অনেক আশঙ্কা ও জল্পনার মধ্যে অবশেষে বহুলপ্রত্যাশিত নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এর অনেক আগে থেকেই দেশে উৎসবমুখর নির্বাচনী আমেজ ও প্রচারণা শুরু হয়েছিল। এর মধ্যেও এক ধরনের অনিশ্চয়তাসহ নানা ধরনের গুজবের ডালপালা বিস্তার করে আছে। দেশে আদৌ নির্বাচন হবে কিনা, এখনো কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন। বিশেষত পতিত স্বৈরাচারের দোসররা এমনটাই চায়। তারা দেশের পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত ও ঘোলা করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করে ফায়দা লুটতে চায়। তারা মূলত নির্বাচন বানচালের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ও সংস্কার পরিকল্পনাগুলো নস্যাৎ করতে চায়। নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলার পর নির্বিঘেœ পালিয়ে যাওয়া জাতির জন্য এক অশনিসংকেত। সেসব হুমকি ও অনিশ্চয়তার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কণ্ঠ থেকে এক বলিষ্ঠ ও সুস্পষ্ট আশার বাণি শুনতে পেলো জাতি। ১৬ ডিসেম্বর মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, এবারের গণভোট ও জাতীয় নির্বাচন দেশরক্ষার নির্বাচন। বিদেশে বসে ও পর্দার অন্তরালে থাকা গণতন্ত্রের শত্রুদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভয় দেখিয়ে গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা থামানো যাবে না। তিনি বলেছেন, পরাজিত ও পলাতক শক্তিকে দেশে ফিরতে দেয়া হবে না। তার এই বক্তব্য জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের জনগণের নিরঙ্কুশ জনমতের প্রতিফলন ঘটেছে। এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টার এমন শাণিত বক্তব্য জাতিকে আশান্বিত ও অনুপ্রাণিত করেছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাঁর ভাষণে আরো বলেছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের পথরেখা নির্ধারণে এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি স্মরণ করিয়ে দেন, এই ভোটের উপর নির্ভর করছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ। ভাষণে তিনি আমাদের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ইতিহাসের একটি প্রজ্ঞাপূর্ণ বিবরণ তুলে ধরেছেন। একদিকে জুলাই যোদ্ধাদের অতুলনীয়-অবিস্মরণীয় অবদানের চিত্র, অন্যদিকে বেগম খালেদা জিয়াকে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ বলে মত দিয়েছেন। তার এই মতের সাথে কারো দ্বিমত থাকার কারণ নেই। কিন্তু চলমান রাজনীতি এবং নির্বাচনকে ঘিরে পলাতক ফ্যাসিস্ট ও তার দোসররা যেমন সক্রিয় অপতৎপরতা চালাচ্ছে, একইভাবে কিছু প্রবাসী ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টও নানাভাবে বিভক্তির বীজ বপন করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টার্গেট করে এই চক্রের অপপ্রচারে দীর্ঘদিন ধরে জাতি বিভ্রান্ত হচ্ছে। নির্বাচনের আগে তার দেশে ফেরা নিয়ে বিভ্রান্তি বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও হতাশা ছড়িয়েছে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার আশাপ্রদ ও দিকনির্দেশনামূলক ভাষণ যেমন জাতিকে আশান্বিত করেছে, একইভাবে সব জল্পনা-কল্পনার ডালপালা এক ফুৎকারে উড়িয়ে দিয়ে তারেক রহমানও দৃঢ়তার সাথে তার দেশে ফেরার দিন তারিখ ঘোষণা দিয়েছেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন, ইনশাআল্লাহ।

শুধু পলাতক স্বৈরাচারের দোসর, গণতন্ত্র ও রাষ্ট্রবিরোধী শক্তিই নয়, সরকারের অভ্যন্তরে থাকা কতিপয় উপদেষ্টার ‘হানিমুন পিরিয়ড’ মানসিকতাও নির্বাচনের পথে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। তারা যেকোনো উপায়ে নির্বাচন বানচাল বা পিছিয়ে দিয়ে ক্ষমতা ভোগের সময় বর্ধিত করতে চায়, এমন অভিযোগ রয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা জাতিকে একটি বিশ্বমানের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন উপহার দিয়ে জাতির ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হওয়ার সুযোগ ও চ্যালেঞ্জ গ্রহণ করতে চান। তাঁর এই প্রত্যাশা ও চ্যালেঞ্জ শুধু সরকার বা নির্বাচন কমিশনের নয়, পুরো জাতির। জুলাই অভ্যুত্থানের সব অংশীজন এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র, অপপ্রচার ও অপতৎপরতা ব্যর্থ করে দিয়ে এই সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে।

তারেক রহমান নিশ্চিত করেছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। ওসমান হাদির উপর হামলার পর বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, পতিত স্বৈরাচারের মাস্টারপ্ল্যানে অন্তত ৫০ জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও প্রার্থীকে টার্গেট করা হয়েছে। এহেন বাস্তবতায় নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা ব্যর্থ করে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের অংশীজন অন্যান্য দলের নেতৃবৃন্দও বার বার জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে এসেছেন। সার্বিক বিচারে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অতি গুরুত্বপূর্ণ। এ সময়ে একদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যায় আছেন, অন্যদিকে আততায়ীর গুলিতে মুমূর্ষু অবস্থায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দুই প্রজন্মের এই দুই মহারথি পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের শিকার। তারা চলমান বাংলাদেশের প্রতিনিধি। তাদের ঘিরে কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশা ঘুরপাক খাচ্ছে। সেই প্রত্যাশার হাওয়ায় নতুন সম্ভাবনা হয়ে ১৭ বছর পর দেশে ফিরে আসছেন তারেক রহমান। কোনো রাজনৈতিক বিরোধ-বিভ্রান্তি, বিতর্কিত ন্যারেটিভ ও অপপ্রচার যেন জুলাই অভ্যুত্থানের জাতীয় ঐক্য ও নির্বাচনের গণতান্ত্রিক রোডম্যাপকে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত করতে না পারে; সেদিকে সব পক্ষকে সচেতন ও সজাগ থাকতে হবে। হুমকি ও ষড়যন্ত্র মোকাবেলা করেই গণতন্ত্রের নতুন সূর্যের উদয় নিশ্চিত করতে হবে।