মাহমুদুর রহমান মান্না , নাগরিক ঐক্যের সভাপতি। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের শুরু। ১৯৬৮ সালে মান্না বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হন। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস), জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)। ১৯৮০ সালে তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গঠন করেন। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং এক পর্যায়ে দলটির সাংগঠনিক সম্পাদক হন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে ২০০৯ সালে নাগরিক ঐক্য গঠন করেন। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনেও তার ভূমিকা ছিল। রাজনীতির নানা প্রশ্ন নিয়ে সম্প্রতি কথা বলেন বণিক বার্তা য়। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম
স্বাধীনতার পর থেকেই নানা রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এগিয়েছে। ১৯৭৫-এর নভেম্বর এমন একটি রক্তাক্ত অধ্যায়। ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান রাজনীতির দৃশ্যপটে আসেন। বলা যায়, তার হাত ধরেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয় এবং বহুদলীয় গণতন্ত্রের বিস্তার ঘটে। আমাদের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর সংকটটা কোথায় যে একজন সামরিক পটভূমি থেকে আসা ব্যক্তির হাত ধরেই আমাদের গণতন্ত্রায়ণ বা বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হতে হলো?
প্রথম কথা হলো, প্রশ্নটি যেভাবে করলেন, ঐতিহাসিক পটভূমিটা ঠিক সে রকম নয়। গণতন্ত্র হত্যা করেছিলেন এমন একজন ব্যক্তি, যিনি একসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন। তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, প্রায় সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, মাত্র চারটি পত্রিকা চালু রেখেছিলেন। অর্থাৎ গণতন্ত্রে ফিরে আসার পথ কার্যত বন্ধ করে দিয়েছিলেন। সম্পূর্ণ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, যার নাম দেয়া হয়েছিল বাকশাল।
এ পরিস্থিতি পরিবর্তনের একটি উপায় ছিল ওই সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। বল প্রয়োগের দুটি পথ ছিল। একটি হলো জনগণের শক্তি, অর্থাৎ গণ-আন্দোলন বা গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন আনা। যেমন ২০২৪ সালে আমরা দেখেছি, তৎকালীন শাসক শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে। রক্তক্ষয়ী সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে উৎখাত করেছে।
তখনো যদি এমন একটি গণ-অভ্যুত্থান ঘটানো যেত, তাহলে সেটি হতো একটি পথ। আপনি বলতে পারেন, তখন গণ-অভ্যুত্থান হলো না কেন? গণ-অভ্যুত্থানের চেষ্টা হচ্ছিল, তবে সেটি সঠিক পথে এগোচ্ছিল কিনা, তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। সে আলোচনায় এখন যাচ্ছি না। তবে এটা ঠিক যে গণ-আন্দোলনের সম্ভাবনা তখনো ছিল। কিন্তু সেই চেষ্টাটা করা হয়নি।
ফলে যারা মনে করেছিলেন, একটি গণ-অভ্যুত্থান হলে ইতিবাচক ও প্রগতিশীল সরকার প্রতিষ্ঠিত হতে পারে, তাদের সেই সম্ভাবনা থামিয়ে দেয়ার জন্য মাঝপথে একটি হস্তক্ষেপ করা হয়। ক্ষমতা দখল করে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার একধরনের নমুনা বা বাহানা হাজির করা হয়।
আপনি বললেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। কিন্তু খেয়াল করবেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই চতুর্থ সংশোধনী কিন্তু বাতিল করা হয়নি। দলগুলোকে পুনরুজ্জীবিত করা হয়েছিল। তাও সব দলকে নয়, কিছু দলের ক্ষেত্রে নানা বিধিনিষেধও ছিল।
কথা হলো পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি সেখান থেকে আসেনি। সামরিক শাসন যতটুকু গণতন্ত্র গ্রহণ করতে বা ধারণ করতে পারত, ততটুকুই দেয়া হয়েছিল। পরবর্তী সময়ে শাসন প্রক্রিয়া চলতে চলতে যখন মনে হয়েছে, মানুষ আধা সামরিকতন্ত্র ও আধা গণতন্ত্রের ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠেছে, তখন ধীরে ধীরে গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে।
অতএব পুরো বিষয়টির দায় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হিসেবে দেখব না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে গণ-অভ্যুত্থান বা লড়াই প্রয়োজন ছিল, রাজনৈতিক দলগুলো তা করতে পারেনি। এর কারণ ছিল ভয়াবহ দমননীতি ও একদলীয় শাসন ব্যবস্থা। সেটাকে ব্যর্থতা বলতে পারেন। পৃথিবীর বহু দেশে চূড়ান্ত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি দীর্ঘদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি। আবার আমাদের দেশেই একসময় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র মাথা তুলে দাঁড়িয়েছে।
তবে তখনো কিছু গণতান্ত্রিক অধিকার ছিল। রাজনৈতিক দলগুলো কাজ করতে পারত, মিছিল-মিটিং করতে পারত। কিন্তু বাকশালের সময় এসব কার্যক্রম নিষিদ্ধ ছিল। অতএব দুটি পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে।
স্বাধীনতার পর থেকে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের বিভিন্ন ধাপের মধ্য দিয়ে আমরা এগিয়েছি। মাঝখানে সামরিক শাসনও এসেছে। কিন্তু প্রতিষ্ঠান গড়ে তোলা, নিয়মকানুন ঠিক করা কিংবা খেলার নিয়ম বা ‘রুলস অব দ্য গেম’ প্রতিষ্ঠার পরিবর্তে আমরা সবসময় ব্যক্তির ওপর প্রত্যাশা রেখেছি। কখনো শেখ মুজিবুর রহমান, কখনো জিয়াউর রহমান, কখনো খালেদা জিয়া, কখনো শেখ হাসিনা। আমরা কেন একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলাম না?
