সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিদ্যালয়ে পদায়ন নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। পদায়নের সময়সীমা দ্বিতীয় দফায় পিছিয়ে আগামী ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। কেন এই পরিবর্তন এ নিয়ে প্রশ্ন উঠছে, যা ১১ তারিখ নির্ধারিত হয়েছিল।

পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা গত ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন। পূর্বপরিকল্পনায় ৪ অক্টোবর তাদের বিদ্যালয়ভিত্তিক পদায়ন দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে প্রথম দফায় ১১ অক্টোবর নির্ধারণ করা হয় এবং ৪ অক্টোবর থেকে শুরু হয় পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই দ্বিতীয় দফায় আবারও তারিখ পিছিয়ে ১৮ অক্টোবর নির্ধারণ করায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে নবনিযুক্ত শিক্ষকদের মাঝে।

আমরা মনে করি এই ক্ষোভের কারণ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগ পেয়েও কর্মস্থলে যোগদান নিয়ে অনিশ্চয়তায় থাকা নতুন শিক্ষকদের জন্য নিঃসন্দেহে দুর্ভোগের বিষয়। নিয়োগ প্রক্রিয়া শেষে পদায়ন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মতো একটি বৃহৎ ও জনগুরুত্বপূর্ণ খাতে এই প্রক্রিয়া যত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে, ততই ভালো। কিন্তু বারবার সময়সীমা পরিবর্তন হলে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশ্ন তৈরি হয়।

প্রাথমিক শিক্ষা দেশের শিক্ষাব্যবস্থার ভিত্তি। শিশুর শিক্ষাজীবনের প্রথম ধাপটি শক্তিশালী না হলে পরবর্তী স্তরের শিক্ষাও কাঙ্ক্ষিত মানে পৌঁছানো কঠিন। অথচ দেশের বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট রয়েছে। এমন বাস্তবতায় নতুন শিক্ষক নিয়োগের পর দ্রুত বিদ্যালয়ে পদায়ন হওয়ার কথা ছিল অগ্রাধিকার ভিত্তিতে।

এখানে স্বচ্ছতার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পদায়নের ক্ষেত্রে কোন নীতিমালা অনুসরণ করা হচ্ছে, শূন্যপদের হিসাব কীভাবে করা হচ্ছে, কোন শিক্ষককে কোন বিদ্যালয়ে পাঠানো হবে— এসব বিষয়ে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ডিজিটাল পদ্ধতিতে পদায়ন হলে সেই প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সুযোগ রয়েছে।

প্রত্যন্ত ও দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট বেশি। পদায়নের ক্ষেত্রে শুধু শহর বা অপেক্ষাকৃত সুবিধাজনক বিদ্যালয়কে গুরুত্ব দিলে চলবে না। যে বিদ্যালয়গুলোতে বছরের পর বছর শিক্ষকসংকট রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্যতা ও মানবিক বিষয়ও বিবেচনায় রাখা জরুরি।

নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষোভকেও তাই অবহেলা করার সুযোগ নেই। তারা দীর্ঘ নিয়োগপ্রক্রিয়া পেরিয়ে এখন কর্মজীবন শুরু করার অপেক্ষায় রয়েছেন। তাদের উদ্বেগের প্রতি প্রশাসনকে সংবেদনশীল হতে হবে। শুধু ‘আরও কিছুদিন অপেক্ষা করুন’ বললে সমস্যার সমাধান হবে না। কেন বিলম্ব হচ্ছে, ১৮ অক্টোবরের মধ্যে কোন প্রক্রিয়ায় পদায়ন সম্পন্ন হবে এবং এরপর যোগদানের সময়সীমা কত— এসব বিষয়ে স্পষ্ট ঘোষণা প্রয়োজন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে প্রত্যাশা—১৮ অক্টোবরের সময়সীমা যেন আর পিছিয়ে না যায়। পদায়নের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে এবং কোনো ভুল বা অসংগতি থাকলে দ্রুত সংশোধনের ব্যবস্থা রাখতে হবে।

আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিয়োগপ্রাপ্ত শিক্ষককে দ্রুত শ্রেণিকক্ষে পৌঁছে দেওয়া। কারণ এই নিয়োগের মূল উদ্দেশ্য শুধু চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান দেয়া নয়; এর মূল লক্ষ্য দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকসংকট দূর করা। একজন নতুন শিক্ষক যখন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিশুদের পাঠদান শুরু করবেন, তখনই এই দীর্ঘ নিয়োগপ্রক্রিয়ার প্রকৃত সাফল্য দৃশ্যমান হবে।

বারবার সময়সীমা পিছিয়ে সেই সাফল্যকে বিলম্বিত করা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনিক প্রস্তুতির ঘাটতি থাকলে তা দ্রুত কাটিয়ে উঠে নির্ধারিত সময়ের মধ্যেই পদায়ন সম্পন্ন করতে হবে। নতুন শিক্ষকদের অনিশ্চয়তা দূর করা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসংকট কমানো—দুই দিক থেকেই এখন দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য পদায়নই প্রত্যাশিত।