আমি জার্নাল অব কনট্রোভার্সিয়াল আইডিয়াজের একজন সহসম্পাদক। এটি উন্মুক্ত প্রবেশাধিকার (ওপেন অ্যাকসেস) ও পিয়ার-রিভিউভিত্তিক একটি সাময়িকী। পাঁচ বছর আগে আমার সহসম্পাদকদের সঙ্গে মিলে আমরা সাময়িকীটি চালু করি। এর উদ্দেশ্য ছিল মানবিক ও সামাজিক বিজ্ঞানের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা গ্রহণযোগ্য, তার ক্রমসংকুচিত পরিসরকে প্রসারিত করা। কোনো প্রবন্ধের বিষয়বস্তু অতিসংবেদনশীল হলেও যুক্তি যদি সুসংহত হয় তবে সেটাকে প্রকাশ করা হয় আমাদের সাময়িকীতে। এমনকি কোনো লেখক বিতর্কিত মত প্রকাশের কারণে নিজের পেশাগত জীবনের ক্ষতি, ব্যক্তিগত আক্রমণ কিংবা প্রাণনাশের হুমকির আশঙ্কা করলে তাকে ছদ্মনামে লেখার সুযোগ দিই।
অন্যান্য অনেক একাডেমিক সাময়িকীর মতো আমরাও এখন এমন প্রবন্ধ পাচ্ছি, যেগুলো উল্লেখযোগ্য পরিমাণে অথবা সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আরো সুনির্দিষ্টভাবে বললে বৃহৎ ভাষা মডেলের (এলএলএম) সাহায্যে লেখা। আমরা প্যানগ্রাম নামের একটি বাণিজ্যিক এআই শনাক্তকরণ সফটওয়্যার ব্যবহার শুরু করেছি। ব্রায়ান জাবারিয়ান ও অ্যালেক্স ইমাসের ২০২৫ সালের একটি গবেষণায় ১ হাজার ৯৯২টি মানুষের লেখা অনুচ্ছেদের সঙ্গে সেগুলোর অনুরূপ এআই-উৎপাদিত অনুচ্ছেদের তুলনামূলক পরীক্ষা করা হয়। সংবাদ, ব্লগ, ভোক্তা পর্যালোচনা, উপন্যাস, রেস্তোরাঁর পর্যালোচনা ও জীবনবৃত্তান্ত—এ ছয় ধরনের লেখা থেকে নমুনাগুলো নেয়া হয়েছিল।
গবেষকদের প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি থেকে দীর্ঘ আকারের লেখার ক্ষেত্রে আমাদের সাময়িকীতে জমা পড়া সব প্রবন্ধই এআই দিয়ে লেখা। এক্ষেত্রে উল্লেখ্য যে প্যানগ্রামের ভুল শনাক্তকরণ ও শনাক্ত করতে ব্যর্থ হওয়ার হার ছিল ‘কার্যত শূন্য’। অর্থাৎ মানুষের লেখা প্রায় কোনো লেখাকেই এটি এআই-জেনারেটেড বলে শনাক্ত করেনি। একইভাবে এআই দিয়ে তৈরি প্রায় কোনো লেখাকে মানুষের লেখা বলে ভুল করেনি। এমনকি এআইয়ের তৈরি লেখার কৃত্রিম বুদ্ধিমত্তার ছাপ মুছে ফেলার দাবি করা ‘হিউম্যানাইজার’ অপশন দিয়ে সেগুলো পুনর্লিখন করার পরও প্যানগ্রাম প্রায় সব দীর্ঘ এআই-জেনারেটেড লেখাকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে।
স্বীকার করতেই হবে, গবেষণায় পরীক্ষিত লেখাগুলোর কোনোটিই একাডেমিক প্রবন্ধ ছিল না। তবে গবেষণার ফলাফল একাডেমিক লেখার ক্ষেত্রেও কেন প্রযোজ্য হবে না, তা বলা কঠিন। যদিও বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন।
