দেশে জনস্বাস্থ্য পরিস্থিতি যে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে, হাম ও ডেঙ্গুর সাম্প্রতিক চিত্র তারই ভয়াবহ বার্তা দিচ্ছে। একদিকে হামের উপসর্গ নিয়ে একদিনে আট শিশুর মৃত্যুর খবর, অন্যদিকে একই সময়ে ডেঙ্গুতে আটজনের মৃত্যু এবং নতুন করে ১ হাজার ৭৩৩ জনের হাসপাতালে ভর্তি হওয়া প্রমাণ করে, দুটি সংক্রামক রোগই এখন সাধারণ মৌসুমি অসুস্থতার সীমা ছাড়িয়ে বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই দুই রোগের আক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল মানুষ। ফলে পরিস্থিতিকে কেবল হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন জাতীয় জনস্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য একটি বড় পরীক্ষা।

হামের ক্ষেত্রে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক, কারণ হাম এমন একটি রোগ, যার বিস্তার কার্যকর টিকাদানের মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। অথচ হামের উপসর্গ নিয়ে একদিনে আট শিশুর মৃত্যুর খবর আমাদের টিকাদান কর্মসূচির বাস্তব কার্যকারিতা, শিশুদের টিকার আওতা এবং প্রত্যন্ত ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০ জনে পৌঁছেছে বলে যে তথ্য সামনে এসেছে, তা নিছক একটি পরিসংখ্যান নয়। প্রতিটি মৃত্যুর পেছনে একটি পরিবার, একটি শিশুর জীবন এবং একটি অপূরণীয় ক্ষতি রয়েছে। বিশেষ করে শিশুদের মৃত্যুর এমন চিত্র কোনো সুস্থ জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না।

হামের ক্ষেত্রে আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। হাম অত্যন্ত সংক্রামক রোগ। একটি এলাকায় টিকাদানের হার কমে গেলে সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই শুধু আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়াই যথেষ্ট নয়। কোন কোন এলাকায় টিকাদানের ঘাটতি রয়েছে, কোথায় শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাওয়ার প্রবণতা বেশি, কেন অভিভাবকেরা টিকা নিতে পারছেন না বা নিচ্ছেন না, এসব প্রশ্নের উত্তর খুঁজে ব্যবস্থা নিতে হবে। প্রত্যন্ত অঞ্চল, বস্তি, দরিদ্র পরিবার এবং স্বাস্থ্যসেবা থেকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর শিশুদের জন্য বিশেষ টিকাদান অভিযান প্রয়োজন হলে তা দ্রুত পরিচালনা করতে হবে। একই সঙ্গে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন, প্রয়োজনীয় চিকিৎসা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারি জোরদার করা জরুরি।

অন্যদিকে ডেঙ্গুর পরিস্থিতিও ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু এবং ১ হাজার ৭৩৩ জনের নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পরিস্থিতির গভীরতা স্পষ্ট করে। আক্রান্তদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেটসহ দেশের প্রায় সব অঞ্চল রয়েছে। অর্থাৎ ডেঙ্গু আর কেবল রাজধানী বা কয়েকটি বড় শহরের সমস্যা নয়। চলতি বছরে ডেঙ্গুতে ১৫৭ জনের মৃত্যু এবং ৫৩ হাজার ৫৭০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দেখাচ্ছে, রোগটি জাতীয় পর্যায়ে বিস্তার লাভ করেছে। ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের ব্যর্থতার জায়গাগুলো বহুদিনের। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত ও বৈজ্ঞানিক কার্যক্রমের পরিবর্তে অনেক সময় দৃশ্যমান অভিযান, ওষুধ ছিটানো এবং প্রচারনির্ভর কর্মসূচিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, নিয়মিত নজরদারি চালানো এবং স্থানীয় পর্যায়ে নাগরিকদের সম্পৃক্ত করা। নির্মাণাধীন ভবন, ছাদ, পরিত্যক্ত পাত্র, ড্রেন, জমে থাকা পানি এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণে সৃষ্ট অসংখ্য জলাধার এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করে। শুধু সিটি করপোরেশনের কর্মীদের ওপর দায়িত্ব চাপিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয়।

এখানে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন এলাকায় রোগীর সংখ্যা বাড়ছে, কোথায় মশার ঘনত্ব বেশি, কোন ওয়ার্ডে প্রজননস্থল বেশি এবং কোথায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, এসব তথ্য নিয়মিত বিশ্লেষণ করে স্থানীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত শয্যা, পরীক্ষার সুযোগ, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের ব্যবস্থা রাখতে হবে। রোগীর সংখ্যা যখন দ্রুত বাড়ে, তখন হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং চিকিৎসাব্যবস্থার ওপরও ঝুঁকি বাড়ে। হাম ও ডেঙ্গুর প্রকৃতি ভিন্ন হলেও সাম্প্রতিক সংকটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই প্রতিরোধমূলক জনস্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম প্রতিরোধে টিকাদান এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিয়ন্ত্রণ ও পরিবেশ ব্যবস্থাপনা অপরিহার্য। অথচ আমাদের স্বাস্থ্যব্যবস্থা অনেক সময় রোগ ছড়িয়ে পড়ার পর চিকিৎসা ব্যবস্থাপনায় বেশি মনোযোগ দেয়। ফলে প্রতিরোধের জায়গাটি দুর্বল থেকে যায়। একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থার মূল শক্তি হওয়া উচিত রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করা এবং সংক্রমণ প্রতিরোধ করা।