তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। রপ্তানি আয়, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। অথচ এ শিল্পের মূল চালিকাশক্তি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রশ্নে বারবার অনিশ্চয়তা ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আকস্মিকভাবে স্থগিত করার ঘটনা সে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। সোমবার সকাল ১১টায় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা। এর আগে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষের প্রস্তাব জমা পড়ার পর দু’পক্ষের মধ্যে মূল আলোচনা ও দরকষাকষি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সভা শুরুর মাত্র দুই-তিন ঘণ্টা আগে মজুরি বোর্ডের সচিবের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে’ সভাটি স্থগিত করা হয়েছে। কার আদেশে এবং কী কারণে সভা স্থগিত করা হলো, তা আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হয় নি।

ঘটনার পর বিভিন্ন পক্ষের বক্তব্যে স্থগিতের পেছনে একাধিক কারণের কথা উঠে এসেছে। মালিকপক্ষের প্রতিনিধি জানিয়েছেন, তাঁরা সভায় প্রস্তাব জমা দিতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এবং সভা স্থগিতের বিষয়ে তাঁদের কোনো ভূমিকা ছিল না। অন্যদিকে শ্রমিক প্রতিনিধি জানিয়েছেন, বোর্ডের চেয়ারম্যান তাঁকে ফোন করে স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কথা বলেছেন। পরবর্তী সময়ে প্রকাশিত তথ্যে জানা যায়, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত সভা স্থগিতের পেছনে ভূমিকা রেখেছে। অর্থাৎ, বিষয়টি কেবল একজন সদস্যের অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ ছিল না।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, মালিকপক্ষ গত সপ্তাহেই তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছে। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা সাধারণ মালিকদের মতামতও নিয়েছেন। মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার টাকার আশপাশে হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। প্রয়োজনে দরকষাকষির জন্য বিকল্প প্রস্তাবও প্রস্তুত রাখা হয়েছে। তবে কয়েকজন শিল্পমালিক আশঙ্কা প্রকাশ করেছেন, এ প্রস্তাব জমা দিলে শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে। সে কারণে পরিস্থিতির উন্নতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগে প্রস্তাব জমা না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে। মালিকপক্ষের একটি প্রস্তাবের সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কায় মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করতে হবে কেন? শ্রমিকদের দাবি ও মালিকদের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকাটাই স্বাভাবিক। সে ব্যবধান দূর করার জন্যই তো মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আলোচনা, যুক্তি ও দরকষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো বোর্ডের দায়িত্ব। কোনো পক্ষের প্রস্তাবের সম্ভাব্য প্রতিক্রিয়া সামলানোর দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু সে আশঙ্কায় আলোচনার প্রক্রিয়াই বন্ধ করে দেওয়া সমাধান হতে পারে না। রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হলে উৎপাদন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু শ্রমিকদের অসন্তোষের পেছনে যে অর্থনৈতিক বাস্তবতা রয়েছে, সেটিও উপলব্ধি করা জরুরি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয়ের চাপে পোশাকশ্রমিকদের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বর্তমান মজুরিতে অনেক শ্রমিকের পক্ষেই নিজের ও পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। যে শ্রমিকদের শ্রমে দেশের রপ্তানি আয় বাড়ছে, তাঁদের জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করা না গেলে শিল্পের প্রবৃদ্ধি কতটা অন্তর্ভুক্তিমূলক, সে প্রশ্ন থেকেই যায়।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, জ্বালানি ও বিদ্যুতের মূল্য, ব্যাংকঋণের সুদ এবং ক্রেতাদের কাছ থেকে পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার মতো সমস্যাও মালিকদের বিবেচনায় নিতে হবে। তবে এসব সংকটের পুরো দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। উৎপাদনশীলতা, ব্যবস্থাপনার দক্ষতা, অপচয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দরকষাকষির সক্ষমতার বিষয়গুলোও আলোচনায় আসা উচিত। শিল্পের টেকসই উন্নয়নের জন্য মালিকের ব্যবসায়িক সক্ষমতা ও শ্রমিকের ন্যায্য মজুরি, উভয়ই নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মজুরি বোর্ড গঠন করে সরকার যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে, তা রাজনৈতিক পরিস্থিতি কিংবা কোনো পক্ষের চাপের কারণে বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা কেবল উৎপাদন ও রপ্তানির ওপর নির্ভর করে না; এর সঙ্গে শ্রমিক-মালিক আস্থা ও পারস্পরিক সহযোগিতাও জড়িত। শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে কিংবা তাঁদের অসন্তোষকে কেবল নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দীর্ঘমেয়াদে এ শিল্পের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়। শ্রমিকেরা তাঁদের শ্রমের ন্যায্য মূল্য চান। এ দাবিকে রাজনৈতিক অস্থিরতার অজুহাতে পিছিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করাই সরকারের দায়িত্ব। মজুরি নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অবিশ্বাস ও অসন্তোষ বাড়বে, যার ক্ষতি শেষ পর্যন্ত শ্রমিক, মালিক এবং জাতীয় অর্থনীতি, সবারই বহন করতে হবে।