সিরাজগঞ্জের চলনবিলে মাছ সংকটে শুঁটকি উৎপাদন কমেছে। তবে সংকটটি এখন আর নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নেই; এটি দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের ক্রমাবনতির ইঙ্গিত। চলনবিলের শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিত। এ খাতের সঙ্গে জেলে, ব্যবসায়ী, শ্রমিকসহ বহু মানুষের জীবিকা জড়িত। অথচ মাছের সরবরাহ কমে যাওয়ায় শুধু শুঁটকি উৎপাদনই কমেনি, সংশ্লিষ্ট সব কর্মস্থানেও চাপ পড়েছে। জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়ার ৬০টি শুঁটকিমহালে উৎপাদন হয়েছিল ৩০২ টন। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১৮৫ দশমিক ১৭ টনে। এক বছরে উৎপাদন কমেছে ৩৮ দশমিক ৭ শতাংশ। স্থানীয়দের দেয়া তথ্যমতে, মাছের অভাবে প্রায় অর্ধেক শুঁটকিমহাল বন্ধ রয়েছে।

চলনবিলের সংকটের পেছনে জলাভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য ও পানিপ্রবাহ পরিবর্তনের ভূমিকা রয়েছে। একসময় বিস্তৃত জলরাশি, নদী ও খালের সংযোগ এবং মৌসুমি প্লাবনের কারণে এ অঞ্চলে মাছের প্রজনন ও বিচরণের উপযোগী পরিবেশ ছিল। কিন্তু অপরিকল্পিত সড়ক, বাঁধ, কালভার্ট, স্লুইস গেট ও জলপ্রবাহ নিয়ন্ত্রণের নানা অবকাঠামো বিলের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। সিইজিআইএসের এক গবেষণায় বলা হয়েছে, ১৯৭৫ সালে শুষ্ক মৌসুমে চলনবিলের ৮০০ বর্গকিলোমিটার এলাকায় পানি থাকলেও ২০২৫ সালে তা কমে ৬৬ বর্গকিলোমিটারে নেমেছে। একই গবেষণায় ২০১৪ সালের আগে চলনবিলে মাছের উৎপাদন ২৬ হাজার ৯৯০ টন থাকলেও পরে তা কমে ১১ হাজার ৯৯৯ টনে দাঁড়ানোর তথ্য এসেছে। দেশী মাছের প্রজাতির সংখ্যাও ১০৫ থেকে কমে ৬০-এ নেমেছে। জলাভূমির সংকোচন ও পানিপ্রবাহের প্রতিবন্ধকতা মাছের উৎপাদন এবং জীববৈচিত্র্য, দুই ক্ষেত্রেই প্রভাব ফেলছে।

এ সংকট চলনবিলেই সীমাবদ্ধ নয়। দেশের হাওর, বাঁওড়, বিল ও প্লাবনভূমির অনেক জায়গায় একই ধরনের চাপ তৈরি হয়েছে। হাওর অঞ্চলে পলি জমে জলাশয়ের গভীরতা কমে যাওয়া, নদী-খালের সংযোগ বিচ্ছিন্ন হওয়া, অপরিকল্পিত বাঁধ ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মাছের প্রজনন ক্ষেত্রকে সংকুচিত করছে। হাকালুকি হাওরের মাছের বৈচিত্র্য নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০০৮ সালের জরিপে চিহ্নিত ৬৩টি মাছের প্রজাতির ৮৩ শতাংশ সহজলভ্য ছিল; ২০১৮ সালে তা কমে ৫১ শতাংশে দাঁড়ায়।

মৎস্য অধিদপ্তরের ২০২৩-২৪ সালের পরিসংখ্যান মতে, দেশে মোট মাছ উৎপাদন ৫০ লাখ ১৮ হাজার টনে পৌঁছলেও অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ের অবদান মোট উৎপাদনের ২৮ দশমিক ১৩ শতাংশ। অথচ ষাটের দশকের শুরুতে দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ৯০ শতাংশ আসত অভ্যন্তরীণ আহরণনির্ভর জলাশয় থেকে। অধিদপ্তরের হিসাবে, ১৯৮৩-৮৪ অর্থবছরে মোট উৎপাদনে অভ্যন্তরীণ আহরণনির্ভর মৎস্যসম্পদের অংশ ছিল ৬২ দশমিক ৫৯ শতাংশ। এর পেছনে অতিরিক্ত আহরণ, আবাসস্থলের অবক্ষয় ও সংকোচন, পলি জমা এবং শিল্প ও কৃষিজ দূষণ দায়ী।

এমন পরিস্থিতিতে একটি মৌলিক বিষয় বিবেচনায় আনতে হবে—মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্য পূরণে পুকুর, ঘের ও বদ্ধ জলাশয়ে চাষ সম্প্রসারণের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের বাস্তুতন্ত্র রক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। হাওর-বিলের মাছ শুধু বাজারের পণ্য নয়; এসব জলাভূমি অসংখ্য প্রজাতির প্রজনন, বিচরণ ও খাদ্য গ্রহণের ক্ষেত্র। বর্ষায় নদী ও প্লাবনভূমির সংযোগ মাছের বিস্তার ও প্রজননে ভূমিকা রাখে। সেই সংযোগ বন্ধ হয়ে গেলে কিংবা শুকনো মৌসুমে জলাশয় পুরোপুরি শুকিয়ে গেলে মাছের জীবন চক্র বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় জেলে পরিবার, মৎস্য ব্যবসায়ী, শুঁটকি উৎপাদনকারী ও মৌসুমি শ্রমিকদের জীবিকা।

এ পরিস্থিতি মোকাবেলায় প্রথমেই দেশের গুরুত্বপূর্ণ হাওর, বিল ও বাঁওড়ের হালনাগাদ অবস্থা নিরূপণ করা প্রয়োজন। কোন জলাশয়ে কতটুকু পানি থাকে, কোথায় পলি জমছে, কোন নদী বা খালের সংযোগ বন্ধ হয়েছে এবং কোথায় মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে, এসব তথ্যের ভিত্তিতে পুনরুদ্ধার পরিকল্পনা নিতে হবে। খাল ও নদী খননের ক্ষেত্রে শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, পানির স্বাভাবিক প্রবাহ ও জলজ প্রাণীর চলাচল নিশ্চিত করাও বিবেচনায় রাখতে হবে। বাঁধ, সড়ক ও স্লুইস গেট নির্মাণের আগে জলাভূমির ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন এবং বিদ্যমান অবকাঠামোর কার্যকারিতা পর্যালোচনা জরুরি। পাশাপাশি অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার, পোনা ও প্রজননক্ষম মাছ আহরণ এবং জলাশয় ভরাটের বিরুদ্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।