আমাকে যদি প্রশ্ন করেন তাহলে বলব, আমি ওই প্রক্রিয়ার সঙ্গে ছিলাম না। আমি যে দল করতাম, সেই দলের রাজনীতিতে ব্যক্তি বা কোনো নির্দিষ্ট নেতার ওপর নির্ভরশীল ছিলাম না। আমরা মনে করিনি, শেখ মুজিবের হাত ধরে আবার গণতন্ত্র ফিরে আসবে কিংবা আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দেবে।
তবে এটুকু বলতে পারেন, শেখ মুজিবের শাসনের অবসানের পর কীভাবে গণতন্ত্র আসবে, সেই পদ্ধতিটা আমরা ভালোভাবে স্পষ্ট করতে পারিনি। মানুষও বুঝতে পারেনি। ফলে মানুষ যা পেয়েছে, তাতেই সন্তুষ্ট হয়েছে। এর মধ্যে কিছু সত্যতা আছে। রাজনৈতিক দলগুলো হয়তো সেই কাজটি করতে পারেনি।
কিন্তু এর কারণও আমি একটু আগেই বলেছি। তখন প্রচণ্ড দমননীতি চলছিল। একদলীয় শাসন ছিল, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও ছিল না। পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক শক্তি বল প্রয়োগের রাজনীতির কাছে পরাজিত হয়েছে। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক আন্দোলন ও বিপ্লবী প্রচেষ্টাও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। জার্মানিতে নাৎসিদের উত্থানের সময়ও এমন ঘটনা ঘটেছে। বল প্রয়োগের নীতির কাছে অনেক সময় গণতান্ত্রিক শক্তি পরাজিত হতে পারে। আমার মনে হয়, আমাদের ক্ষেত্রেও সে রকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল।
আমি যে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ করতাম, সেটাও ঠিকমতো গণতান্ত্রিক সংগ্রাম করতে পারেনি। যদি পারত, তাহলে হয়তো ২০২৪ সালে যে পরিবর্তন হয়েছে, তার মতো একটি ঘটনা ১৯৭৫ সালের দিকেই ঘটতে পারত। আমরা তা করতে পারিনি।
স্বাধীন বাংলাদেশে তরুণদের একটি বড় রাজনৈতিক শক্তি ও প্লাটফর্ম ছিল জাসদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদেও তাদের প্রভাব ছিল। ১৯৭৫ সালের নভেম্বরের অভ্যুত্থান, যেটিকে বিপ্লব ও সংহতি দিবস বলা হয়, সেখানেও জাসদের রাজনৈতিক অংশগ্রহণ ছিল। জাসদ কেন ব্যর্থ হলো? এর পেছনে কি বাইরের কোনো শক্তি দায়ী ছিল, নাকি দলের অভ্যন্তরীণ রাজনীতি, কাঠামোগত দুর্বলতা ও নীতিগত ভুলের ভূমিকা ছিল?