এআইয়ের সক্ষমতা খুব দ্রুত বাড়ছে। তবে জাবারিয়ান ও ইমাসের গবেষণার ফলাফল এখনো সঠিক ধরে নিলে আমাদের সামনে আরো একটি প্রশ্ন আসে: এ ধরনের প্রবন্ধ নিয়ে আমাদের কী করা উচিত? একাডেমিক সাময়িকীর মানদণ্ড নির্ধারণে যুক্ত প্রতিষ্ঠান ও প্রকাশকদের মধ্যে এ প্রশ্নের উত্তর এখন অনেকটাই চূড়ান্ত বলে বিবেচিত: এআই কোনোভাবেই সহলেখক হতে পারে না।
আমার সহসম্পাদক ও আমি যেহেতু দার্শনিক, তাই বহুল স্বীকৃত ধারণাগুলোকে প্রশ্নের মুখে ফেলাই আমাদের চিন্তাচর্চার অন্যতম ভিত্তি। সে কারণেই আমরা আলোচনা শুরু করেছি—একাডেমিক সাময়িকীগুলোর এআই দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে তৈরি প্রবন্ধ প্রকাশ না করার সিদ্ধান্তটি আদৌ যুক্তিসংগত কিনা।
এ বিষয়ে আমার নিজস্ব একটি মতামত রয়েছে, যা বর্তমানে সহসম্পাদকদের সঙ্গে আলোচনা করছি। তবে শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। আমাদের সাময়িকীতে মূলত দর্শনের পাশাপাশি মানবিক ও সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিষয়ের প্রবন্ধ প্রকাশিত হয়। তাই আমি এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে বিষয়টি কীভাবে প্রযোজ্য, তা নিয়েই আলোচনা করছি। অন্য বিষয়ের গবেষক ও ভিন্ন ধরনের প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের ক্ষেত্রে আমার মতামত কতটা প্রাসঙ্গিক, তা বিবেচনা করতে পারেন।
আমার মতে, পিয়ার-রিভিউভিত্তিক একাডেমিক সাময়িকীর উদ্দেশ্য হলো কোনো নির্দিষ্ট বিষয়ে পরিচালিত সেরা গবেষণাকর্ম প্রকাশের মাধ্যমে জ্ঞান ও বোধের অগ্রগতি ঘটানো। এ লক্ষ্যেই আমরা পর্যালোচকদের দায়িত্ব দিই এমন প্রবন্ধ বাদ দেয়ার, যেগুলোর ভাষা দুর্বল, বক্তব্য যথেষ্ট সুনির্দিষ্ট নয়, নতুন ও গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা ধারণা তুলে ধরে না, যুক্তি দুর্বল, প্রমাণ প্রশ্নবিদ্ধ, প্রাসঙ্গিক আপত্তি উপেক্ষা করে অথবা সেগুলোর যথাযথ জবাব দিতে ব্যর্থ হয় কিংবা যেসব অবস্থানের বিরোধিতা করা হচ্ছে, সেগুলোকে ভুলভাবে উপস্থাপন করে।
এভাবে আমরা এমন প্রবন্ধ প্রকাশের চেষ্টা করি, যেগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জ্ঞান ও বোধের অগ্রগতি ঘটাবে। ফলে সেগুলো বাছাই ও প্রকাশ করতে আমাদের যে সময় ব্যয় হয় এবং পাঠকদের পড়তে যে সময় লাগে, তার যথার্থতা থাকবে।
যদি সেটিই আমাদের লক্ষ্য হয় তাহলে এআই দিয়ে তৈরি একটি প্রবন্ধ যদি উল্লিখিত সব মানদণ্ড পূরণ করে, তাহলে সেটি প্রত্যাখ্যান করার কারণ কী?
