শিশু ধর্ষণের ঘটনা থেমে নেই। সমাজে পরিবার আছে, আইন-আদালত আছে, সরকার আছে, আছে ধর্মচর্চাও। তারপরও শিশু ধর্ষণের মত নিকৃষ্ট কাজ চলছে কেমন করে? কাগুজে বক্তব্য ও আচরণ দিয়ে যে এই অপকর্মের নিয়ন্ত্রণ সম্ভব নয়, তা প্রমাণ হয়ে গেছে। বিষয়টি নিয়ে গভীর গবেষণা প্রয়োজন, প্রয়োজন আপন অবস্থান থেকে সঙ্গত দায়িত্ব পালন। এর অভাবে লক্ষ্য করা যাচ্ছে মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার মন্দ উদাহরণও লক্ষ্য করা যাচ্ছে। পাবনায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী মোস্তফা প্রামাণিকের বাড়ি ধ্বংস করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গত শুক্রবার জুমার নামাযের পর জেলা সদর উপজেলার কুলোনিয়া গ্রামে প্রায় চার ঘণ্টা ধরে বাড়িটিতে ভাঙচুর চালানো হয়। দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙার পাশাপাশি বড় হাতুড়ি দিয়ে ভবনের দেওয়াল ও ছাদে আঘাত করা হয়। এতে বাড়িটির বড় একটি অংশ ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, জুমার পর গ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ মোস্তফার বাড়ির সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা ভবনটিতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। প্রায় চারঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দোতলা বাড়িটি কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তবে গ্রামবাসীর তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া সম্ভব হয় নি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশসূত্রে জানা গেছে, কলি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে দেওয়া হয়েছে। গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক (৫৫) ও তার বাড়ির ভাড়াটিয়া ইয়াছিন আলীকে (২১) পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ৯ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় কলি। এরপর বাড়ির প্রায় ২০০ গজ দূরে তার স্যান্ডেল পাওয়া যায়। নিখোঁজের পরদিন শিশুটির বাবা থানায় জিডি করেন। পরে বাড়িটির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। মোস্তফা ও ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, মোস্তফা মুদি দোকানি। শিশুটি তার দোকানে গেলে তিনি ওর ছবি মোবাইলে তুলে রাখতেন। ৯ সেপ্টেম্বর কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে মোস্তফা ও ইয়াছিন ধর্ষণ করে। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য, হত্যার পর লাশ বস্তায় ভরে প্রথমে খাটের নিচে রাখা হয়। পরে ডোবায় ফেলে দেওয়া হয়। ময়না তদন্তে ধর্ষণ ও হত্যার আলামত পাওয়ার কথা জানিয়েছেন পুলিশ। দু’জনই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, মোস্তফা অতীতে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীদের সাথে চলাফেরা করতেন। এদিকে হিউম্যান রাইটস অ্যান্ড ডিফেন্ডার-পাবনা জেলা শাখার সদস্য সচিব আব্দুর রব মন্টু বলেন, আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা থেকেই মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছে। এই প্রবণতা উদ্বেগজনক। কলি হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বিচার ও শাস্তির দাবি খুবই স্বাভাবিক ও সঙ্গত বিষয়। অপরাধীর বিচার না হলে তো সমাজ আর মানুষের বসবাসযোগ্য থাকবে না। সমাজ ক্রমেই মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। নিশ্চয় এর কারণ আছে। তবে প্রশ্ন হলো, কারণ সম্পর্কে সংশ্লিষ্ট সবাই কি সচেতন আছেন এবং সঙ্গত দায়িত্ব পালন করছেন? আমি এখানে সরকার, প্রশাসন, নাগরিক ও পরিবারের কথা বলছি। সমাজের সবাই কি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন? ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধে আমরা কতটা সক্রিয়া আছি? অবশ্য দুঃখজনক ও মর্মান্তিক কোনো ঘটনা ঘটে যাওয়ার পর এ সমাজে ক্ষোভ, শোক ও কথামালার কোনো অভাব হয় না। কাগুজে এমন তৎপরতায় আসলে আমাদের দৈন্যই প্রকাশ পায়। ব্যক্তি মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা নিজেদের দায় অস্বীকার করতে পারি না। মানুষ তো বান্দা হবে। বান্দা তো তার দায় ও দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। বরং জবাবদিহিতার চেতনায় বান্দা সব অন্যায়, অশ্লীলতা ও জুলুমের বিরুদ্ধে থাকে শানিত ও সোচ্চার। এমন চরিত্রের আজ বড়ই অভাব। অবয়বের মানুষের মধ্যে অনেকের পরিচয় মুসলিম হলেও বান্দা হয়েছেন কতজন? সংকটটা আসলে এখানেই।