কাঠামোগত নয়, প্রধানত নীতিগত ভুল। তবে নীতিগত ভুলের সঙ্গে কাঠামোগত বিষয়ও জড়িত।
১৯৭৪ সালে যখন নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখন জাসদ ছিল মূলত তরুণদের দল। তরুণদের মধ্যে যেমন ধৈর্যের অভাব থাকে, তাদের মধ্যেও তেমন একটি সমস্যা ছিল। তারা মনে করেছিল, এখনই পাল্টা আঘাত করতে হবে। তখন তারুণ্যের রক্তে একধরনের বিপ্লবী উন্মাদনা ছিল। সেই কারণে গণ-আন্দোলনের পথ ছেড়ে তারা সশস্ত্র আন্দোলনের পথে চলে যায়।
আমাদের দেশে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে জয়ী হওয়া সম্ভব নয়। জাসদ প্রথম দিকে বলেছিল, অন্যান্য বামপন্থী দল যারা সশস্ত্র লড়াই করছে, তারা ভুল পথে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত জাসদ নিজেও সেই পথে চলে যায়। অথচ সশস্ত্র লড়াই করে সামরিকতন্ত্রের পতন ঘটানোর চিন্তাটাই ছিল ভুল।
এ দুটি ভুল—মতাদর্শগত ও কৌশলগত—মিলেই জাসদের ব্যর্থতা তৈরি হয়েছে। এর সঙ্গে সাংগঠনিক কাঠামোর দুর্বলতাও যুক্ত হয়েছিল। তারা গণবাহিনী তৈরি করেছিল, বিপ্লবী সংস্থা গঠন করেছিল, নানা চমক সৃষ্টি করেছিল। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। এটি তাদের কৌশলগত ভুল ও বাস্তবতা বোঝার ব্যর্থতা।
স্বাধীনতার পর এশিয়া ও আফ্রিকার অনেক দেশই নানা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে, সামরিক শাসনের মধ্যে পড়েছে। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার কথাই যদি বলি, তাদেরও রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। কিন্তু তারা এখন নিয়মিত নির্বাচন আয়োজন করতে পারছে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত নির্বাচন আয়োজন করা। অথচ বাংলাদেশের জন্মপ্রক্রিয়াই ১৯৭০ সালের নির্বাচনের ম্যান্ডেটের একটি প্রকাশ্য ফল। কিন্তু স্বাধীনতার পর কোনো সরকারই নিয়মতান্ত্রিক নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারেনি। এর কারণ কী?
একটি প্রগতিশীল আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা থাকতে পারে। এমনকি গণতান্ত্রিক আন্দোলন নিজেই প্রগতিশীল হতে পারে এবং প্রগতিশীল আন্দোলন গড়ে তুলতে সহযোগিতা করতে পারে। জাসদ অন্তত এ বিষয়টি বুঝেছিল। অন্যদিকে হক, তোহা, দেবেন শিকদার, সিরাজ শিকদারসহ অন্য যারা সশস্ত্র লড়াইকে প্রধান মনে করতেন, তারা বিষয়টিকে সেভাবে দেখেননি।
জাসদও শেষ পর্যন্ত সেই আবেগে তাড়িত হয়ে সশস্ত্র আন্দোলনের পথে গেছে। তারা গণ-আন্দোলনের পথ ছেড়ে দিয়েছে। ফলে কী হয়েছে? গণ-আন্দোলন গড়ে তোলা, গণ-আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা এবং নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি তারা পরিত্যাগ করেছে।
জাসদ বক্তৃতা করেছে, পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোঁয়াড়। পার্লামেন্টে আগুন লাগিয়ে দেয়ার কথাও বলেছে। অথচ যে সংগ্রামের মধ্য দিয়ে পার্লামেন্টকে মানুষের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করা যেত, সেই সংগ্রাম তারা করেনি।
আপনি হয়তো জানেন, বর্তমান সময়ের পরিচিত মার্ক্সবাদী চিন্তাবিদদের মধ্যে টমাস পিকেটি একজন। তিনি বলেছেন, মার্ক্সবাদীরা পার্লামেন্টারি সংগ্রামকে যথাযথভাবে গ্রহণ করতে পারেনি বলেই বিভিন্ন দেশে তারা পরাজিত হয়েছে। আমি মনে করি, বাংলাদেশ তার একটি উদাহরণ।
পার্লামেন্টারি সংগ্রামের মধ্য দিয়েও যে একটি বিপ্লবী আন্দোলন গড়ে তোলা যেতে পারে, জাসদ তা ঠিকমতো বুঝতে পারেনি। তারা বলেছিল, প্রকাশ্য ও গোপন, দুই ধরনের তৎপরতাই চলবে। কিন্তু গোপন তৎপরতা ঘোষণা দিয়ে পরিচালনা করা যায় না। শেষ পর্যন্ত সেই সাংগঠনিক দুর্বলতা ও ভুল কৌশলের কারণে সর্বাত্মক আক্রমণের মুখে জাসদ টিকে থাকতে পারেনি।
আমাদের ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার সংকট কমানোর জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি ব্যবস্থা চালু করেছিলাম। কিন্তু গত কয়েকটি নির্বাচনে সেটিও নানা প্রশ্নের মুখে পড়েছে। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা কি আমাদের মূল সমস্যার সমাধান না করে আরো সমস্যা তৈরি করছে?
