তাজউদ্দীন আহমদের বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন। নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৫ সালে একুশে পদক এবং ২০২৬ সালে মুক্তিযুদ্ধ গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তাঁর বহুল বিক্রীত ও আলোচিত বই ‘মূলধারা ৭১’। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধে কসবা, উপধারা একাত্তর মার্চ-এপ্রিল, মুক্তিযুদ্ধের পূর্বাপর (সহলেখক এ কে খন্দকার এবং এস আর মির্জা), শব্দের পদ্মফুল ইত্যাদি বই লিখেছেন।
আজকের পত্রিকায় প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, বগুড়ার সোনাতলায় এই ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধ গবেষক মঈদুল হাসানের প্রায় দুই একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা রাসেল মাহমুদ ও তাঁর বাবা কৃষক দল নেতা মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে। আদালতের নির্দেশ অমান্য করে জমিটি দখলের চেষ্টা করছেন তাঁরা।
উচ্চ আদালতের স্থিতাবস্থা বজায় রাখার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও গাছ কেটে ও ইট-বালু ফেলে স্থাপনা নির্মাণের চেষ্টা কি আইন অমান্য করা নয়? প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি নাকি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নিয়ে প্রতিপক্ষকে একাধিক মামলায় নাকি তিনি আসামি করেছিলেন। অথচ অনেকের কাছেই তিনি সজ্জন ব্যক্তি। ইতিহাস সাক্ষ্য দেয় যে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক।
পেশিশক্তি ও দলীয় পদপদবির প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করাটা তো আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির পুরোনো রোগ। মঈদুল হাসানের বয়স এখন ৯২ বছর এবং তিনি অসুস্থ হয়ে ঢাকায় বসবাস করছেন। এ সুযোগে প্রতিপক্ষ জমি দখল করতে চায়, যাতে আইনি লড়াই দীর্ঘায়িত করে জমির নিয়ন্ত্রণ তাদের পক্ষে থাকে। এমনটাই অভিযোগ।
অন্যদিকে বর্তমান বাস্তবতায় কোনো নির্দলীয় ও সম্মানিত ব্যক্তির ন্যায্য অধিকার হরণ করতে চাইলে তাঁর গায়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের সিল মেরে দেওয়া একটি সহজ কৌশলে পরিণত হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা জরুরি। উচ্চ আদালতের আদেশ অমান্য করে যেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে, সেখানে পুলিশের পক্ষ থেকে ‘আদালত থেকে থানায় সরাসরি নির্দেশনা আসেনি’ কিংবা ‘অন্য পক্ষ ডিক্রি দেখিয়েছে’—এমন অজুহাতে পুলিশের নিষ্ক্রিয় থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ পুলিশ এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। আইনের বিধান অনুযায়ী, উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশের সত্যায়িত কপি বাদীপক্ষ উপস্থাপন করলে তা যাচাই সাপেক্ষে তাৎক্ষণিকভাবে সব ধরনের নির্মাণকাজ বন্ধ করা পুলিশের আইনগত দায়িত্ব।
রাষ্ট্রের একজন প্রবীণ ভাষাসৈনিকের সম্পত্তি রক্ষায় কোনো প্রকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে পুলিশ প্রশাসনকে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে সমাজে এই বার্তা পৌঁছায় যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।
