিন পর জনগণের বহুল কাক্সিক্ষত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ দেড় যুগ ধরে ভোট দিতে না পারা মানুষ মুক্ত পরিবেশে অবাধে নিজের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্য দিয়ে দেশ ও জনগণের নবযাত্রা শুরু হবে। এমন শুভদিনের প্রাক্কালে নির্বাচন বানচাল করার অশুভ ছায়া যেন পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন বানচালে দেশি-বিদেশি অশুভশক্তির এই ষড়যন্ত্র নতুন নয়। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য হয়ে পড়ে। তখন থেকেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র পরিলক্ষিত হয়ে আসছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে নির্বাচনের শিডিউল ও তারিখ ঘোষণা করা হয়। দেশ নির্বাচনমুখী হয়ে পড়ে। দেশের মানুষ এখন ভোটের উৎসবে মেতে উঠেছে। রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরা নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। হাটে-ঘাটে, মাঠে-ময়দানে, গ্রমে-গঞ্জে, শহরে-বন্দরে, চা পানের আড্ডায় কোন প্রার্থী জিতবে, কোন দল ক্ষমতায় যাবে, ভোটাররা এমন হিসাব-নিকাশ করছে। উৎসবমুখর এমন সময়ে অনাকাক্সিক্ষতভাবে গত বৃহস্পতি ও শুক্রবার শহীদ ওসমান হাদির হত্যাকা-ের তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবিতে ইনকিলাব মঞ্চ এবং নতুন পে-স্কেলের গ্যাজেট ঘোষণার দাবিতে সরকারি কর্মচারিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, পানিকামান ব্যবহার করে হটিয়ে দেয়। গত শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুনরায় একই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন আহত হয়। নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েক দিন আগে এ ধরনের কর্মসূচি পালন অনভিপ্রেত ও দুঃখজনক।
নির্বাচনের আগ মুহূর্তে দাবি-দাওয়ার নামে এ ধরনের হাঙ্গামা ও বিশৃঙ্খলা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। পর্যবেক্ষকরা একে হঠকারি সিদ্ধান্ত হিসেবেই দেখছেণ। গত কয়েক দিনে একটি ইসলামী রাজনৈতিক দলের নেতা-কর্মীর জাল ভোটার সিল তৈরি, রাজধানীর কারো কারো বাসা থেকে লাঠি-সোঁটাসহ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গণে তোলপাড় শুরু হয়। জাল ভোট দেয়া, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষ্যে এ ধরনের অপকর্মের আশ্রয় নেয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন দায় এড়াতে পারে না বলে তারা মনে করছেন। প্রধান উপদেষ্টা ঘোষিত ‘ঐতিহাসিক নির্বাচন’ করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের অধিক তৎপর হওয়া উচিৎ ছিল।
নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও ভয়-শংকাহীন হয় সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি ছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে এ সময়ে সার্বক্ষণিক সতর্ক থাকা বাঞ্চনীয় ছিল। বলা বাহুল্য, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে এখন জিরো টলারেন্স নীতি অবলম্বন করা ছাড়া বিকল্প নেই। যারাই জাল-জালিয়াতি ও নির্বাচনী পরিবেশকে বিশৃঙ্খল করার পাঁয়তারা করবে, তারা যে দলেরই হোক, কোনো ছাড় দেয়া যাবে না। ইনকিলাব মঞ্চের নামে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে গেল, এর দায় প্রধান উপদেষ্টা এড়াতে পারেন না। অনেকে একে ‘নাটক’ হিসেবে গণ্য করছে। তাদের মতে, এর সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থাকতে পারে। তা নাহলে, নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি তৈরি করা কেন?।
বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার প্রশ্রয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। উল্লেখ করা প্রয়োজন, ডিএমপি প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে কোনো ধরনের সভা-সমাবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তারপরও কীভাবে এই নিষিদ্ধ এলাকায় ইনকিলাব মঞ্চ ও সরকারি কর্মচারিরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত যেতে পারল? তাহলে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা কোথায় রইল? এদিকে, সরকারের তরফ থেকে জাতিসংঘের মাধ্যমে হাদিহত্যা তদন্ত করার সুস্পষ্ট ঘোষণা দেয়া সত্ত্বেও ইনকিলাব মঞ্চ পুনরায় কেন যমুনা ঘেরাও কর্মসূচি দিল? এসব প্রশ্নের উত্তর স্পষ্ট হওয়া আবশ্যক। ইনকিলাব মঞ্চের তরফ থেকে বলা হয়েছে, তাদের আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ঢুকে পড়েছিল। এ কথা কে না জানে, দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার জন্য পতিত আওয়ামী লীগ অনেক আগে থেকেই সক্রিয় রয়েছে। কাজেই নির্বাচনের আগে এ ধরনের কর্মসূচি দিলে তারা তাতে ঢুকে ঘোলা পানিতে মাছ শিকার করবে, এটাই স্বাভাবিক। যদিও ইনকিলাব মঞ্চ বলেছে, নির্বাচন হতেই হবে। নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। অন্যদিকে, সরকারি কর্মচারিরা কেন নির্বাচনের শেষ সময়ে এসে ঘেরাও কর্মসূচি পালন করবে? এখানেও নির্বাচন বানচালের অভিসন্ধি থাকার কথা এড়িয়ে যাওয়া যায় না। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের কী দরকার ছিল, শেষ সময়ে এসে নতুন পে-স্কেল ঘোষণা করা, যা সে বাস্তবায়ন করে যেতে পারবে না? দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার তার শেষবেলায় এসে এমনসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী সরকারের ঘাড়ে পড়বে। আগামী সরকারকে বিপাকে ফেলা এর লক্ষ্য কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
নির্বাচন অনুষ্ঠানের শেষ সময়ে এসে দেশের মানুষ আর কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়তে চায় না। প্রত্যেকেই এখন অধীর আগ্রহে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার প্রহর গুণছে। এ নির্বাচনের মধ্য দিয়ে তারা গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির পথে যাত্রা শুরু করতে চায়। জাতির এই সন্ধিক্ষণে মানুষের আশা-আকাক্সক্ষায় ব্যাঘাত সৃষ্টি কোনোভাবে কাম্য নয়। সরকারের দায়িত্ব, নিরপেক্ষ থেকে নির্বাচনটিকে ঐতিহাসিক রূপ দেয়া। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীসহ অন্যান্য দায়িত্বরত প্রতিষ্ঠানকে নিরপেক্ষ থেকে নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখা। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে। ইনকিলাব মঞ্চসহ অন্যদের যেই দাবি থাকুক না কেন, তা নির্বাচনের পরে তোলা যাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের ধৈর্য ধরতে হবে। নির্বাচনের আগে আর কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে, এ ব্যাপারে নির্বাচন কমিশন এবং সরকারকে কঠোর অবস্থানে থাকতে হবে।