আমি আমার আগের বক্তব্যের ধারাবাহিকতায় বলব, গণতান্ত্রিক সংগ্রামও একটি বিপ্লবী সংগ্রাম গড়ে তুলতে পারে। গণতান্ত্রিক সংগ্রাম বিপ্লবী সংগ্রামের অংশ হতে পারে। আমরা বিষয়টি বুঝিনি। ফলে সেই পথে এগোইনি।
আপনি যখন প্রশ্ন করছেন, অন্তর্বর্তী সরকারকেও কি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারলাম না, তখন বলব, পারিনি। অন্তর্বর্তী সরকারকে কাজে লাগিয়ে যদি একটি নির্বাচন করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যেত এবং সেই সরকারের অধীনে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা তৈরি করা যেত, তাহলে গণতন্ত্রের পথ আরো উন্মুক্ত হতো।
যেভাবে সবাই গোপনে রাজনীতি করার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার পথে পা বাড়াতে হতো না। তারা তো ওই লাইনটাই ধরেননি। ফলে আপনারা যদি সেই পথে যেতেন, তাহলে কী ফল হতো, সেটি এখন মূল্যায়ন করা সম্ভব নয়। কারণ আপনারা সেই পথেই যাননি।
কার্ল মার্ক্স নিজেও একসময় বলেছিলেন, ইংল্যান্ডে পার্লামেন্টারি পদ্ধতির মধ্য দিয়েও সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হতে পারে। তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে সম্ভবত তার চিন্তায় ছিল, ইংল্যান্ডই এমন একটি দেশ যেখানে শ্রমিক শ্রেণীর বিকাশ ঘটেছে এবং গণতন্ত্রও পরিপূর্ণ মাত্রায় বিকশিত হয়েছে। সেই গণতন্ত্রকে ব্যবহার করে সমাজতন্ত্রের দিকে যাওয়া সম্ভব।
ইংল্যান্ডে শেষ পর্যন্ত তা হয়নি। লেবার পার্টি শক্তিশালী ছিল, এখনো আছে; কিন্তু তারা সেই বিপ্লবী পথে যায়নি।
আমি বলব, এভাবে আমরা অনেক সম্ভাবনা নষ্ট করেছি। অন্তর্বর্তী সরকার যখন আসে, তখন তার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়ে গণতান্ত্রিক পরিবেশ ও সুযোগ-সুবিধা বাড়িয়ে নেয়া উচিত। সেই সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়া সম্ভব। এখনো সেই সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের আন্দোলনে তরুণদের একটি বড় অংশ নেতৃত্ব দিয়েছে। জাসদের সাফল্য ও ব্যর্থতা থেকে তারা কী শিখতে পারে? তারা কি জাসদের ইতিহাস থেকে কোনো শিক্ষা নিয়েছে?
তারা জাসদের ইতিহাস জানে বলেই আমার মনে হয় না। আমি এক-দুবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। বলেছি, তোমরা যে তারুণ্যের শক্তি নিয়ে এত আত্মবিশ্বাসী, তারুণ্যের ওপর এত আস্থা রাখছ, আমাদের সময় তারুণ্যের শক্তি তার চেয়েও বেশি ছিল। এটি একটি বাস্তবতা।
আপনি তো বললেন, প্রায় সব বড় বিশ্ববিদ্যালয় ও কলেজে আমরা জয়ী হয়েছিলাম। আমি বলব, এমন কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় ছিল না যেখানে আমরা জয়ী হইনি। বাংলাদেশে তরুণ মানেই জাসদ, এমন একটি সাধারণ ধারণা তখন তৈরি হয়েছিল।
আমাদের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া দরকার। আমরা কোথায় ভুল করেছি, সেটি বিশ্লেষণ করা দরকার।
২০২৪ সালের আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা খুব অল্প সময়ের মধ্যে বড় একটি সাফল্য পেয়েছেন। কিন্তু আন্দোলনের ধারাবাহিকতা বিবেচনা করলে দেখা যাবে, এর পেছনে আগের ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। সেই ১৫ বছরের অভিজ্ঞতা ও শিক্ষা পরবর্তী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। এ কারণেই মানুষ মনে করেছে, এবার লড়াই করতে হবে, জীবন বাজি রেখে লড়াই করতে হবে। না হলে জয় পাওয়া যাবে না। তারা জীবন বাজি রেখে লড়াই করেছে এবং সরকারকে পরাস্ত করেছে।
এ অভিজ্ঞতার মূল্যায়ন না করলে চলবে না। কেউ যদি মনে করেন, আমরা এসেছি বলেই পেরেছি, আর আপনারা এত বছরেও কিছু করতে পারেননি, তাহলে সেটি আগের আন্দোলনকারীদের অবমূল্যায়ন করা হবে। আগের প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে যে ভিত্তি তৈরি হয়েছিল, তার ওপর দাঁড়িয়েই পরবর্তী প্রজন্ম পদক্ষেপ নিতে পেরেছে এবং দ্রুত জয়লাভ করেছে।
৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল। ৫ আগস্টের পর আমরা নতুন রাজনীতি ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে অনেক আলোচনা শুনেছি। ছাত্ররা কি নতুন রাজনীতি উপহার দিতে পেরেছে, নাকি পুরনো রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে?
