প্রধানমন্ত্রী তারেক রহমান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দলে কোনো চাঁদাবাজ ও দখলদারের স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নাম ভাঙিয়ে পার পাবে না। জাতীয় সংসদ অধিবেশনের গত সেশনের সমাপ্তি এবং আগামী মাসে শুরু হতে যাওয়া নতুন সেশন শুরুর মাঝখানে গত রোববার জাতীয় সংসদে আয়োজিত এক বিশেষ সংসদীয় দলের দীর্ঘ বৈঠকে তিনি এ কথা বলেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে সকল সংসদ সদস্যের কথা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সরকারকে আরও শক্তিশালী করা, সরকারি কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন। এছাড়া, দলের সকল স্তরে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্য, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন যেন স¤পূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়। কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই যাতে প্রকৃত ও গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রায় তিন ঘন্ট ধরে চলা এই বৈঠকে দলীয় শৃঙ্খলা এবং জনগণের স্বস্তির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোথায় কে কি সমস্যায় পড়ছে তা প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী যে, ইচ্ছা ও নির্দেশান দিয়েছেন, তা দল ও সরকারের বাস্তবায়ন করা সময়ের দাবী।

আসন্ন স্থানীয় নির্বাচন দল ও সারকারের জন্য ‘অ্যাসিড টেস্টে’ পরিণত হয়েছে। অত্যন্ত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর এ নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় আট মাসের সরকারের জনপ্রিয়তা কতটা বেড়েছে বা কমেছে এবং জনগণের জন্য কতটুকু কাজ করেছে ও তারা কতটা সন্তুষ্ট, তা বোঝার একটি মাপকাঠি হয়ে উঠবে। বিএনপি ক্ষমতায় আসার পরপর দলের একশ্রেণীর নেতাকর্মীর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি-দখলবাজি ও নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক তোলপাড় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষও বিএনপি ও সরকারের সমালোচনায় মেতে উঠে। অবশ্য বিএনপির একশ্রেণীর নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ নতুন কিছ নয়।

গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এই চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ উঠে। বিরোধীদলগুলো নির্বাচনী প্রচার-প্রচারণায় বিএনপিকে ঘায়েল করতে চাঁদাবাজিকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সে সময় বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে প্রায় সাত হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে চাঁদাবাজদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে মামলা এবং চাঁদাবাজির সাথে জড়িতদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসার পর চাঁদাবাজ-দখলবাজরা অনেকটা বেপরোয়া হয়ে উঠে। এর সাথে দলের কোনো কোনো এমপি ও স্থানীয় প্রভাবশালী নেতাদের নাম প্রকাশ্যে আসে। দল থেকেও তাদের বহিষ্কার ও সংশ্লিষ্ট এলাকার কমিটি ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

বলা বাহুল্য, সরকার দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলবাজির ঘটনায় সরকারের নেয়া অনেক উন্নয়নমূলক কাজ ও উদ্যোগ ম্লান হয়ে যায়। দলের হাইকমান্ড থেকেও বিষয়টি স্বীকার করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বিএনপির একশ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি-দখলবাজির কুফল আসন্ন স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী হওয়ার পথকে সংকুচিত করবে। বিরোধীদলগুলো এই ইস্যুকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ইতোমধ্যে তারা এ নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার চালাচ্ছে। কিছুসংখ্যক নেতাকর্মীর এই অপকর্মের পুরো দায় দলকে নিতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের জবাব বা সরকারের নেয়া ভালো কাজগুলো তুলে ধরে কাউন্টার দেয়ার মতো নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না।

সম্মিলিতভাবে যে, এসব স্ক্যান্ডালের মোকাবেলা করবে, তা পরিলক্ষিত হচ্ছে না। অস্বীকার করার উপায় নেই, দীর্ঘ দেড়যুগ ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। এসব উপেক্ষা করেও তারা রাজনীতির মাঠে সক্রিয় ছিল। দল ক্ষমতায় আসার পর তাদের অনেকের এই ত্যাগের মূল্যায়ন যথাযথভাবে হয়নি। ফলে তাদের মধ্যে হতাশা থাকা স্বাভাবিক। হতাশা থেকে তারা হয় নিস্ক্রিয়, না হয়, নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। বিএনপির উচিৎ হবে, তাদের যেভাবে মূল্যায়ন করা যায়, সেভাবে পদক্ষেপ নেয়া এবং চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকা। দলের নেতাকর্মীদের কঠোর শৃঙ্খলার মধ্যে রেখে দলের ভাবযর্মাদাকে সমুন্নত রাখা। দীর্ঘ দেড় দশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সীমাহীন নিপীড়ন-নির্যাতন, গুম, খুন, হামলা-মামলার মধ্যেও দলের নেতাকর্মীদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠোর নির্দেশনার মাধ্যমে তাদের শৃঙ্খলার মধ্যে রাখতে পেরেছেন। মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দূরদর্শীতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রেখেছেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। তার প্রজ্ঞা ও অভিজ্ঞতা কম নয়। তবে দলের নেতাকর্মীদের উপর এখনো তার পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। এতে দুর্বৃত্ত শ্রেণীর নেতাকর্মীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, দলের ও সরকারের ভাবমর্যাদা সমুন্নত রাখতে তাকে আরও শক্ত হাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির ভাবমর্যাদা ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁকে একদিকে সরকার চালাতে হচ্ছে, আরেকদিকে দলের দেখভালও করতে হচ্ছে। অথচ এটি একটি সম্মিলিত কাজ। দলের যারা মন্ত্রী-এমপি হয়েছেন, তারা দলের শৃঙ্খলা রক্ষায় এবং চাঁদাবাজী, দখলবাজী ও অপকর্ম রোধে কী ভূমিকা পালন করছেন, তা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। মনে রাখা দরকার, প্রধানমন্ত্রী দলের মন্ত্রী-এমপিদের নিয়ে যে পার্লামেন্টারি বৈঠক করেছেন, দল শুধু তাদের নিয়ে নয়। এর বাইরে দলের বিশাল কলেবর রয়েছে। অসংখ্য নেতাকর্মী রয়েছে। দলকে সুশৃঙ্খল রাখতে সেখানে তারা কতটা ভূমিকা রাখছেন, এ প্রশ্ন এখন উঠেছে। প্রধানমন্ত্রীকেই যদি সবকিছু দেখতে হয়, তাহলে তারা কী করছেন? তাদের মনে রাখতে হবে, তাদেরকে মন্ত্রী-এমপি বানিয়েছে দল। দলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল রাখতে এবং দলের দুর্বৃত্ত শ্রেণীকে প্রতিহত করতে তাদের দায়িত্ব রয়েছে। পর্যবেক্ষকদের মতে, চাঁদাবাজ-দখলবাজ নির্মূল করে দলকে শৃঙ্খলাবদ্ধ রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক এবং তিনি তা চান। তাঁর সাথে তাল মিলিয়ে দলের মন্ত্রী-এমপি এবং দলের নীতিনির্ধারকসহ সকল স্তরের নেতাদেরও একই চাওয়া থাকতে হবে। এই চাওয়া পূরণ করতে হবে। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে, তাদের দমনে প্রধানমন্ত্রী যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা বাস্তবায়ন করতে হবে। এই অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক, যারাই দলের বদনাম করছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না।