অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তপশিল ঘোষণা করার কথা আগে জানানো হয়েছিল। নির্বাচন কমিশনও নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তপশিল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছিল। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তায় এসেও তপশিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের দ্বিধা ও অনিশ্চয়তার আলামত দেখা যাচ্ছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি অনুসারে নির্বাচনের প্রয়োজনীয় উদ্যোগ অনেকটা এগিয়ে গেলেও তফশিল ঘোষণা নিয়ে এক প্রকার টালবাহানা লক্ষ করা যাচ্ছে। গতকাল ইনকিলাবে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ৭ ডিসেম্বরের পর তফশিল ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
যদিও প্রার্থীদের মনোনয়নপত্র, লাখ লাখ ফরম, পরিচয়পত্রসহ নির্বাচনের আনুসাঙ্গিক অনেক ছাপার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে বলে জানা গেছে। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এসব প্রস্তুতির অগ্রগতি প্রধান উপদেষ্টার প্রত্যাশা ও প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যথাসময়ে নির্বাচনের ব্যাপারে পুরো জাতি আশাবাদী হলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষণা না হওয়াকে নির্বাচন কমিশনের এক প্রকার অনীহা কিংবা টালবাহানা বলে সন্দেহ করছেন অনেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, বিদ্যমান ব্যবস্থাধীনে জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন একজন আইনজীবী ও রাজনৈতিক নেতা।
গতকাল অনলাইনে প্রকাশিত রিপোর্টে বলা হয়, বাংলাদেশ কংগ্রেস নামের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে আইনগত ব্যত্যয় দেখিয়ে নির্বাচন স্থগিত চেয়ে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর দ্বৈত বেঞ্চে এই রিট দায়ের করেন এবং আগামী সপ্তাহে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা যায়। একদিকে নির্বাচনের তপশিল ঘোষণা পিছিয়ে দেয়া, অন্যদিকে নির্বাচন পিছিয়ে দিতে হাইকোর্টে রিট পিটিশন দায়েরÑ নানা প্রশ্নের উদ্রেক করেছে। পুরো জাতি যখন নির্বাচনমুখী, তখন একটি অখ্যাত দলের মহাসচিব নির্বাচন স্থগিতাদেশ চেয়ে রিট করার দুঃসাহস করে কীভাবে! প্রধান উপদেষ্টা ড. ইউনূস আবারো ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা ও বহুধা বিভক্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে জুলাই সনদ গ্রহণ এবং জাতীয় নির্বাচনের মতো বৃহৎ কর্মযজ্ঞের অনেকটাই গুছিয়ে আনার পরও নির্বাচন নিয়ে সংশয় ও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তফশিল ঘোষণা পিছিয়ে দেয়া এবং অখ্যাত রাজনৈতিক দলের মহাসচিবের নির্বাচন স্থগিতের আদেশ চেয়ে হাইকোর্টে রিট করার মধ্য দিয়ে সে অনিশ্চয়তা ও সন্দেহের আকাশে নতুন মেঘ দেখা দিয়েছে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। নির্বাচনের তফশিল ঘোষণা পিছিয়ে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা, কেউ কেউ এমন আশঙ্কাও প্রকাশ করছেন। অন্যদিকে আগে গণভোট আয়োজনের দাবিতে জামায়াতসহ ৮ দলের অবস্থান এখনো বদলায়নি।
যদিও সরকার ও নির্বাচন কমিশন একই দিনে সংসদ ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সংসদ নির্বাচন পিছিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার অভিপ্রায়ের অভিযোগ রয়েছে। নির্বাচন স্থগিতের রিটের পেছনে অন্তর্বর্তী সরকারের সেসব উপদেষ্টা ও কতিপয় রাজনৈতিক দলের নেপথ্য পৃষ্ঠপোষকতা থাকা অসম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর মাত্র ২ মাস বাকি। জুলাই অভ্যুত্থানসহ নানা কারণে অতীতের যে কোনো জাতীয় নির্বাচনের চেয়ে এ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। দেশের মানুষ এবার একটি সত্যিকারের অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীন উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক রূপান্তরের নবযাত্রা প্রত্যাশা করছে।
অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া জাতীয় নির্বাচনের সফল বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু জামায়াতের মতো প্রধান রাজনৈতিক দল শুরু থেকেই বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গত সপ্তাহে চট্টগ্রামের এক প্রবীণ জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যে নির্বাচনে প্রশাসনকে নিয়ন্ত্রণের ইঙ্গিত পাওয়া যায়। একজন সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের ফাঁস করা এক জামায়াত নেতার ভিডিও কথোপকথনে নির্বাচন নিয়ন্ত্রণ তথা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মো.
আব্দুল জলিলের কথপোকথনে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়ে পরিকল্পনা ও নির্দেশনার কথা জানা যায়। এর মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের সাথে জামায়াতের সাংগঠনিক সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও জোটের মধ্যে নানাবিধ অভিযোগ, পাল্টা অভিযোগ থাকা খুবই স্বাভাবিক বিষয়। তবে গুরুত্বর ও ষড়যন্ত্রমূলক কর্মকা-ের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। বিশেষত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়। জাতি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায় গ্রহণ করবে না। নির্বাচন কমিশনকে অবশ্যই জাতির প্রত্যাশা ও সরকারের প্রতিশ্রুতি অনুসারে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। কালবিলম্ব না করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচনের সর্বশেষ ধাপে এগিয়ে যাওয়াই এ মুহূর্তে সবচেয়ে প্রত্যাশিত বিষয়। সরকার এবং নির্বাচন কমিশনের কর্মকা-ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিয়মানুবর্তিতার প্রতিফলন থাকতে হবে।