তার আগে আমি আপনাকে প্রশ্ন করি, ছাত্ররা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব কি রেখেছে? রাখেনি তো। আপনি সব সময় বলতে পারেন, নতুন কিছু চাই। কিন্তু পুরনো ব্যবস্থার কোন কোন জায়গায় সমস্যা রয়েছে এবং সেগুলো কীভাবে পরিবর্তন করতে চান, তা যদি স্পষ্ট করে বলতে পারতেন, তাহলে বিষয়টি অর্থবহ হতো। তারা সেটি পারেনি।
আমি ওই জায়গাতেই বলব, আগের প্রজন্মের আন্দোলনের নির্যাসের ওপর দাঁড়িয়ে তারা সাফল্য পেয়েছে। কিন্তু সেই সাফল্যকে ব্যবহার করে পরবর্তী ধাপে যাওয়ার মতো কাজ করতে পারেনি। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে।
নিজস্ব কোনো অবদান হিসেবে তারা নতুন গণতন্ত্রের ভিত্তি তৈরি করতে পারেনি। নতুন গণতান্ত্রিক শক্তি বা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। পার্লামেন্ট কিংবা স্থানীয় সরকার, কোনো ক্ষেত্রেই তারা সুনির্দিষ্টভাবে এগোতে পারেনি।
২০১৮ সালের নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলে সেখানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপির সঙ্গে যৌথভাবে আপনারা অনেক কাজ করেছেন। বিএনপি যে ৩১ দফা প্রণয়ন করেছে, সেটিও আপনাদের বিভিন্ন দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছিল। বিএনপি কি সেই সমঝোতা ও রাজনৈতিক ঐকমত্যের ধারায় এখনো আছে?
আপনাদের একটু জানা দরকার, ৩১ দফা বিএনপির একক দফা নয়, ৩১ দফা আমরা সব দল মিলে আলোচনা করে নির্ধারণ করেছিলাম। সব দল মিলে নির্ধারণ করার অর্থ হলো প্রত্যেক দলকেই কিছু না কিছু ছাড় দিতে হয়েছে, আপস করতে হয়েছে। ফলে ৩১ দফায় আমরা আন্দোলনের সময় যে দাবি ও রাষ্ট্রচিন্তা সামনে রেখেছিলাম, তার সবকিছু অক্ষুন্ন রাখতে পারিনি। সমঝোতার মধ্য দিয়ে বিষয়গুলো এসেছে।
কিন্তু বিএনপি নিজেও সেই দাবিগুলোর জায়গায় স্থির থাকতে পারেনি।
আমাদের মূল কথা ছিল, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের এমন ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে আরেকবার স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে। সেটি কীভাবে সম্ভব? সংবিধানে স্বৈরতন্ত্র ফিরে আসার সুযোগ তৈরি করে এমন বিধান ও ধারা পরিবর্তন করতে হবে। এ কারণেই আমাদের কাছে রাজনৈতিক সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
অর্থনৈতিক সংস্কারও গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক সংস্কারের বিষয়টি সামনে এসেছিল, কারণ দেশে নির্বাচন ও ক্ষমতার কাঠামো নিয়ে সংকট ছিল। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে জন্য আমরা বিভিন্ন প্রস্তাব দিয়েছিলাম। বিএনপি প্রথম দিকে বিষয়টি কতটা বুঝেছিল, তা আমি জানি না। তবে শেষের দিকে তাদের মধ্যে কিছু নতুন উপলব্ধি তৈরি হয়েছে বলে মনে হয়েছে।
যেমন আমরা বলেছি, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের হাতে যদি নিরঙ্কুশ ক্ষমতা থাকে, তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা থাকে। একজন ব্যক্তি বা একটি দল যদি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে, পুলিশের শীর্ষ পদগুলোতে, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে নিজেদের ইচ্ছামতো নিয়োগ দিতে পারে, তাহলে সব ক্ষমতা তাদের হাতেই কেন্দ্রীভূত হয়।
আমাদের প্রস্তাব ছিল, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে একটি কমিশন বা স্বাধীন ব্যবস্থা থাকতে হবে। সেই কমিশন যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে। যেমন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নিয়োগের আগে সিনেট কমিটিতে শুনানি হয়। এখানেও এমন একটি কমিটি বা ব্যবস্থা থাকা দরকার, যেখানে যোগ্যতা ও অতীতের রেকর্ড বিবেচনা করে নিয়োগের বিষয়ে মতামত দেয়া হবে।
কিন্তু তারা এ প্রস্তাব বাদ দিয়ে দিয়েছে। তাদের বক্তব্য হলো এভাবে করলে নির্বাহী বিভাগের ক্ষমতা থাকবে না। অর্থাৎ নির্বাহী বিভাগ চাইলে নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। তাহলে নির্বাহী বিভাগ কীভাবে কাজ করবে?
