২০৩৪ মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিকি এফডিআই সম্মেলন-২০২৬ এ এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়ন, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, দ্রুত বিরোধ নি®পত্তি, কর-ভ্যাট প্রশাসন সহজীকরণ ও মুনাফা দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার। পাশাপাশি পুঁজিবাজার শক্তিশালী করা, স্টার্টআপে উৎসাহ দেওয়া, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতে বিশেষ প্রণোদনা দেয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন অঙ্গীকার স্বপ্নের মতো মনে হলেও আমরা আশাবাদী। পাশাপাশি আমাদের এটাও স্মরণে রাখতে হবে, এই স্বপ্নের অর্থনীতির সোপানে উঠতে যে ধরনের পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন দরকার, তা করতে না পারলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
দেশের অর্থনীতি এখন খুবই মন্থর, এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে ইতিহাসের বৃহত্তম বাজেট (প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা) ঘোষণা করেছে। এই বাজেট যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে অর্থনীতি গতি লাভ করবে। সমস্যা হয়ে দাঁড়ায় বাজেট ঘোষণা করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয় না। ঘাটতি থেকেই যায়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাস্তবতার আলোকেই বলেছেন, বাজেট তৈরি করলেই হবে না, তার সার্থকতা ও সাফল্য নির্ভর করে বাস্তবায়নের ওপর। পাশাপাশি এ কথাও বলেছেন, চলমান অর্থনৈতিক মন্দাবস্থা কাটাতে তিন-চার বছর লাগবে।
এ থেকে বুঝতে অসুবিধা হয় না, অর্থনীতি কতটা নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতির উত্তরণে কার্যকর উদ্যোগ ও নিরলস পরিশ্রম করতে হবে। বর্তমানে দেশের জিডিপির হার ৪.১৪ শতাংশ। জিডিপির আকার ৫০১ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ৮ বছরের মধ্যে জিডিপির আকার ১ ট্রিলিয়নে উন্নীত করতে হলে এর আকার দ্বিগুণ হতে হবে। এটা সহজ কোনো কাজ নয়। তবে যথাযথ উদ্যোগ ও পরিকল্পনা নিলে তা অর্জন অসম্ভব নয়। এজন্য, বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ, ব্যবসাবান্ধব নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখব, উল্লেখিত সুবিধাগুলোর অনেকগুলোরই অপর্যাপ্ততা রয়েছে। গ্যাস-বিদ্যুতের অভাবে শিল্পকারখানার উৎপাদন কমেছে।
রফতানিবাণিজ্য কমেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাক রফতানির হার কমেছে। আবাসন খাত বিপর্যস্ত অবস্থায় রয়েছে। মানুষের আয় কমে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই হচ্ছে। কর্মসংস্থানের অভাবে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। মানুষের যাতায়াত ও পণ্য সরবারাহের জন্য যে যোগাযোগ ব্যবস্থা, তা দিন দিন নাজুক হয়ে পড়ছে। সড়ক-মহাসড়কগুলো বেহালদশায় উপনীত হয়েছে। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদন থেকে জানা যায়, অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গায় ভেঙেচুরে খানাখন্দে পরিণত হয়েছে। এতে যানজট লেগে মানুষের যাতায়াত ও রফতানি পণ্য পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ছে। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির যে স্বপ্ন দেখা হচ্ছে, তা অধরা থেকে যাবে।
ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো আমাদের দেশের জন্য অনেক বড় বিষয়। এটা অসম্ভব কিছু নয়। এর জন্য প্রয়োজন অর্থনীতির সবখাতকে গতিশীল করা। ব্যবসা-বাণিজ্য, উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি করা। নতুন নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠা করা এবং উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করা। দেশি-বিদেশি বিনিয়োগকারিদের বিনিয়োগের আহ্বানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদের বিনিয়োগ সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের লক্ষ্য একটি নিয়মভিত্তিক, বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত এবং বেসরকারি খাতের নেতৃত্বে পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। আমরা কেবল বিনিয়োগের আহ্বান জানাচ্ছি না, এই রূপকল্প বাস্তবায়নে বিশ্বস্ত অংশীদার হওয়ার আহ্বান জানাই। আমরা আশা করি, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছতে প্রধানমন্ত্রী যে সম্ভাবনা এবং পদক্ষেপের কথা বলেছেন, তা বাস্তবায়নে সরকারের সকল মন্ত্রণালয় ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করবে। যার যে দায়িত্ব, তা যথাযথভাবে পালন করলে ভঙুর অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে নিয়ে যাওয়া অসম্ভব কিছু নয়।