স্পষ্টতই, কেউ যদি এআই দিয়ে তৈরি কোনো প্রবন্ধ নিজের লেখা বলে দাবি করেন, তাহলে তিনি নিজের অবদান সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন। কিন্তু এটি এআই দিয়ে তৈরি প্রবন্ধের উৎস বা প্রক্রিয়া গোপন রেখে প্রকাশ করার বিরুদ্ধে আপত্তি; প্রবন্ধটি প্রকাশের বিরোধিতা নয়।
অবদানকারীদের কাছে প্রবন্ধ তৈরিতে তাদের ভূমিকা জানতে চাওয়ার মাধ্যমে এ আপত্তির সমাধান করা সম্ভব। তারা কয়েকটি বিকল্পের মধ্য থেকে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে পারেন: লেখক; অন্য মানুষ বা এআইয়ের সঙ্গে যৌথ লেখক; প্রম্পটদাতা—যেখানে নির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে এআই প্রবন্ধটি তৈরি করেছে; অথবা সংশ্লিষ্ট প্রতিনিধি—যেখানে মানুষের ভূমিকা কেবল প্রবন্ধটি জমা দেয়া এবং প্রয়োজনীয় সংশোধন নিয়ে সম্পাদকের সঙ্গে যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল।
এরপর সম্পাদকরা যাচাই করতে পারবেন, ঘোষিত মানবিক ভূমিকার সঙ্গে প্রাপ্ত তথ্যপ্রমাণের সামঞ্জস্য রয়েছে কিনা। বর্তমানে এ কাজের জন্য প্যানগ্রামের মতো সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। প্রবন্ধটি গৃহীত হলে অবদানকারীর ভূমিকা এবং শনাক্তকরণ সফটওয়্যারের দেয়া এআই-উৎপাদনের সম্ভাব্য পরিমাণের হিসাব প্রবন্ধের সঙ্গে প্রকাশ করা হবে।
তবে এ পদ্ধতি কার্যকর থাকবে কেবল তত দিন, যত দিন সেরা এআই শনাক্তকরণ সফটওয়্যার সেরা এআই হিউম্যানাইজারের চেয়ে এগিয়ে থাকবে। হয়তো একটি প্রবন্ধ বারবার পুনর্লিখন করলে সেটি শনাক্ত হওয়ার ঝুঁকি কমবে। অথবা একই প্রবন্ধের একাধিক ভিন্ন সংস্করণ জমা দিলে অন্তত শনাক্তকরণ এড়িয়ে যেতে পারে। দুর্ভাগ্যজনকভাবে, এআই দিয়ে তৈরি প্রবন্ধ শনাক্তকরণ এড়ানোর উদ্দেশ্যে পুনর্লিখন যদি লাভজনক ব্যবসায় পরিণত হয়, তাহলে আমরা এমন এক প্রযুক্তিগত প্রতিযোগিতার মুখোমুখি হব, যেখানে বেশি আর্থিক সামর্থ্যসম্পন্ন ব্যক্তিরাই সুবিধাজনক অবস্থানে থাকবেন।
কিন্তু এআই দিয়ে তৈরি প্রবন্ধ সরাসরি প্রত্যাখ্যান করার বর্তমান মানদণ্ডও একই সমস্যার মুখোমুখি। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর ফলে জ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম এআই-জেনারেটেড প্রবন্ধ প্রকাশের সুযোগ হারাতে হচ্ছে। এআইয়ের সক্ষমতা যত বাড়বে, এ ক্ষতির পরিমাণও তত বাড়বে।
আমার মতের বিরোধিতা করার পেছনে হয়তো যথার্থ কারণ রয়েছে। থাকলে সেগুলো জানতে আমি আগ্রহী। তবে আমার ধারণা, এ মতের বিরুদ্ধে প্রতিরোধের পেছনে আবেগেরও ভূমিকা রয়েছে। এর শেকড় হয়তো মানুষের সেই দীর্ঘস্থায়ী অহংবোধে নিহিত, যা একসময় মানুষকে বিশ্বাস করিয়েছিল যে মহাবিশ্বের কেন্দ্র আমাদের পৃথিবী। একই অহংবোধ মানুষকে দীর্ঘদিন মেনে নিতে দেয়নি যে মানুষের বিবর্তন ঘটেছে অন্য প্রাণী থেকে।
[স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট-২০২৬ ]
পিটার সিঙ্গার : ইমেরিটাস অধ্যাপক, বায়োএথিকস বিভাগ
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