আমি মনে করি, এ ধারণা ভুল। নির্বাহী বিভাগের কাজ শুধু ক্ষমতা প্রয়োগ করা নয়। যুক্তিসংগতভাবে রাষ্ট্র পরিচালনা করাও নির্বাহী বিভাগের দায়িত্ব।
একইভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং মন্ত্রিপরিষদের জবাবদিহির বিষয়েও আমাদের প্রস্তাব ছিল। কিন্তু এসব জায়গায় গণতান্ত্রিক নিয়মকানুন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাইনি। ফলে অনেক ক্ষেত্রেই আগের ব্যবস্থার ধারাবাহিকতা রয়ে গেছে।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, বিভিন্ন কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদ প্রণয়নের কাজ হয়েছে। এখন কি আমরা সংস্কারের পথে এগোচ্ছি? জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন কি দেখতে পাচ্ছি?
বড় দল বলছে, কিছু কিছু বিষয়ে তারা একমত নয়। যেমন আমি আপনাকে যে নিয়োগের বিষয়টি বললাম, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে বিএনপি বলছে, নির্বাহী বিভাগের প্রধানের হাতেই ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, সেটাই তারা চায়।
কিন্তু অন্য অনেক দল এ প্রস্তাবের সঙ্গে একমত নয়। সমস্যা হলো তারা যেহেতু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ, তাই নিজেদের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছে।
আমাদের ইতিহাসে দেখা গেছে, যখনই কোনো রাজনৈতিক সরকার দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখনই পরিস্থিতি খারাপের দিকে মোড় নিয়েছে। ১৯৭৩, ২০০১ কিংবা ২০০৯ সালের কথা বলা যায়। এবারো ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সংস্কার না হলে আপনি কি আশঙ্কা করছেন, আবারো একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে?
আশঙ্কার কথা নয়, আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে বলেছিলাম, আপনার দল কতটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়? তিনি হয়তো আমার প্রশ্নটি ঠিকমতো অনুধাবন করতে পারেননি। আমি তখন বললাম, আমি জানতে চাইছি, আপনি কি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা চান?
আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি চাইব না আপনি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পান। কারণ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে যে সমস্যা তৈরি হয়, সেটি হলো নিরঙ্কুশ ক্ষমতা। একটি দল নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে গেলে কর্তৃত্ববাদী হয়ে ওঠার ঝুঁকি তৈরি হয়।
আমি তাকে এ কথাও বলেছিলাম, আপনি বিরোধী দল হিসেবে কাদের দেখতে চান? আপনি আমাদের সবাইকে ডেকে ক্ষমতার অংশীদার করতে চাইছেন, জাতীয় সরকার গঠন করতে চাইছেন। কিন্তু আমরা সবাই যদি সরকারে চলে যাই, তাহলে বিরোধী দলে থাকবে জামায়াতে ইসলামী বা ইসলামপন্থী দলগুলো। আজকের বিরোধী দলই তো আগামী দিনে ক্ষমতায় যেতে পারে। তাহলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করছেন।
তিনি আমাকে বলেছিলেন, উপায় কী? আমি বলেছিলাম, একটি উপায় আছে। ভারতের স্বাধীনতার পর জওহরলাল নেহরু বিরোধীদের ডেকে বলেছিলেন, তোমরা একটি বিরোধী দল গঠন করো। সেই প্রচেষ্টা প্রথম দিকে সফল হয়নি। তবে একটি প্রক্রিয়া ছিল, যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিরোধী রাজনীতির বিকাশ ঘটেছে।
আমাদের এখানে তো কার্যকর বিরোধী দল নেই। এখন আমরা যে ধরনের প্রস্তাব দিয়েছিলাম, সে রকম একটি বিরোধী দল গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারত।
তিনি আমাকে বলেছিলেন, এটি কীভাবে করা সম্ভব? বিরোধী দল তো স্বাভাবিকভাবে বা অর্গানিকভাবেই গড়ে উঠতে হবে।
আমি বলেছিলাম, অর্গানিকভাবে গড়ে উঠতে তো সমস্যা নেই। আমরা তো আপনাদের থেকে আলাদা ছিলাম, আলাদাই থাকছি। আমরা আলাদাভাবে জোটের রাজনীতি করছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। যে কটি আসনে জিতব, সেগুলো নিয়েই শুরু করব। বিজেপি ভারতে প্রথম নির্বাচনে দুটি আসনে জিতেছিল। আমরাও হয়তো দুটি আসনে জিতব। তাতে অসুবিধা কী?
আপনাদের কয়েকজন মিত্র এখন সরকারে আছেন। বিষয়টি কীভাবে দেখছেন?
ক্ষমতার বিষয়টি এমন যে ক্ষমতার এপারে ও ওপারে অনেক পার্থক্য তৈরি হয়। রং, চরিত্র—অনেক কিছুই বদলে যায়। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করতে চাই না। তবে এটুকু বলব, আমাদের সঙ্গে যারা ছিলেন, তাদের চিন্তাভাবনা থেকে যে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তা বলব না।
তবে এখানে আমাদের বলতে গিয়ে আমি গণতন্ত্র মঞ্চের কথা বলছি। মঞ্চের বাইরের অন্যদের কথা বলছি না। তাদের নিজেদের ব্যাখ্যা রয়েছে। তারা যে একেবারে সরকারের সঙ্গে মিশে গিয়ে দালালি করছেন, তা-ও বলছি না। কিন্তু এটা ঠিক যে নিজেদের রাজনৈতিক অবস্থান তারা খুব স্পষ্টভাবে নির্ধারণ করতে পারছেন না।
আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র কতটা আছে? বিএনপি সরকার ক্ষমতায় আসার আট মাস পরও দলটি তার অঙ্গসংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। কেন্দ্রীয় কমিটির ক্ষেত্রেও একই অবস্থা। অন্যান্য দলেরও এমন পরিস্থিতি। এনসিপি থেকে অনেকেই বেরিয়ে যাচ্ছেন। দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার ঘাটতি কি জাতীয় রাজনীতি ও সরকারের ওপরও প্রভাব ফেলছে?
হ্যাঁ, নিশ্চয়ই প্রভাব ফেলছে। তবে আবারো বলছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন। আপনি যেভাবে বিষয়টি দেখছেন, সেভাবেই প্রশ্ন করছেন। কিন্তু যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, রাজনীতির খোঁজখবর রাখেন এবং বোঝার চেষ্টা করেন, তাদের একটি সমস্যা আছে। তারা মাঠে থেকে রাজনীতি করেন না।
ধরুন, গণতন্ত্র মঞ্চে যে কটি দল ছিল, তারাই কি সব জায়গায় কমিটি করতে পেরেছে? পারেনি। কিন্তু আমাদের কমিটি করতে না পারার কারণ আর বিএনপির কমিটি করতে না পারার কারণ এক নয়। চরিত্রগতভাবে দুটি বিষয় আলাদা।
নির্বাচনের পর একটি ঘটনা ঘটেছে। বাঙালিদের মধ্যে একধরনের প্রবণতা আছে, উইনার টেকস অল। যে জেতে সবকিছু তার দখলে চলে যায়। এখন সবাই ওই দিকে চলে গেছে। আমাদের দিকে কমিটি করার মতো মানুষও পাওয়া কঠিন হয়ে পড়েছে। এটি বাস্তবতা।
আমি যদি নিজের দুর্বলতা স্বীকার করি, কেউ বলতে পারেন, আপনি নিজের দুর্বলতা এভাবে স্বীকার করছেন কেন? কিন্তু বাস্তবতা স্বীকার করার মধ্যে আমি কোনো দোষ দেখি না।
আমি মনে করি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা যদি আরো বড় একটি রাজনৈতিক পথ তৈরি করতে পারতাম, তাহলে হয়তো ভালোভাবে চিন্তা করতে পারতাম। কিন্তু আমরা মনে করছি, আগে নিজেদের দল টিকিয়ে রাখতে হবে। একা একা প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
আরেকটি বিষয় বলি। কাউকে ছোট করার জন্য নয়, বিষয়টি বোঝানোর জন্য বলছি। ধরুন এনসিপি যদি জামায়াতের সঙ্গে জোট না করে নির্বাচনে অংশ নিত, তাহলে তাদের ফলাফল কী হতো? আমার মনে হয়, তারা একটি আসনও জিততে পারত না। আমার ধারণা ভুল হলে ভুল। আমাকে গালাগালি করার দরকার নেই। আমি যা বুঝি সেটিই বলছি।
তারা নিজেরাও বলেছে, সংসদে তাদের আসন দরকার। আসন না পেলে তাদের কেউ গুরুত্ব দেবে না। এমনকি তারা বিএনপি ও জামায়াত, দুই দলের সঙ্গেই আসন নিয়ে দরকষাকষি করেছে। যারা বেশি আসন দেবে, তাদের সঙ্গে জোট করবে—এমন একটি অবস্থানও সামনে এসেছে।
এটি কেমন রাজনীতি? এ কারণেই আমি মনে করি, এনসিপি এখন রাজনীতির একটি সংকটের মধ্যে রয়েছে।
রাজনীতিরও একটি নৈতিকতা আছে। সেই নৈতিকতা বা রাজনৈতিক এথিকস গড়ে ওঠেনি। আমাদের ক্ষেত্রেও তা গড়ে তুলতে পারিনি। বাংলাদেশ এখন একধরনের নৈতিক সংকটের মধ্যে রয়েছে।
বিরোধী রাজনীতির নীতি কী, নৈতিক অবস্থান কী, সেটি মানুষের কাছে স্পষ্ট নয়। বিরোধী দলগুলো যদি বুঝতে পারত যে নিজেদের রাজনৈতিক নীতির জায়গাটি জনগণের সামনে স্পষ্ট করাও তাদের একটি দায়িত্ব, তাহলে সেটি তাদের শক্তির জায়গা হয়ে উঠতে পারত।
আমি যখন জাসদ করতাম, তখন স্বাধীনতার পর ন্যাপ ছিল বড় রাজনৈতিক দল। মওলানা ভাসানী ছিলেন, কমিউনিস্ট পার্টি ছিল। তাদের পাশে আমরা কয়েকজন তরুণ ছাত্রলীগ কর্মী দাঁড়িয়ে গিয়েছিলাম। মানুষ আমাদের পেছনে এসেছিল। কারণ মানুষের মনে হয়েছিল, আমাদের রাজনৈতিক অবস্থানটি সঠিক।
আমাদেরও সে রকম একটি জায়গায় দাঁড়ানোর সাহস দেখাতে হবে। তারুণ্যের কথা যদি বলেন, বাংলাদেশ তো তরুণদেরই দেশ। এখানে তরুণের সংখ্যা অনেক বেশি। প্রায় ২০ কোটি মানুষের দেশে ১২ কোটি তরুণ থাকলে সেটি একটি বিশাল শক্তি। বহু দেশের মোট জনসংখ্যাই এত নয়। আমরা চাইলে এ শক্তিকে কাজে লাগাতে পারি।
কিন্তু সেভাবে চিন্তা না করে যেভাবে রাজনীতি করা হচ্ছে, তাতে সাফল্য আসছে না। মানুষ যে প্রশ্ন করছে, তার উত্তর মানুষ নিজেও পাচ্ছে না। আমরাও তাদের সেই উত্তর দিতে পারছি না।
১৯৬৮ সাল থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি দেখেছেন, কিছু ক্ষেত্রে অংশও নিয়েছেন। বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন ও আশাবাদ কী?
স্বপ্নের কথা বলতে গেলে, আমি একসময় দলগতভাবে সমাজতন্ত্রে বিশ্বাস করতাম। সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের পতনের পর এবং চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের পর আমার কাছে মনে হয়েছে, সমাজতন্ত্রের প্রচলিত ধারণাটি আর আগের জায়গায় নেই। চীনের বর্তমান ব্যবস্থাকে সমাজতন্ত্র বলা যায় কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আমি এখন মনে করি, ওয়েলফেয়ার ইকোনমি বা কল্যাণমূলক অর্থনীতি একটি ভালো পথ হতে পারে। রাষ্ট্রের কাঠামো হয়তো একই রকম থাকবে, কিন্তু অর্থনীতিকে কল্যাণমুখী করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করা উচিত।
আমাদের দেশের মানুষ যখন স্ক্যান্ডিনেভীয় দেশগুলোতে যায়, তখন সেখানকার জীবনযাত্রা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হয়। সেসব দেশকে দেখে মানুষ বলে, কী সুন্দর দেশ! আমরা চাইলে আমাদের দেশেও এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে পারতাম।
কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক শিক্ষার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। আমরা যদি বর্তমান পৃথিবীর বাস্তবতার সঙ্গে নিজেদের রাজনৈতিক চিন্তাকে হালনাগাদ করতে পারতাম, নিজেদের আরো উন্নত করতে পারতাম, তাহলে মানুষের মধ্যেও আশাবাদ তৈরি করতে পারতাম। নিজেরাও আশাবাদী হয়ে সামনের দিকে এগোতে পারতাম।
আপনি প্রশ্ন করতে পারেন, আমি নিজে কী করছি? আমি চেষ্টা করছি। তবে সত্যি বলতে, খুব বেশি সফল হচ্ছি না।
কারণ হতাশা এখন অনেকটা মড়কের মতো সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা বিরোধী রাজনীতি করতে পারলাম না, নির্বাচনে কিছুই করতে পারলাম না, সবকিছু বিএনপি ও জামায়াতের মধ্যে চলে গেল, এমন একটি হতাশা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, আমাদের অস্তিত্ব থাকবে কিনা, আমাদের দিয়ে কিছু হবে কিনা।
তবু দলের সঙ্গে যারা আছেন, তারা কাজ করছেন। পরিস্থিতি যখন কিছুটা পরিবর্তিত হবে, তখন হয়তো তারা আবার ঘুরে দাঁড়াবেন। তার আগে অনেকেই সময়ের অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন।
যদিও রাজনীতিতে বিষয়টি এমন হওয়ার কথা নয়। সময় নিজেকেই তৈরি করতে হয়, সুযোগ নিজেকেই সৃষ্টি করতে হয়। দেখা যাক।
